সৌদি প্রো লীগে পুরনো দ্যুতি ছড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৮ বছর বয়সেও তরুণদের মতো পারফর্ম করছেন পর্তুগিজ সুপারস্টার। আল নাসর এফসির হয়ে প্রায় প্রত্যেক ম্যাচে পাচ্ছেন গোলের দেখা। শুক্রবার রাতে প্রো লীগে আল ইত্তেফাকের বিপক্ষে ম্যাচেও লক্ষ্যভেদ করেন ক্রিস্টিয়ানো। আল আউয়াল পার্ক স্টেডিয়ামে সিআরসেভেনের নৈপুণ্য ছড়ানো ম্যাচে ৩-১ গোলের জয় পায় আল নাসর। দলের বড় জয়ে অবদান রেখে ‘শীর্ষে’ পৌঁছান রোনালদো।
ঘরের মাঠে ম্যাচের ৪৩তম মিনিটে এগিয়ে যায় আল নাসর এফসি। গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স তেলেস। ৫৯তম মিনিটে ব্যবধান বাড়ান আল নাসরের ক্রোয়াট মিডফিল্ডার মার্সেলো ব্রজোভিচ। ৭৩তম মিনিটে সফল স্পটকিকে স্কোরলাইন ৩-০ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাঁ দিক থেকে আল ইত্তেফাক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন আল নাসরের সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে। এরপর হ্যান্ডবল হলে পেনাল্টি পায় রোনালদোরা। আর ৮৫তম মিনিটে একটি গোল শোধ করেন আল ইত্তেফাকের অ্যারাবিয়ান উইঙ্গার মোহাম্মদ আল কুওয়েকিবি।
আল ইত্তেফাকের বিপক্ষে চলতি মৌসুমে সৌদি প্রো লীগে নিজের ১৭তম গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে লীগে এককভাবে সর্বোচ্চ গোলদাতা বনে যান তিনি। এ ম্যাচের আগে ১৬ গোল নিয়ে আল হিলালের আলেক্সান্দার মিতরোভিচের সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতা ছিলেন পর্তুগিজ মহাতারকা। চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৫১টি গোল করলেন রোনালদো।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় জয়ের পর সোশ্যাল মিডিয়ায় খেলার কিছু ছবি পোস্ট করে ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ‘টানা তৃতীয় জয় পেলাম আমরা! আরো সাফল্যের জন্য ক্ষুধার্থ আমরা, এগিয়ে চলো আল নাসর।’
১৭ ম্যাচে ১৩ জয় ও ১ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লীগ টেবিলের দুইয়ে আল নাসর এফসি। ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে নেইমারের আল হিলাল। যদিও পায়ের চোটে দীর্ঘদিন ক্লাব ফুটবলে নেই ব্রাজিলিয়ান সুপারস্টার। ২৪ পয়েন্ট নিয়ে আটে আল ইত্তেফাক।
