জয় দিয়ে এবারের বিপিএল শুরু করেছে দুর্দান্ত ঢাকা। অভিষেকে জয় দলটিকে করে তুলেছে আরও আত্মবিশ্বাসী। আজ আসরের দ্বিতীয় ম্যাচে দুপুর দেড়টায় ঢাকার প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচের আগে ঢাকা শিবিরে যোগ দেন অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস। বিপিএলে সফল হতে সুইপ শটকে প্রধান অস্ত্র হিসেবে বিবেচনা করছেন তিনি। ‘সুইপলজিস্ট’ নামে অনেকেই চিনেন রসকে। কেননা, সুইপ শটটা খুবই ভালো খেলেন তিনি। বিপিএলেও নিজের এই প্রিয় শটটা কার্যকর হবে বলে ধারণা তার। গতকাল দলের সঙ্গে প্রথম অনুশীলন করেন রস। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, সুইপ এখানে খুব কার্যকর হবে। আপনি ক্রিজ ছেড়ে খেলতে চাইবেন না খুব একটা। সুইপ ও রিভার্স সুইপ—এভাবে যদি কিছু বাউন্ডারি পাওয়া যায়, সে চেষ্টা করব। বিশেষ করে অল্প রানের ম্যাচে আপনি যদি স্পিনের বিপক্ষে চাপ সৃষ্টি করতে পারেন, তাহলে ভালো। আশা করি, আমি সেটা করতে পারব।’ ঢাকা আসার আগে বিগব্যাশে খেলছিলেন রস। তার দল সিডনি থান্ডার প্লে অফে উঠতে না পারায় বিপিএলে চলে এসেছেন তিনি। বিগব্যাশের এবারের মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে স্পিনারদের দাপট ছিল। সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে চান রস। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা রস বলেন, ‘আমরা এবার বিগ ব্যাশে কিছু ম্যাচে বাজে উইকেট পেয়েছি। স্পিন করা বলের বিপক্ষে খেলে কিছুটা অভিজ্ঞতা হয়েছে। এছাড়া উইকেটও মন্থর ছিল। তবে টিভিতে যা দেখলাম, তার সঙ্গে সব সময় মিলবে না। আমি শুধু এখানে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’
সর্বশেষ লঙ্কান প্রিমিয়ার লীগে ডাম্বুলা অরার হয়ে খেলেন রস। এলপিএলে খেলার অভিজ্ঞতা বিপিএলে কাজে লাগাতে চান তিনি। রস বলেন, ‘নেটে লম্বা সময় ব্যাটিং করেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। শ্রীলঙ্কা প্রিমিয়ার লীগ খেলেছি গত বছর। ওইখানে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা এখানে কাজে দেবে। অনুশীলন উইকেটে অনেক মিল। তবে দলের খেলোয়াড়দের কাছ শুনেছি, ম্যাচের উইকেট কিছুটা ভালো।’ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দ্বিতীয় ম্যাচে হার দেখে খুলনা টাইগার্সরে কাছে।
