তামিম বনাম সাকিব নাকি ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স! গতকাল বিপিএল’র দ্বিতীয় দিনের প্রথম খেলা চলাকালীন এটাই ছিল সবার কৌতূহলী প্রশ্ন। সাকিব বোলিংয়ে আর তামিমের ব্যাটিংয়ের সময় গ্যালারি জুড়ে দুইজনের নামেই চলে স্লোগান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও সাকিব সম্পর্কে প্রশ্ন করা হয় তামিমের কাছে। তবে এটিকে অপ্রোয়োজনীয় প্রশ্ন বলে এড়িয়ে যান বরিশাল অধিনায়ক। গতকাল বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারায় বরিশাল। ব্যাট হাতে ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তামিম। ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে সফল সাকিবের শিকার ১৬ রান খরচায় ২ উইকেট। ব্যাটিংয়ের সময় সাকিবের ৬ বল খেলে ৪টি সিঙ্গেল নেন তামিম, বাকি দুটি ডট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করতেই বিরক্তি নিয়ে তামিম বলেন, ‘আমি মনে করি এটা অপ্রয়োজনীয় প্রশ্ন। আপনারা সবাই সবকিছু জানেন, কেন একটা জিনিস নিয়ে বারবার খোঁচান? ওরে (সাকিব) জিজ্ঞেস করুন, যদি কিছু জিজ্ঞেস করতে চান।’ ১১৮ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তামিম। দীর্ঘ বিরতিতে খেলতে নামলেও শুরুতে বাউন্ডারি পাওয়ায় সমস্যা হয়নি বলে জানান তিনি। তামিম বলেন, ‘আর্লি বাউন্ডারি পাওয়াতে আমার জন্য কাজটা সহজ হয়ে গেছে। তবে অনুশীলনেও আমি ভালো ব্যাটিং করেছি, পিকেএসপিতে যে দুটো ম্যাচ সিনারিওতে খেলেছি সেটা আমাকে অনেক সাহায্য করেছে।
তারপরও নার্ভ তো থাকেই তবে যখনই আপনি শুরুতে বাউন্ডারি পাবেন সেটা তখন একটু কমে আসে।’ চ্যালেঞ্জিং ছিল কিনা প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘এটা খুবই চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। কারণ, তিন-সাড়ে তিন মাস পর কম্পিটিটিভ ক্রিকেট খেলা। এর মাঝখানে সত্যি কথা বলতে আমি দুই-আড়াই মাস কোনো ট্রেনিংই করিনি। শেষ দুই সপ্তাহ যা করা, যতই ম্যাচ খেলেন না কেন নার্ভ তো থাকবেই। তবে আমার কাছে মনে হয় অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে যে শুরুটা প্রয়োজন ছিল সেটা হয়েছে।’ জয় দিয়ে শুরু করলেও আক্ষেপ আছে তামিমের। বরিশাল অধিনায়কের মতে তার খেলা শেষ করা উচিত ছিল। তিনি বলেন, ‘আমার ইনিংসটা যদি দেখেন, যে অবস্থায় ছিলাম তখন যদি বলে বলেও রান করতাম তাহলেও হয়তো আমরা দুই ওভার আগেই খেলাটা শেষ করতে পারতাম।
একই বিষয় মুশফিক আর মিরাজ যখন ব্যাটিং করতেছিল, ওই মুহূর্তে ওই শটের দরকার ছিল না। এগুলোর কারণেই খেলা লম্বা হয়েছে তবে খেলাটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। গতকাল মূলত খালেদ আহমেদের তোপের মুখেই গুঁড়িয়ে যায় রংপুর রাইডার্স। ৪ ওভারে ২৭ রান খরচায় একাই ৪ উইকেট নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত তাকে লাল বলের ফরম্যাটে দেখা যায়। তামিমের মতে এবার এই টুর্নামেন্ট খালেদের জন্য সাদা বলে নিজের সামর্থ্য প্রমাণের দারুণ সুযোগ। বরিশাল অধিনায়ক বলেন, ‘যে কেউ যে কোনো ফরম্যাটের খেলোয়াড় হতে পারে। খালেদের জন্য এটা দারুণ সুযোগ কারণ আপনি যদি আমাদের স্কোয়াড দেখেন সে সম্ভবত লোকালদের মধ্যে এক নম্বর বোলার। পুরো টুর্নামেন্ট জুড়ে সে সুযোগ পাবে, এখন এটা তার ওপর যে সে কিভাবে পারফর্ম করে।’
