রিসেট

দোহারে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৪ Archive 2022Source: দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও সরকারি জমি দখল নিয়ে সংবাদ প্রকাশ করায় চ্যানেল এস ও দৈনিক গণকণ্ঠের দোহার প্রতিনিধি ও সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদকে সকল সংবাদ সরিয়ে ফেলতে চাপ প্রয়োগ করা হয়। এতে রাজি না হলে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করার হুমকি দেন তিনি। এ ছাড়া এসব সংবাদ একাধিক সংবাদ মাধ্যমে প্রচার হলে সে সকল প্রতিনিধিদের সংবাদ সরিয়ে নিতে বলেন আমজাদ হোসেন। নিরাপত্তা চেয়ে দোহার থানায় একটি অভিযোগ করেন সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ। জানা যায়, আমজাদের ভয়ে এলাকায় কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। তিনি পালামগঞ্জ বাজারে এর আগে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জোরপূর্বক দোকানছাড়া করেন বলেও অভিযোগ পাওয়া যায়। জোবায়ের আহমেদ বলেন, আমজাদ চেয়ারম্যান পালামগঞ্জ বাজারে আমাকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। এ ছাড়া সংবাদ না সরিয়ে নিলে গুলি করার হুমকি দিচ্ছে। তাই নিরাপত্তা চেয়ে দোহার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তার ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না তাই প্রশাসনের উচিত দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া। তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ হোসেন জানান, নিরাপত্তা চেয়ে সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ থানায় একটি অভিযোগ করেছেন। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ নজর রাখছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।