বিগত উপজেলা নির্বাচনে প্রতীক নিয়ে অংশ নিয়েছিলেন প্রার্থীরা। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা প্রতীক নিয়ে নির্বাচন করলেও বিএনপিসহ অন্যান্য দলের প্রতীক ও প্রার্থী ছিল না। তবে জাতীয় পার্টিসহ কয়েকটি দলের প্রার্থীরা কোথাও কোথাও প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। নির্বাচনে দেখা গেছে; সরকার দলের প্রার্থীরা একচেটিয়া জয়লাভ করেছেন। এবারের নির্বাচনে আর প্রতীক থাকছে না। প্রতীক নিয়ে গত নির্বাচনের বিজয়ীরাই এবার বলছেন; প্রতীক ছাড়া নির্বাচনে সুবিধা হবে। নির্বাচনে দলমত নির্বিশেষে সকল ভোটারের সমর্থন থাকবে। বাড়বে প্রার্থী সংখ্যাও। প্রতীক হলে একাংশের ভোটাররা অনুপস্থিত থাকেন। এ ছাড়া স্থানীয় নির্বাচনে প্রতীক হলে জাতীয় নির্বাচন অর্থবহ হয় না বলে মনে করছেন কেউ কেউ। এদিকে, নির্বাচন কমিশন ইতিমধ্যে সিলেটের ৩৯টি উপজেলার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ৪ঠা মে থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ২৫শে মে চতুর্থবারের ভোটগ্রহণের মধ্যদিয়ে শেষ হবে নির্বাচন। নির্বাচন কমিশনের তরফ থেকে প্রার্থী ঘোষণার পরপরই সিলেটে উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে।
ইতিমধ্যে প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন। প্রার্থীদের নিয়ে আলোচনাও শুরু হয়েছে। তবে এবার প্রতীক না থাকায় সুবিধা হবে বলে জানিয়েছে সরকার দলের প্রার্থীরা। সিলেট সদর উপজেলা পরিষদের একাধিকবারের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ মানবজমিনকে জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না থাকা-ই ভালো। প্রতীক না থাকলে নির্বাচনে জনগণের সম্পৃক্ততা বাড়বে। প্রার্থীও বেশি। আবার প্রার্থী পছন্দের হওয়ার পরও অনেকে প্রতীকের কারণে ভোট দিতে পারেন না। ফলে এবার আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সবার জন্য ভালো। জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা লোকমান আহমদ চৌধুরীর মতে, স্থানীয় নির্বাচনে প্রতীক থাকলে জাতীয় নির্বাচন অর্থবহ হয় না। সুতরাং স্থানীয় নির্বাচনগুলোতে প্রতীক না থাকা-ই ভালো। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ বলেন, জনগণও প্রতীক চায় না। প্রতীক ছাড়া নির্বাচন হলে দলমত নির্বিশেষে ভোটাররা এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। এতে করে প্রার্থীদের নিজেদের শক্তিমত্তারও প্রমাণ পাওয়া যাবে না। এ ছাড়া; প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে বলে জানান তিনি।
প্রার্থীরা মাঠে: সিলেট সদর উপজেলা পরিষদের তিন বারের চেয়ারম্যান আশফাক আহমদ। এবার তিনি প্রার্থী হচ্ছেন না বলে জানিয়েছেন। এ উপজেলায় অধ্যক্ষ সুজাত আলী রফিক, নুরে আলম সিরাজী, ব্যবসায়ী আব্দুল আহাদ প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। বিশ্বনাথ উপজেলার সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন; বর্তমান চেয়ারম্যান এসএম নুনু মিয়া, আলতাব হোসেন, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, প্রবাসী মোহাম্মদ আলী মজনু, চেরাগ আলী, সামসাদুর রহমান রাহীম, জেলা পরিষদ সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মহবুব মিয়া, চেয়ারম্যান আরশ আলী গনি, কাউন্সিলর ফজর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া, স্থানীয় ব্যবসায়ী জয়নাল আহমদ মিয়া, জয়নাল আবেদীন, আব্দুল ওয়াদুদ। ফেঞ্চুগঞ্জের প্রার্থীদের মধ্যে রয়েছেন- শাহ মুজিবুর রহমান জকন, বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান নোমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জাহিদুল ইসলাম মুরাদ। দক্ষিণ সুরমা উপজেলার সম্ভাব্য প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, এডভোকেট শামীম আহমদ, বদরুল ইসলাম, সালেহ আহমদ হীরা, প্রবাসী জুয়েল আহমদ, তাজ উদ্দিন এপলু, সুলেমান হোসেন ও খায়রুল আফিয়ান চৌধুরী। গোলাপগঞ্জের প্রার্থীরাও মাঠে নেমেছেন।
এর মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী, লুৎফুর রহমান, প্রবাসী আবু সুফিয়ান উজ্জ্বল ও ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা। বিয়ানীবাজারের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, আতাউর রহমান খান, মাকসুদুল ইসলাম আউয়াল, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, জাকির হোসেন, আব্দুল বারী ও সাইফুল ইসলাম নীপু। জকিগঞ্জের বর্তমান চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী এবারো প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছেন। মাঠে সক্রিয় আছেন- সাইফুদ্দিন খালেদ, শাহীন আহমদ, শামীম আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী জাবেদ, বর্তমান মেয়র আব্দুল আহাদ, মাওলানা মুফতি আবুল হাসান। কানাইঘাটের বর্তমান চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, মোস্তাক আহমদ পলাশ, শামসুজ্জামান বাহার, আবুল খয়ের, লোকমান হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ, অধ্যাপক আব্দুর রহিম, ফয়জুল্লাহ বাহার, শাহাবউদ্দিন প্রার্থী হতে মাঠে রয়েছেন বলে জানিয়েছেন ভোটাররা।
জৈন্তাপুরের প্রার্থী তালিকায় রয়েছেন- বর্তমান চেয়ারম্যান কামাল আহমদ, এম লিয়াকত আলী, প্রবাসী আব্দুল গফ্ফার, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, এবিএম জাকারিয়া, বর্তমান চেয়ারম্যান বাহারুল ইসলাম বাহার, প্রবাসী নেতা জামাল আবু নাসের, বর্তমান ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন। গোয়াইনঘাটের বর্তমান চেয়ারম্যান ফারুক আহমদ, প্রবাসী গোলাপ মিয়া, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার সাদাত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, ফারুক আহমদ, শাহাবউদ্দিন, গোলাম কিবরিয়া রাসেল, সুভাস দাস প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন। কোম্পানীগঞ্জের প্রার্থী হতে তোড়জোড় চালাচ্ছেন দুই বারের চেয়ারম্যান শামীম আহমদ, মজির উদ্দিন, আলী আমজদ, আব্দুল ওয়াদুদ আলফু চেয়ারম্যান, আপ্তাব আলী কালা মিয়া, জাহাঙ্গীর আলম, মুক্তার হোসেন ও বর্তমান ভাইস চেয়ারম্যান লাল মিয়া।
