শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৯ রানের। বল হাতে ওই ওভারে প্রথম বলে নো’সহ ৩ রান দেন জান্নাতুল মেওয়া। ফ্রি হিট বল থেকে আরও ২ রান নেয় লঙ্কানরা। বৈধ এক বলে ৫ রান নিয়ে এগিয়ে যায় সফরকারীরা। তবে পরের ৫ বলে মাত্র ২ রান দিয়ে দুই উইকেট তুলে বাংলাদেশকে নাটকীয় জয় এনে দেন তরুণ স্পিনার। নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশিয় সিরিজে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। আর তিন ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আলো কাড়লেন অলরাউন্ডার রাবেয়া খাতুন। গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলকে ১ রানে হারায় বাংলাদেশ নারী দল। এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করলো স্বাগতিকরা। গ্রুপ পর্বে প্রথম দেখাতেও শ্রীলঙ্কাকে হারিয়েছিল জুনিয়র টাইগ্রেসরা। এই ম্যাচেও বাংলাদেশের জয়ের নায়ক রাবেয়া। ব্যাটিংয়ে ৫০ রান করে তিনিই ম্যাচসেরা হন। এ নিয়ে এই টুর্নামেন্টে বাংলাদেশের তিন ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার উঠলো রাবেয়ার হাতে। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানে থামে লঙ্কান নারীদের ইনিংস। বাংলাদেশের দেওয়া ১১৫ রান তাড়া করতে নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫৬ রান। নেথমি পোর্না করেন ২৭ রান। আর দেওমি বিহাঙ্গার ব্যাট থেকে আসে ৩০ রান। তিনে নেমে বিসমি গুনারত্নে করেন ২৯ বলে ২৬ রান। তবে এরপর আর কেউই উইকেটে থিথু হতে পারেননি। ফলে তীরে গিয়ে তরী ডোবে লঙ্কানদের। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ২৮ রানে টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে ফেলে জুনিয়র টাইগ্রেসরা। এরপর দলের হাল ধরেন রাবেয়া ও আফিয়া আদমা ইরা। রাবেয়ার অপরাজিত ৫০ ও আফিয়ার ৩১ রানে ভর করে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
