ষাটোর্ধ্ব আজম আলী। স্ত্রী ও তিন সন্তান নিয়ে সংসার। কৃষিকাজ করে সংসার চালাতেন তিনি। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। বিশ-বাইশ বছর ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করতে পারেননি। দুই মাস আগে হার্ট অ্যাটার্ক করেন। এরপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। আজম আলী ও মোর্শেদ আলম নামে দুইজন হৃদরোগে আক্রান্ত রোগীকে রোবটিক পদ্ধতিতে হৃদযন্ত্রে স্টেন্ট পরানো হয়। তারা দু’জনই সুস্থ আছেন। দেশে এই প্রথমবারের মতো রোবটের মাধ্যমে নিখুঁতভাবে রিং পরানো হয়েছে এই হাসপাতালটিতে। দুজনই হাসপাতাল থেকে একটি করে স্টেন্ট বিনামূল্যে পেয়েছেন। এ ছাড়া রোবোটিক এনজিওপ্লাস্টির জন্য বাড়তি খরচ দিতে হয়নি তাদের। বর্তমানে দুজনে সুস্থ হয়ে পরিবারের সঙ্গে বাড়িতে ফিরেছেন।
আজম আলী বলেন, ভালো আছি, সুস্থ আছি। কীভাবে যে রোবটের মাধ্যমে অপারেশন হয়েছে কিছুই বুঝতে পারিনি। চিকিৎসকরা নাকি রোবট দিয়ে আমার চিকিৎসা করিয়েছেন। আজম আলীর ছেলে মনিরুল ইসলাম মানবজমিনকে বলেন, আমার বাবা ভালোই আছে। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পর তার বুকে একটু ব্যথা করছিল। বর্তমানে এই ব্যথা নেই। তিনি খুব স্বাভাবিক রয়েছেন। বুধবার রাতে হাসপাতাল থেকে বাবাকে নিয়ে বাড়িতে এসেছি। রোবটিক এই পদ্ধতিটা অনেক ব্যয়বহুল। আমার ছোট ভাই সিঙ্গাপুরে থাকে সেও বলেছে এই পদ্ধতিটা নাকি সেখানেও অনেক ব্যয়বহুল। আমার বাবার যে বাংলাদেশে এত বড় একটা অপারেশন হয়েছে এটাকে আমি অনেক ভালো মনে করি। মানুষের এই পদ্ধতিটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বাবার তিনটা রিং পরানো হয়েছে। এই তিনটা রিংয়ের একটা হাসপাতাল থেকে ফ্রি দিয়েছে। ২ লাখ ২৪ হাজার টাকা বাবার চিকিৎসায় খরচ হয়েছে। অপারেশনের দুই মাস আগে হার্ট অ্যাটার্ক হয় বাবার। তখন কুষ্টিয়া সদরে চিকিৎসা করিয়েছিলাম। এরপর এনজিওগ্রাম করার পর হার্টে ব্লক ধরা পড়ে। সেখানে রিং পরানোর কথা বলা হলেও আমরা তেমন প্রস্তুত ছিলাম না। এরপর ঢাকা নিয়ে আসি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আসার পরে রোবটিক পদ্ধতিতে রিং পরানো হয়। বাবা বাড়িতে ঘোরাঘুরি করছেন। জোরে জোরে হাঁটা-চলা করছেন না। চেয়ারে বসে থাকেন বেশির ভাগ সময়। বাবার যে সমস্যাগুলো ছিল সেটি অপারেশন করার পর থেকে ঠিক হয়েছে। বাবার অপারেশনের সময় আমার মাও পাশে ছিলেন।
রোবোটিক এনজিওপ্লাস্টি পদ্ধতিতে দেশে প্রথমবারের মতো হৃদযন্ত্রের রক্তনালিতে স্টেন্ট পরানো হয় আজম আলীর সঙ্গে ৫৪ বছরের মোর্শেদ আলমকেও। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। গত রোববার পরীক্ষামূলকভাবে এই দুই হৃদরোগীর হৃদযন্ত্রে স্টেন্ট পরানো হয়। তারা দু’জনই সুস্থ আছেন। মোর্শেদ আলম গত সাত বছর ধরে সৌদি আরবে বসবাস করেন। সেখানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সৌদি আরবে থাকাকালিন হৃদরোগ ধরা পড়লেও চিকিৎসার জন্য এসেছেন নিজ দেশে। আড়াই মাস পরে আবার ফিরে যাবেন সৌদি আরবে। মোর্শেদ আলম মানবজমিনকে বলেন, এখন ভালো আছি, সুস্থ আছি। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর তেমন কোনো জটিলতা মনে হয়নি। শরীরে কোনো ব্যথা নেই। কোনো সমস্যা মনে হলে চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে জানাতে বলেছেন। এখনো তেমন হাঁটা-চলা করছি না। হালকা হাঁটা-চলা করছি। আমার সমস্যা সৌদি আরবে থাকতে দেখা দিয়েছে। সেখানে তিন দিন হাসপাতালে ভর্তি ছিলাম। পরে পরীক্ষা-নিরীক্ষা করার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। আর দুইটি ৯০ শতাংশ, অপরটি ৮০ শতাংশ। তখন সেখান থেকে ওপেন হার্ট সার্জারির কথা জানায়। পরে আমি করতে রাজি হয়নি সেখানে। এরপর দেশে চিকিৎসার কথা বলি। লোকমুখে এই রোবটিক পদ্ধতিতে চিকিৎসার কথা শুনি। এর আগে আমার ছোট ভাই এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছিল। সবমিলিয়ে চিকিৎসার জন্য দেশে চলে আসি। তারপর এখানে আসার পর রোবটিক পদ্ধতির মাধ্যমে চিকিৎসার কথা জানালেন চিকিৎসকেরা। তখন আমিও সাহস নিয়ে রাজি হয়ে যাই। এই চিকিৎসার জন্য আমার ৩ লাখ ৭ হাজার টাকা খরচ হয়েছে। তিনটা রিং পরানো হয়েছে। এরমধ্যে একটা রিং হাসপাতাল থেকে ফ্রি দিয়েছে। অল্প পয়সার মধ্যে খুব ভালো চিকিৎসা হয়েছে। দুই মাস পরে আমি আবার সৌদি ফিরে যাবো।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রথমবারের মতো দেশে রোবটের মাধ্যমে নিখুঁতভাবে রিং পরানো হয়েছে এই হাসপাতালটিতে। সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার ও তার দল জাতীয় হ্রদরোগ ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের প্রচেষ্টায় এই রোবোটিক পদ্ধতির সূচনা হয়। পরীক্ষামূলকভাবে রোবোটিক এনজিওপ্লাস্টি শুরু করেছেন তারা। এ কাজে যে যন্ত্রটি ব্যবহার করেছে সেটি পরীক্ষামূলকভাবে এক মাস ব্যবহারের জন্য ফ্রান্সের একটি প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে। বাংলাদেশে অবকাঠামোর সঙ্গে এই যন্ত্র সহায়ক কিনা তা যাচাই-বাছাইয়ের জন্য বিনামূল্যে এটি আনা হয়েছে। এর মাধ্যমে এক মাসে ১০ জন রোগীকে এ সেবা দেয়া হবে। তারপর যন্ত্রটি আবার ফ্রান্সে পাঠানো হবে। রোবটিক এনজিওপ্লাস্টির মাধ্যমে দুই রোগীর হৃদযন্ত্রে স্টেন্ট পরান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার কর্মকারের নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। চিকিৎসক দলে ছিলেন- পিনাকী রঞ্জন দাস, আরিফুর রহমান, সাইদুর রহমান, ফারহানা আহমেদ, মো. হোসনি আমীন, বাদল চন্দ্র বর্মণ, নাজমুল হক ভুঁইয়া, আবু সালেহ ও নুসরাত রহমান।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার কর্মকার বলেন, দেশে এই প্রথম রোবটের মাধ্যমে দু’জন হার্টের রোগীকে রিং স্থাপন করা হয়েছে। আজম ও মোর্শেদ নামে এই ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে গিয়েছেন। তারা এখন সুস্থ আছেন, ভালো আছেন। দূর নিয়ন্ত্রিত রোবটিক এনজিওপ্লাস্টি করানো হবে আরও দুই রোগীকে। এটি আরও অত্যাধুনিক পদ্ধতি। তিনি বলেন, হাসপাতালের অবকাঠামো ও দক্ষ চিকিৎসক সবই রয়েছে। এই পদ্ধতিতে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো চিকিৎসাসেবা দেয়া হলো। যুক্তরাষ্ট্র ও ভারত সহ বিশ্বে ১৬০টি দেশে রোবোটিক এনজিওপ্লাস্টি (রোবট দিয়ে হার্টের রিং পরানো) সেন্টার রয়েছে। এর মধ্যে ভারতের ছয়টি সেন্টার রয়েছে। এই চিকিৎসার মধ্যদিয়ে বাংলাদেশ ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল রোবোটিক যুগে প্রবেশ করলো। রোবোক্যাথ আর ওয়ান সিস্টেমে ক্যাথল্যাবে একটি রোবোটিক হাত থাকে। আর দূর থেকে একটি মেশিনে তা নিয়ন্ত্রণ করেন চিকিৎসকেরা। আগে চিকিৎসকেরা সরাসরি নিজের চোখে দেখে নিজের হাতে যে কাজটি করতেন, তাই এখন করা হচ্ছে রোবটের মাধ্যমে। এতে কাজটি নিখুঁত হচ্ছে। অস্ত্রোপচারে সময় কম লাগছে। এই দুই রোগীর অস্ত্রোপচারে সময় লেগেছে ৩০ থেকে ৪০ মিনিট যা সরাসরি করলে লাগতো এক ঘণ্টার বেশি।
