রিসেট

বিসিবি’র বোর্ড সভায় যা থাকছে

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যাওয়া বিসিবি’র কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। লম্বা সময় পর হতে যাওয়া এই সভায় আলোচনায় আছে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু। তারমধ্যে সবচেয়ে আগ্রহে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন, জাতীয় দলের নেতৃত্ব ও নির্বাচক প্যানেল।
গত বছর জুন মাসে সর্বশেষ সাধারণ সভা করেছিল বিসিবি। মাঝখানে জাতীয় নির্বাচনের কারণে ব্যস্ত ছিলেন বিসিবি সংশ্লিষ্ট অনেকেই। নির্বাচনের পর কিছু বাস্তবতার ছবিও বদলেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছেন এখনো সব ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক থাকা সাকিব আল হাসান। বিসিবির আরেক পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলও প্রথমবার সাংসদ হয়েছেন। জানা গেছে, আজ দুপুরে বোর্ড পরিচালকরা বসবেন আলোচনায়। তাদের এই সভায় উপস্থাপনা করা হবে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর্যালোচনা রিপোর্ট। এছাড়া এজেন্ডাতে থাকবে জাতীয় দলের বোলিং, ব্যাটিং কোচ নিয়োগ, শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের অগ্রগতি, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ও জাতীয় নির্বাচক প্যানেলের বিষয়ে সিদ্ধান্ত। এছাড়াও চলতি বছর হতে যাওয়া নারী বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি এবং জাতীয় দলের নেতৃত্ব বিষয়েও আলোচনা থাকতে পারে।
বিশ্বকাপ ব্যর্থতার পর্যালোচনা রিপোর্ট
গত অক্টোবর-নভেম্বরে ভারতে হয়ে যাওয়া বিশ্বকাপে চরম ব্যর্থ হয় বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে নাটকীয়ভাবে তামিম ইকবালের না থাকা, সাকিব আল হাসানের বিস্ফোরক সাক্ষাতকার এবং বিশ্বকাপে দলের পারফর্ম না করার কারণ খতিয়ে দেখতে একটি কমিটি করে বিসিবি। এনায়েত হোসেন সিরাজকে প্রধান করে গঠিত তিন সদস্যের সেই কমিটি সংশ্লিষ্ট সভার সঙ্গে কথা বলে তাদের প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদন বোর্ড সভায় জমা দেওয়ার পর তা নিয়ে হবে আলোচনা।
জাতীয় দলের নির্বাচক প্যানেল
মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে। মেয়াদ শেষ হলেও এখনো কাজ চালিয়ে যাচ্ছেন নান্নু, হাবিবুল বাশার সুমন আর আব্দুর রাজ্জাক। তাদের মেয়াদ বাড়ানো হবে নাকি নতুন নির্বাচক প্যানেল নিয়োগ দেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভায়। একটি সূত্রে জানা গেছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হতে পারে বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ। এছাড়া জাতীয় দলের নেতৃত্ব বোর্ড সভায় আনুষ্ঠানিক এজেন্ডায় না থাকলেও এই বিষয়ে  আলোচনা হতে পারে। গত ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব একটি সাক্ষাতকারে জানিয়ে যান, বিশ্বকাপ শেষে আর একদিনও নেতৃত্ব দিতে চান না তিনি। এই অবস্থান থেকে সাকিব সরে এসেছেন কিনা তা স্পষ্ট করেননি। তিনি বল ঠেলে দিয়েছেন বোর্ডের দিকে। বিপিএলের পর পরই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন সংস্করণের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ পুরোটাই সাকিব খেলতে পারবেন কিনা, না পারলে কে নেতৃত্ব দেবে তা ঠিক করার বিষয় আছে। নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটাররা আছেন তাও এখনো প্রকাশ করেনি বিসিবি। কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখতে বছর শেষের আগেই জানিয়েছিলেন তামিম ইকবাল। তিনি থাকছেন না নিশ্চিত। আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা বিপিএলের মাঝেও জানানোর কথা বলেছিলেন তামিম (ফেরার প্রায় নেই বললেই চলে)। এছাড়া মাহমুদউল্লাহকে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণে চুক্তিতে রাখা হবে কিনা সেই সিদ্ধান্তও আনুষ্ঠানিক রূপ পাবে এই সভায়। ব্যাটিং কোচ নিয়োগ নিয়েও আলোচনা হতে পারে আজকের বোর্ড সভায়। জানা গেছে, অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল, ইংল্যান্ডের পল নিক্সন, নিউজিল্যান্ডের রস টেলর, শ্রীলঙ্কার থিলান সামারাভিরা ও বাংলাদেশের তুষার ইমরান ব্যাটিং কোচ হিসেবে আবেদন করেছেন। এর মধ্যে চন্ডিকা হাথুরুসিংহের পছন্দে বিসিবি শ্রীলঙ্কার থিলান সামারাভিরাকে দ্বিতীয়বারের মতো ব্যাটিং কোচ হিসেবে বেছে নিচ্ছে। এদিকে বিসিবি স্টুয়ার্ট ল‘কে দায়িত্ব দিতে নারাজ। তার কাঁধে যুবাদের দায়িত্ব রাখতেই বেশি আগ্রহী বিসিবি। ওদিকে পেস বোলিং কোচ পদে আবেদনকারীদের মধ্যে বিসিবি ওয়েস্ট ইন্ডিয়ান কোরি কোলিমোরের প্রতি আগ্রহী। এ ক্যারিবীয়ানকেই হয়তো তাসকিন, মোস্তাফিজ ও শরিফুলদের কোচ হিসেবে দেখা যেতে পারে।