নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে আগের ১৮ ম্যাচে কোনো জয় ছিল না বাংলাদেশের। তবে রেকর্ড গড়া নৈপুণ্য দিয়ে ১৭ বছরের পুরনো গেরো খুলেছে টাইগাররা। শনিবার চলমান সফরে সিরিজের শেষ ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। ব্যাটে-বলে বিস্ফোরক নৈপুণ্য দিয়ে বাংলাদেশ জেতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। ২০০৭ সালে প্রথমবার নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ দল। সেখানে ১৭ বছর পর ওয়ানডেতে জয়ের দেখা পেলো টাইগাররা। এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডের মাটিতে ২০ ওভারের ক্রিকেটে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। আগামী ২৭শে ডিসেম্বর শুরু হচ্ছে টি-টোয়েন্টি দ্বৈরথ। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহীম ও তরুণ বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের। নিউজিল্যান্ডে আজই বিমান ধরার কথা তাদের।
আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে যোগ দিয়েছেন রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান ও তানভির ইসলাম। সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেপিয়ারে দলের জয়ে বড় অবদান ছিল পেসারদের। ম্যাচে মাত্র ৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১০ উইকেটই নেন বাংলাদেশের পেসাররা। টাইগার পেসারদের নিয়ে বার্তা দিয়েছেন তাদের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড। শরিফুল-সাকিবদের অভিনন্দন জানিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন সাবেক এই টাইগার পেস বোলিং কোচ। তিনটি হাত-তালির ইমোজির সঙ্গে শরিফুল ইসলামের উইকেট উদযাপনের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘ইঞ্জিন রুম আজ দারুণ কাজ করলো বাংলাদেশিটাইগার্স।’
পেসারদের সঙ্গে ডোনাল্ডের সম্পর্ক কতটা উষ্ণ ছিল, সেটি দেশের ক্রিকেট সংশ্লিষ্ট কারও অজানা নয়। বাংলাদেশ দল ছেড়ে গেলেও পেসারদের সঙ্গে যোগাযোগ থাকবে বলেও তিনি জানিয়েছিলেন। যার জন্য তার সময়ে পেসারদের নিয়ে তৈরি করা হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপও সচল থাকবে বলে উল্লেখ করেন ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত সাবেক প্রোটিয়া পেসার। ওয়ানডে শেষে এবার টি-টোয়েন্টি ক্রিকেটের চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ২৭ ও ২৯শে ডিসেম্বর সিরিজের প্রথম দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। ৩১শে ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সকাল ৬টায়। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলের গল্পটা শুধুই হতাশার। এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের প্রত্যেকটিতেই হার দেখেছে টাইগাররা।
পুরনো হাঁটুর চোটের কারণে এবারের টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনের। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে পেসার কাইল জেমিসনকেও পাচ্ছে না ‘ব্ল্যাক ক্যাপ’রা। নিয়মিত অধিনায়ক উইলিয়ামসনের অনুপস্থিতিতে ২০ ওভারের সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) পঞ্চদশ আসরে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন কেইন উইলিয়ামসন। চোট সারিয়ে বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরা এই ব্যাটার বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজেও ছিলেন। তবে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলেননি তিনি। টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার কথা ছিল উইলিয়ামসনের। তবে দু’দিন আগে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানায়, হাঁটুর চোট সরে না ওঠায় আপাতত পুনর্বাসনে থাকবেন উইলিয়ামসন। পুনর্বাসনে থাকবেন জেমিসনও। উইলিয়ামসন এবং জেমিসনের জায়গায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ওয়ানডে বিশ্বকাপে রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে। দু’জনই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে সর্বাধিক ৬ উইকেট শিকার শরিফুল ইসলামের। টি-টোয়েন্টি সিরিজেও তার দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। সিরিজে দ্বিতীয় সর্বাধিক ১৭৩ রান এসেছে সৌম্য সরকারে ব্যাট থেকে। বল হাতেও তিন উইকেট রয়েছে সৌম্যর ঝুলিতে।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও তানভির ইসলাম।
তারিখ ম্যাচ ভেন্যু সময়
২৭শে ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি নেপিয়ার দুপুর ১২:১০
২৯শে ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি মাউন্ট মঙ্গানুই দুপুর ১২:১০
৩১শে ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি মাউন্ট মঙ্গানুই ভোর ৬টা
