বিপিএল শুরু আগে টানা কয়েকদিন ঢাকার আকাশে সূর্য ওঠেনি। তীব্র শীত আর কুয়াশায় জবুথবু অবস্থা ছিল মানুষের। তবে বিপিএলের প্রথম দুই দিন আবহাওয়া বেশ ভালো ছিল। তাতে করে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিও ছিল ভরা। কিন্তু একদিন বিরতি দিয়ে গতকাল বিপিএল ফেরার দিনে আবার সকাল থেকে আকাশ মেঘলা ছিল। আলো এতটাই কম ছিল যে দুপুর দেড়টার খেলা শুরু করতে হয় সবগুলো ফ্লাডলাইট জালিয়ে। তার সঙ্গে ছিল তীব্র শীত। এর প্রভাব পড়ে গ্যালারিতেও। গত দুইদিন যেখানে ম্যাচ শুরু হতেই গ্যালারি ভরে গেছিল। সেখানে গতকাল প্রথম ম্যাচের অর্ধেক পেরিয়ে গেলেও গ্যালারিতে আসা দর্শকের সংখ্যা ছিল হাতে গোনা। যদিও সময়ের সঙ্গে সেটা বেড়েছে তবে তাতেও প্রথম দুই দিনের ধারে কাছেও সেটি যেতে পারেনি। এর সঙ্গে খেলা ছিল দুর্দান্ত ঢাকা আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। দুই দলের দর্শক টানার মতো খেলোয়াড়ের সংখ্যা খুবই কম। আবহাওয়ার সঙ্গে এটাও দর্শক কম উপস্থিতির পিছনে প্রভাব ফেলতে পারে বলেও ধারণা অনেকের।
