ভারতে ওয়ানডে বিশ্বকাপে দুই দফায় ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। প্রথমবার ভারতের বিপক্ষে খেলা হয়নি। আর আঙ্গুলের চোটে খেলা হয়নি শেষ ম্যাচ। ওয়ানডে বিশ্বকাপে টাইগার অধিনায়কের পারফরম্যান্স নিয়ে উঠেছে নানা প্রশ্ন। পরে জানা যায় তিনি তখন ভুগছিলেন চোখের সমস্যাতেও। অতিরিক্ত চাপের কারণে বিশ্বকাপের সময় থেকেই চোখের রেটিনার সমস্যায় ভুগছিলেন তিনি। যার কারণে সমস্যা হচ্ছিল শট খেলতে। সাকিব নিজে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন। তবে সেখান থেকে ফিরে তিনি ব্যস্ত হয়ে পড়েন জাতীয় সংসদের নির্বাচন নিয়ে। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে গিয়ে চোখের চিকিৎসা করান সাকিব। এরপর তার সমস্যার সমাধান হয়ে গেছে বলে জানা যায়। তবে বিপিএলের আগে আবার নতুন করে একই সমস্যায় পড়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আবার ফিরে এসেছে সাকিবের চোখের রেটিনার সমস্যা। বেশ কয়েকদিন ধরেই ব্যাটিং অনুশীলনে বল দেখতে কষ্ট হচ্ছে তার। তাই আবারো দেশের বাইরে যেতে হচ্ছে সাকিবকে।
ভারতের ওয়ানডে বিশ্বকাপ থেকে ফিরে এসেছিলেন আঙুলের চোট নিয়ে। এরপর সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছিলেন প্রচারণায় ব্যস্ত। নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। তবে পরের দিনই চলে আসেন মিরপুর শেরেবাংলা মাঠে অনুশীলনে। শুধু তাই নয়, সাকিব এমপি হিসেবে শপথ নিয়ে ওই দিনই আসেন মাঠের অনুশীলনে। টানা তিন দিন করেছেন ব্যাটিং অনুশীলন। লক্ষ্য বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলা। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা তার। কিন্তু প্রস্তুতিতে সাকিব ধাক্কাই খেয়েছেন। চোখের রেটিনায় সমস্যার কারণে তাকে লন্ডনে ডাক্তার দেখাতে হচ্ছে। এর মধ্যে তাকে একদিন চশমা পরেও ব্যাট করতে দেখা যায়। তার এই চোখের সমস্যা বিশ্বকাপের সময় থেকেই। এরই মধ্যে ঢাকায় দুজন বিশেষজ্ঞ দেখিয়েছেন সাকিব। চিকিৎসাও চলছে তার। তবে তাতে খুব বেশি আশার আলো নেই। এজন্য গতকাল লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
বিপিএল সামনে রেখে রংপুর রাইডার্সের হয়ে অনুশীলনে ব্যস্ত ছিলেন সাকিব। কিন্তু আগামী ১৯শে জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের শুরুতে সাকিবকে নাও পেতে পারে রাইডার্স। বিশ্বকাপ চলাকালীন চোখের সমস্যায় পড়েন সাকিব। অতিরিক্ত চাপের কারণে বিশ্বকাপের সময় থেকেই চোখের রেটিনার সমস্যায় ভুগছিলেন তিনি। যার কারণে সমস্যা হচ্ছিল শট খেলতে। সাকিব নিজে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন। চোখের কারণে ব্যাটিং স্ট্যান্ট বদলাতে হচ্ছে সাকিবকে। মাথা বেশি ঝুঁকিয়ে বল দেখার চেষ্টা করতে হচ্ছে তাকে। এতে চাপ বাড়ছে কাঁধে। এজন্য বিপিএলের শুরুতে তার খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
দেশের বাইরে সাকিবের কেমন চিকিৎসা চলবে, পুনর্বাসন প্রক্রিয়া কেমন হবে, আবার ব্যাটিংয়ে ফিরতে কেমন সময় লাগবে সে নিয়েও কোনো নিশ্চয়তা মেলেনি। একটি সূত্র জানিয়েছে যদি চোখের সমস্যা সিরিয়াস হয় তাহলে হয়তো তার খেলা নাও হতে পারে!
