রিসেট

অশ্বিনের ‘৫০০’, রেকর্ডগড়া সেঞ্চুরি ডাকেটের

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

রাজকোট টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৪৪৫ রানের জবাবে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড প্রথম উইকেট হারায় দলীয় ৮৯ রানে। রবিচন্দ্রন অশ্বিনের ডেলিভারিতে ক্যাচ দেন জ্যাক ক্রলি। ইংলিশ ওপেনারের উইকেট নিয়েই রেকর্ডবুকে নাম তোলেন অশ্বিন। বনে যান টেস্টে দ্বিতীয় দ্রুততম ৫০০ উইকেট শিকারি। অশ্বিনের মাইলফলক ছোঁয়ার দিনে বোলিংয়ে সুবিধা করতে পারেনি ভারত। রেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে টেনে নেন ওপেনার বেন ডাকেট।  

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩২৬ রান তুলে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষ করে ভারত। গতকাল দ্বিতীয় দিনে ৪৪৫ রান তুলে অলআউট হয় স্বাগতিকরা। এরপর প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে দলীয় ৮৯ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। অশ্বিনের করা ১৪তম ওভারের প্রথম বল খেলতে গিয়ে রজত পাতিদারের তালুবন্দি হন ১৫ রান করা জ্যাক ক্রলি। টেস্ট ক্যারিয়ারে অশ্বিনের ৫০০তম উইকেট এটি। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে ৫০০ উইকেট পেলেন অশ্বিন। সবমিলিয়ে ৫০০ উইকেট নেয়ার ক্ষেত্রে তিনি টেস্ট ইতিহাসের ৯ম বোলার। আর ম্যাচের হিসেবে ৫০০ উইকেট নেয়ার ক্ষেত্রে অশ্বিন দ্বিতীয় দ্রুততম। ৯৮ ম্যাচ খেলেই এই মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় স্পিনার। শীর্ষে থাকা লঙ্কান লেজেন্ড মুরালিধরন ৫০০ উইকেট পেয়েছিলেন ৮৭ ম্যাচে। তিনে থাকা অনিল কুম্বলে ১০৫ ম্যাচে এই মাইলস্টোন ছুঁইয়েছিলেন। অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন ১০৮ ম্যাচে ৫০০ টেস্ট উইকেটের মালিক হয়েছিলেন। অজি পেসার গ্লেন ম্যাকগ্রার লেগেছিল ১১০ ম্যাচ। তালিকার ছয়ে থাকা অজি স্পিনার নাথান লায়নের ১২৩ ম্যাচ। যৌথভাবে সপ্তম স্থানে উইন্ডিজ কিংবদন্তি কোর্টনি ওয়ালশ এবং ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন সমান ১২৯ ম্যাচে ৫০০ টেস্ট উইকেট পেয়েছেন। তালিকার আটে থাকা ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের লেগেছে ১৪০ ম্যাচ।
টেস্টে ৫০০ উইকেট নেয়া অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ১১৪ উইকেট নেন। ইংল্যান্ডের বিপক্ষে নেন ৯৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ৭৫, নিউজিল্যান্ডের ৬৬, শ্রীলঙ্কার ৬২, দক্ষিণ আফ্রিকার ৫৭, বাংলাদেশের ২৩ এবং আফগানিস্তানের ৫টি উইকেট নিয়েছেন অশ্বিন। 
রাজকোট টেস্টের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২০৭ রান তোলে ইংল্যান্ড। যার মধ্যে ১৩৩ রানই বেন ডাকেটের। ১১৮ বলে ২১ চার ও ২ ছক্কায় দুর্দান্ত ইনিংসটি খেলেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। শতক হাঁকান ৮৮ বলেই। এতে রেকর্ড হয় ডাকেটের। ভারতের বিপক্ষে এটি ইংল্যান্ডের কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল ক্লাইভ লয়েডের। ১৯৭৪ সালে ৮৫ বলে সেঞ্চুরি মেরেছিলেন ইংলিশ কিংবদন্তি।
১৪তম ওভারে ক্রলি (২৮ বলে ১৫ রান ) ফেরার পর ওলি পোপের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েছিলেন ডাকেট। ৩০তম ওভারের ৬ষ্ঠ বলে পোপ মোহাম্মদ সিরাজের শিকার হলে ভাঙে এই জুটি। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৫৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন ২৬ বছর বয়সী পোপ। আজ ব্যক্তিগত ৯ রান নিয়ে ডাকেটের সঙ্গে তৃতীয় দিনের খেলা শুরু করবেন জো রুট।
৫ উইকেটে ৩২৬ রান তুলে রাজকোট টেস্টের প্রথম দিন শেষ করা ভারত গতকাল ১১৯ রান তুলতেই হারায় বাকি পাঁচ উইকেট। ১১০ রানে দ্বিতীয় দিন শুরু করা রবীন্দ্র জাদেজা আউট হন ব্যক্তিগত সংগ্রহে মাত্র ২ রান যোগ করেই। ১ রানে প্রথম দিন শেষ করা কুলদীপ আউট হন ৪ রান নিয়ে। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল ৩৭, দুই পেসার জাসপ্রীত বুমরাহ ২৬ এবং মোহাম্মদ সিরাজ ৩* রান করেন। ভারতের প্রথম ইনিংসে চার উইকেট নেন মার্ক উড। ২৭.৫ ওভারে ১১৪ রান খরচ করেন এই ৩৪ বছর বয়সী পেসার। দুটি উইকেট পান রেহান আহমেদ।