রিসেট

নওয়াজ শরীফ আজ মনোনয়নপত্র জমা দেবেন, ইমরান খান ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন

প্রকাশিত: ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: মানবজমিন ডেস্ক

আসন্ন জাতীয় নির্বাচনে পাকিস্তানের সংসদীয় আসন-১৫ মানসেহরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এই আসনটি তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) শক্ত ঘাঁটি। ২০১৩ এবং ২০১৮ সালে এই আসন থেকে এ দলের প্রার্থী বিজয়ী হন। নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো তাদের কৌশল নির্ধারণ করছে। এরই অংশ হিসেবে পিএমএলএন নেতা ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ সাফদার আওয়ান বলেছেন, নওয়াজ শরীফ সংসদীয় আসন-১৫ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে পার্লামেন্টের কমপক্ষে তিনটি আসন থেকে নির্বাচন করবেন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

বুধবার মিডিয়ার সঙ্গে কথা বলেন নওয়াজ শরীফের জামাই ও মরিয়ম নওয়াজের স্বামী সফদার। তিনি বলেন, আজ বৃহস্পতিবার ২১শে ডিসেম্বর ওই আসনে মনোনয়নপত্র জমা দেবেন সাবেক নওয়াজ শরীফ। আগামী ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রভাবশালী প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেয়া শুরু করেছে  নির্বাচন কমিশন। জিও নিউজ যেসব ডকুমেন্ট দেখতে পেয়েছে সে অনুযায়ী, বৃহস্পতিবার যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন, তার মধ্যে আছে নওয়াজ শরীফের নাম। 

চার বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর অক্টোবরে পাকিস্তান ফেরেন তিনি। এরপর দলের নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন। তার লক্ষ্য চতুর্থ মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হওয়া। দেশে ফেরার পর সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অ্যাভেনফিল্ড এবং আল আজিজিয়া রেফারেন্সে যে শাস্তি ও জরিমানা করা হয়েছিল তা থেকে বেকসুর খালাস দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। ওদিকে পানামা পেপারস মামলায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট সরকারি পদে যাবজ্জীবনের জন্য নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে। যদি তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, প্রধানমন্ত্রী হতে চান, তবে সেই অযোগ্য ঘোষণাকে অবৈধ ঘোষণা করাতে হবে অথবা সেই মামলা থেকে তাকে বেকসুর খালাস ঘোষণা করাতে হবে। 

ওদিকে আগের দিন অর্থাৎ মঙ্গলবার পিএমএলএনের ঘোর প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) ঘোষণা দিয়েছে, তারা জেলবন্দি ও নির্বাচন কমিশনে অযোগ্য ঘোষিত ইমরান খান কমপক্ষে তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান বলেছেন- লাহোর, ইসলামাবাদ এবং মিয়ানওয়ালি আসন থেকে নির্বাচন করবেন ইমরান খান।