বিশাখাপত্তম টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে শাসন করলো ভারত। ইংল্যান্ডের বিপক্ষে যশ্বসী জয়সওয়ালের অপরাজিত সেঞ্চুরিতে প্রায় সাড়ে তিনশ’ রান তুললো রোহিত শর্মার দল। ভারতের দাপুটে ব্যাটিংয়ের দিনে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন জয়সওয়াল। ভারতের তরুণ ব্যাটারের সামনে আরও বড় হাতছানি। একাধিক রেকর্ডে নাম উঠলো ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনেরও।
গতকাল বিশাখাপত্তমে টস জিতে ব্যাটিংয়ে নেমে যশ্বসী জয়সওয়ালের ১৭৯* রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান তোলে ভারত। দলীয় ৪০ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ৪১ বলে ১৪ রান করে অভিষিক্ত শোয়েব বশিরের শিকার হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলীয় ৮৯ রানে ফেরেন শুবমান গিল। ২৮.৫ ওভারে জিমি অ্যান্ডারসনের বলে ক্যাচ তোলার আগে ৪৬ বলে ৫ বাউন্ডারিতে ৩৪ রান করেন এই ব্যাটার। বিশাখাপত্তম টেস্ট খেলতে নেমে এবং শুবমানের উইকেট নিয়েই একাধিক রেকর্ড গড়েন অ্যান্ডারসন। এ নিয়ে ২২তম পঞ্জিকাবর্ষে টেস্ট খেলতে নামলেন ইংলিশ পেসার। তাতে শিবনারায়ণ চন্দরপলকে ছুঁয়ে ফেললেন তিনি। ১৯৯৪ থেকে ২০১৫ সাল, টানা ২২ বছর টেস্ট খেলেছেন উইন্ডিজ কিংবদন্তি চন্দরপল। এ দুজনের ওপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার। ১৯৮৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ২৫ বছর টেস্ট খেলেছেন লিটল মাস্টার। ২০০৩ সালে অ্যান্ডারসনের অভিষেক উইকেট ছিল জিম্বাবুয়ের মার্ক ভারমিউলেনের। শুবমান গিলের উইকেটটি তার ৬৯১তম। এ নিয়ে ২২টি ভিন্ন পঞ্জিকাবর্ষে টেস্ট উইকেট নিলেন অ্যান্ডারসন।
গত জুলাইয়ে ৪১ পূর্ণ করেছেন অ্যান্ডারসন। মানে গিলের উইকেটটি ৪১তম জন্মদিনের পর নিলেন অ্যান্ডারসন। দীর্ঘ ৩০ বছর পর টেস্টে কোনো বোলার ৪১তম জন্মদিনের পর উইকেট পেলেন। সবশেষ ১৯৯৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তিটি গড়েন ইংল্যান্ডের সাবেক পেসার গ্রাহাম গুচ। সপ্তম বোলার হিসেবে ৪১তম জন্মদিনের পর টেস্ট উইকেট পেলেন অ্যান্ডারসন।
ভারতের মাটিতে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার কীর্তিও গড়েছেন অ্যান্ডারসন। বিশাখাপট্টম টেস্টের প্রথম দিনে তার বয়স ছিল ৪১ বছর ১৮৭ দিন। আগের রেকর্ডটি ছিল ভারতীয় অলরাউন্ডার মাহিন্দার অমরনাথের। ১৯৫২ সালে পাকিস্তানের বিপক্ষে অমরনাথ নেমেছিলেন ৪১ বছর ৯২ দিন বয়সে। অ্যান্ডারসনের রেকর্ডগড়া উইকেটের পর তৃতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ার। ৫৯ বলে ৩ বাউন্ডারিতে আইয়ার ২৭ রানে আউট হলে ভাঙে এই জুটি। দলীয় ২৪৯ রানে সাজঘরে ফেরেন রজত পাতিদার। ৭২তম ওভারের প্রথম বলে রেহান আহমেদের শিকার হওয়ার আগে ৭২ বলে ৩ বাউন্ডারিতে ৩২ রান করেন ৩০ বছর বয়সী পাতিদার। অক্ষর প্যাটেল আউট হন ৫১ বলে ২৭ রান করে। শিখর ভরত আউট হন ২৩ বলে ১৭ রান করে। ওপেনিংয়ে নেমে ১৭৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংসটি ১৭ চার ও ৫ ছক্কায় সাজান যশ্বসী জয়সওয়াল। মাত্র ৬ষ্ঠ টেস্ট খেলতে নামা ২২ বছর বয়সী এই ওপেনারের আগের বেস্ট ব্যাটিং ফিগার ছিল ১৭১ রানের। আজ ৫ রান নিয়ে জয়সওয়ালের সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন রবিচন্দ্রন অশ্বিন। শুবমান গিলের উইকেট নেয়া জিমি অ্যান্ডারসন ১৭ ওভারে ৩০ রান খরচ করেন। মেডেন নেন তিনটি। একটি উইকেট নেন টম হার্টলিও। দুটি করে উইকেট পান শোয়েব বশির এবং রেহান আহমেদ।
