গুরুর কীর্তি ছুঁলেন শিষ্য, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বোলিং কোচ নাজমুল হোসেনের স্মৃতি ফেরালেন পেসার মারুফ মৃধা। কোচের মতো পেলেন বিশ্বকাপে ফাইফারের দেখা। ২০০৪ সালে বয়সভিত্তিক বিশ্বকাপের ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন পেসার নাজমুল। গতকাল বিপক্ষে ২০২৪ যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন মারুফ। ২০০৪ সালের ২৫শে ফেব্রুয়ারি, চট্টগ্রামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘প্লেট গ্রুপ টু’র ম্যাচে উগান্ডাকে ৭৮ রানে আটকে দিয়ে ১৮১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ১০ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন সাবেক পেসার নাজমুল হোসেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছিলেন তিনি। গতকাল ভারতের বিপক্ষে ৮ ওভারে ৪৩ রানের খরচায় পাঁচ উইকেট নেন মারুফ মৃধা। গতকাল ব্লুমফন্টেইনে যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বোলিংয়ে নেমে প্রথমেই জোড়া আঘাত করেন মারুফ মৃধা। ফেরান আর্শিন কুলকারনি (৭) এবং মুশির খানকে (৩)। মৃধার তোপে ৩১ রানেই দুই উইকেট হারায় ভারত। শুরুর ধাক্কা সামলে ১১৬ রানের জুটি গড়েন আদর্শ সিং এবং ভারত অধিনায়ক উদয় শাহারান। ৩১.৩ ওভারে ওপেনার আদর্শ (৭৬) চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের শিকার হলে ভাঙে এই জুটি। বাংলাদেশ অধিনায়ক রাব্বির বলে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক শাহারান। ফেরার আগে ৬৪ রান করেন তিনি। ৪ উইকেট হারিয়ে দুইশ’র কোটা পেরোয় ভারত। এরপর ফের তাণ্ডব শুরু করেন মারুফ মৃধা। আরাভেলি আভানিশ (২৩), প্রিয়ানশু মলিয়া (২৩) এবং মুরুগান অভিষেককে (৪) ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন ২০২৩ যুব এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে চার উইকেট নেয়া মারুফ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে ভারত।বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে যুব বিশ্বকাপের ম্যাচে ফাইফার নেয়ার কীর্তি গড়লেন মারুফ মৃধা। বাঁহাতি এই পেসার এবং তার কোচ নাজমুল হাসান ছাড়া যুব বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের হয়ে ফাইফার নেয়া বাকি পাঁচ বোলার হলেন- আফিফ হোসেন, এনামুল হক জুনিয়র, হান্নান সরকার, রাকিবুল হাসান এবং তানভীরুল ইসলাম।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘ফাইফার’
নাম আসর সংখ্যা
তানভীরুল ইসলাম ১৯৯৮ ১
হান্নান সরকার ২০০২ ১
নাজমুল হাসান ২০০৪ ১
এনামুল হক জুনিয়র ২০০৪ ১
আফিফ হোসেন ২০১৮ ১
রাকিবুল হাসান ২০২০ ১
মারুফ মৃধা ২০২৪ ১
