রিসেট

ওমানে খেলা অনিশ্চিত সিদ্দিকুর রহমানের

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

আগেও ওমানে খেলেছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। কিন্তু এবার মধ্যপ্রাচ্যের দেশটিতে ২২শে ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল সিরিজে তার খেলা অনিশ্চিত। ভিসার কারণেই ২২ কোটি টাকার এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। জানা গেছে, গত বছরের ৩১শে অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান।  নতুন এই নিয়মের কারণে ওমানে এশিয়ান ট্যুর গলফে অংশ নেওয়া অনিশ্চিত সিদ্দিকুরের। দেশসেরা এই গলফার বর্তমানে খেলছেন মালয়েশিয়ার আইআরএস প্রিমা মালয়েশিয়ান ওপেন টুর্নামেন্টে। এই প্রতিযোগিতা শেষ হলে ওমানে শুরু হবে ইন্টারন্যাশনাল সিরিজ। সেখান থেকে হতাশা নিয়ে সিদ্দিকুর বলেন, ‘ওমানের এই টুর্নামেন্টে গত বছর আমি খেলেছি। কিন্তু এবার ভিসা পেতে একটু সমস্যা হচ্ছে। এবার নাকি বাংলাদেশিদের কোনও ভিসা দিচ্ছে না। আমি অনলাইনে ভিসার আবেদনই করতে পারছি না। এশিয়ান ট্যুর কর্তৃপক্ষও চেষ্টা করছে। কিন্তু ওরাও কোনোভাবে পারেনি। এখন খেলতে পারবো কিনা জানি না। এশিয়ান ট্যুর কর্তৃপক্ষও আর কিছু করা সম্ভব না বলে আমাকে জানিয়েছে।’ এরই মধ্যে ওমানে নিজের ও ক্যাডির জন্য হোটেল বুকিং দিয়েছেন সিদ্দিকুর। বিমান টিকিটও কাটা হয়েছে। এজন্য ৪ হাজার ইউএস ডলার (প্রায় সাড়ে ৪ লাখ টাকা) খরচ হয়েছে সিদ্দিকুরের।