রিসেট

বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে ব্যারিস্টার সুমনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

প্রকাশিত: ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী এলাকা। চা-বাগান অধ্যুষিত এ আসনটিতে স্বাধীনতার পর ৩টি নির্বাচন ছাড়া প্রতিটি নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। আর জয়ের ক্ষেত্রে মূল নিয়ামক হিসেবে কাজ করে চা শ্রমিকদের ভোট। স্বাধীনতার পর থেকেই তারা নৌকায় ভোট দিয়ে আসছেন। এ আসনে গত দু’বার নির্বাচিত হয়ে এবারও নৌকা পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। নির্বাচনের মাঠ অনেকটা অনুকূলেই ছিল তার জন্য। কিন্তু এবার নৌকার বিজয়ে বাধা হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরেক আওয়ামী লীগ নেতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যারিস্টার সাইদুল হক সুমন। ফলে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। হেভিওয়েট এ দুই প্রার্থী প্রতীক পাওয়ার পর সরব রয়েছেন ভোটের মাঠে।  

গত মঙ্গলবার দিন থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন চা বাগান ও পাড়া মহল্লায় জনসভা করেছেন মাহবুব আলী। দুপুরে চুনারুঘাটের আমু চা বাগানের নাচ ঘরে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। সভায় মাহবুব আলী বলেন, ‘বঙ্গবন্ধু চা শ্রমিকদের ভোটের অধিকার দিয়েছিলেন। স্বাধীনতার পর থেকেই আপনারা নৌকায় ভোট দিয়ে আসছেন। তাই এবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন। কোনো অপশক্তি চা শ্রমিকদের কিনতে পারবে না। কোনো ভণ্ড প্রতারকের কথা বিশ্বাস করবেন না।’ এদিকে মঙ্গলবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মাধবপুরে বিভিন্ন নির্বাচনী সভা করেছেন ব্যারিস্টার সুমন। বিকালে উপজেলার ট্রাকস্ট্যান্ড এলাকায় তার ঈগল মার্কার সমর্থনে মিছিল বের হয়। জনসভায় সুমন বলেন, ‘আমার এলাকার মানুষ ও আমার আশঙ্কা সন্ধ্যার পর ভোট কারচুপি হতে পারে। এলাকার মানুষ নৌকা না নৌকার মাঝি পরিবর্তন চায়।

 বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন আমিও বলি, তোমরা আমাদের ভাই, এমন কাজ করিওনা যাতে আমাদের মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। আমরা নৌকার বিরুদ্ধে না, মাঝি পরিবর্তন করতে চাই। তাই আওয়ামী লীগের ভাইদের বলি, অযথা কারচুপি কইরা নৌকারে ক্ষতিগ্রস্ত করবেন না। জনগণের ভোট জনগণের উপর ছেড়ে দিন। তারা যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’ এ আসনে নির্বাচন করছেন ৮ জন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহবুব আলী, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. আল আমিন, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ মনোনীত মো. আবু ছালেহ, জাতীয় পার্টি মনোনীত আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. মুখলেছুর রহমান, ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ-এর মো. আব্দুল মমিন, বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের রাশেদুল ইসলাম খোকন।