প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো গঠিত মন্ত্রিসভায় বঞ্চিতই রইলো সিলেট। গত মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে সিলেটের এমপিরা থাকলেও এবার তারা নেই। এবার সিলেট বিভাগ থেকে মাত্র একজন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। পূর্ণমন্ত্রীর মধ্যে কৃষিমন্ত্রী হয়েছেন সাবেক হুইপ আব্দুস শহীদ ও প্রতিমন্ত্রী হয়েছেন শফিকুর রহমান চৌধুরী। এই
অবস্থায় আবার সিলেটে সংরক্ষিত আসনেও প্রার্থী কমিয়ে দেয়া হয়েছে। বিগত কয়েকটি সংসদে সিলেট বিভাগে দু’জন করে সংরক্ষিত আসন থেকে এমপি দেয়া হলেও এবার মাত্র একজন সংরক্ষিত আসন থেকে মনোনয়ন দেয়া হয়েছে। ফলে নতুন করে হতাশা বেড়েছে। এতে করে আগামী ৫ বছরে সিলেটে উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সিলেটবাসী মনে করছেন- মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে সিলেটের মন্ত্রীরা না থাকার কারণে আগামী ৫ বছর নতুন উন্নয়ন প্রকল্প না-ও আসতে পারে। আবার চলমান প্রকল্পগুলোও থমকে দাঁড়াতে পারে। এক সময় সিলেট থেকে জাতীয় সংসদ এবং মন্ত্রিসভায় নেতৃত্ব দিয়েছেন সাবেক স্পিকার হুমায়ূন রশিদ চৌধুরী, সাবেক মন্ত্রী আব্দুস সামাদ আজাদ, এম সাইফুর রহমান, সুরঞ্জিত সেনগুপ্ত, দেওয়ান ফরিদ গাজী, শাহ এএমএস কিবরিয়া, সৈয়দ মহসিন আলী, ড. আবুল মাল আবদুল মুহিতসহ জাদরেল রাজনীতিকরা। স্বাধীনতার পর থেকে তাদের হাত ধরেই প্রবাসী অধ্যুষিত ও ভৌগোলিক অবস্থানে গুরুত্বপূর্ণ অঞ্চল সিলেটের উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। এতে করে অনেক উন্নয়ন না চাইতেই পেয়েছেন সিলেটের মানুষ।
ফলে সিলেট থেকে উন্নয়ন প্রকল্প নিয়ে তেমন দাবি জনগণ পর্যায় থেকে উত্থাপনের সুযোগ হয়নি। সর্বশেষ ২০১৮ সালে গঠিত মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে একাধিক মন্ত্রী ছিলেন। সিলেট থেকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সুনামগঞ্জ থেকে ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, মৌলভীবাজার থেকে ছিলেন বন ও পরিবেশমন্ত্রী শাহাবউদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। ফলে সিলেট অঞ্চলের উন্নয়নে তাদের ভূমিকা ছিল। বিশেষ করে হাওর জনপদ সুনামগঞ্জে বিপুল পরিমাণ উন্নয়ন কাজ করেছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তবে সিলেট-১ আসন থেকে নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন দৃশ্যমান উন্নয়ন দেখাতে পারেননি। সম্প্রতি জাতীয় সংসদেও তিনি সিলেটের থমকে যাওয়া উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন। সংসদে তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেটের জন্য একাধিক উন্নয়ন কাজের অনুমোদন দিলেও কোনো কাজই সহজে হচ্ছে না। ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজে ধীরগতি। রেললাইনের কাজ শুরু হয়নি। নদী খনন বন্ধ হয়ে আছে। বঙ্গবন্ধু সিটি, বঙ্গবন্ধু ট্রাস্ট অনুমোদন হয়েছে, কিন্তু কাজ শুরু হয়নি। সদর হাসপাতাল তৈরি হয়ে আছে কিন্তু জনবলের অভাবে চালু হচ্ছে না।
এয়ারপোর্টের মাত্র ২০ ভাগ কাজ হয়েছে। বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জমি এখনো অধিগ্রহণ হয়নি। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের সংস্কার হয়নি। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সিলেট ওয়াসা অনুমোদন হয়েছে কিন্তু এখনো কার্যক্রম শুরু হয়নি। সুতরাং সংসদে মন্ত্রীর বক্তব্যেই সিলেটের থমকে যাওয়া উন্নয়নের চিত্র ফুটে উঠেছে। এদিকে- সিলেট থেকে জাতীয় সংসদের সংরক্ষিত আসন থেকে ৪ জেলায় দু’জন নেত্রীকে এমপি পদে নির্বাচিত করা হয়। তাদের মাধ্যমে বিশেষ করে নারী ও শিশুর উন্নয়নের কাজ বেশি হয়। বিগত সংসদে সুনামগঞ্জ থেকে ছিলেন শামীমা খানম ও মৌলভীবাজার থেকে ছিলেন জহুরা আলাউদ্দিন। এবার সিলেট থেকে মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। মন্ত্রীর পর একজন এমপিও কম পাওয়ায় সিলেটের মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ই ইউ শহীদুল ইসলাম শাহীন। বলেছেন- অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে সিলেট অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। ফলে এ অঞ্চলে মাত্র একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী দিয়ে সার্বিকভাবে উন্নয়ন কর্মকাণ্ড চালানো যথেষ্ট নয়।
সরকারি বাজেট থেকে সিলেটের উন্নয়ন কর্মযজ্ঞ নিয়ে আসতে আরও বেশি মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাড়ানো উচিত ছিল। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সিলেট বিভাগ থেকে আরও মন্ত্রী বাড়ানো প্রয়োজন। এতে করে নতুন নতুন উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি থমকে যাওয়া উন্নয়ন ত্বরান্বিত হবে। নতুবা যেভাবে আছে সেভাবেই থাকবে। তবে সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের মতে- এখনই হতাশ হওয়ার কিছু নেই। সামনে আরও সময় আছে। নেত্রীর কাছে গোটা দেশের উন্নয়নই সমান। সিলেট নিয়ে নেত্রীর চিন্তাধারা কী সেটি এখনো বুঝা যাচ্ছে না। আশা করি সামনে ভালো কিছু হবে। কারণ, প্রধানমন্ত্রী নিজেও চিন্তাশীল মানুষ। এদিকে, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী এ ব্যাপারে হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, একাধিক মন্ত্রী থাকা অবস্থায়ও সিলেটের মানুষ আশানুরূপ উন্নয়ন কর্মকাণ্ড পায়নি। এখন মন্ত্রী ও প্রতিমন্ত্রী কম, আগামীতে কী হবে জানি না। তবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের প্রচারণার সময় সিলেটবাসীকে কথা দিয়েছিলেন; সিলেটের উন্নয়নের দায়িত্ব তিনি নিয়েছেন। আমরা সিলেটের মানুষ তার সেই কথার বাস্তবায়নের জন্য এখনো অপেক্ষায় আছি। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের মতে- প্রধানমন্ত্রী যেহেতু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আছেন সেখানে সিলেটের উন্নয়ন নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ, সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। বিগত দিনে সেটির প্রমাণ তিনি দেখিয়েছেন, আগামী দিনেও আমরা দেখবো। সিলেটবাসীর আস্থা ও বিশ্বাস রয়েছে প্রধানমন্ত্রীর ওপর।
