রিসেট

‘চিন্তা’য় পড়ে গিয়েছিলেন ল্যাথাম

প্রকাশিত: ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

দলীয় সংগ্রহ পঞ্চাশের কোঠা ছোঁয়ার আগেই বাংলাদেশের ৩ উইকেট তুলে নেয় নিউজিল্যান্ড। দলীয় ৮০ রানে চতুর্থ উইকেট হারায় টাইগাররা। গতকাল নেলসনের স্যাক্সটন ওভালে বোলিংয়ে দুর্দান্ত শুরুর পর টাইগারদের অল্পতেই গুঁড়িয়ে দেয়ার প্রত্যাশা জেগেছিল কিউই অধিনায়ক টম ল্যাথামের মনে। তবে শুরুর ধাক্কা সামলে সৌম্য সরকার, মুশফিকুর রহীম এবং মেহেদী মিরাজরা নৈপুণ্য দেখাতে থাকেন। গড়েন দুটি দুর্দান্ত পার্টনারশিপ। যা চিন্তায় ফেলে দিয়েছিল টম ল্যাথামকে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর নিজেই সেই কথা জানান কিউই অধিনায়ক। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৪ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুশফিকুর রহীমের সঙ্গে ৯১ এবং মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৬১ রানের দুটি জুটি গড়েন সৌম্য সরকার। টাইগার ওপেনার নিজে ১৫১ বলে ২২ চার ও ২ ছক্কায় খেলেন ১৬৯ রানের অসাধারণ ইনিংস। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের গণমাধ্যম ‘টেলিভিশন নিউজিল্যান্ড’কে কিউই অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘সম্ভবত আমরা রানটা বেশি দিয়ে ফেলেছিলাম। ১০ ওভার শেষে যে অবস্থানে ছিলাম আমরা, মনে হচ্ছিল আমরাই আধিপত্য দেখাচ্ছি। কিন্তু এরপর তারা দুটি দুর্দান্ত পার্টনারশিপ গড়লো। সৌম্য সরকার অসাধারণ একটি ইনিংস খেলেছেন।’
বাংলাদেশের দেয়া লক্ষ্য তাড়ায় ৭ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ল্যাথাম বলেন, ‘ওপেনাররা যেভাবে ইনিংসের শুরুটা করলো, তা অসাধারণ। প্রথম ১০ ওভারে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে দ্রুত রান তোলার চেষ্টা করেছে ওরা। দুটি জুটির চেষ্টায় আমরা সুবিধাজনক অবস্থানে পৌঁছে যাই।’
ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পূর্ণশক্তির দল রাখেনি নিউজিল্যান্ড। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা অধিকাংশ সিনিয়র এবং নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দেয় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ওপেনার ডেভন কনওয়ে এবং ওয়ানডাউন ব্যাটার কেইন উইলিয়ামসনও নেই সিরিজে। সেই সুযোগে দুই ব্যাটারের স্থলাভিষিক্ত হয়েছেন উইল ইয়ং এবং হেনরি নিকোলস। সুযোগ পেয়েই জ্বলে উঠলেন দু’জন। প্রথম ওয়ানডেতে ১০৫ রান করা উইল ইয়ং দ্বিতীয় ম্যাচে করলেন ৮৯ রান। প্রথম ওয়ানডেতে ডাক মারলেও দ্বিতীয় ম্যাচে ৯৫ রান করেন নিকোলস। দুই ব্যাটারকে নিয়ে অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘তারা নিজেদের পছন্দমতো সুযোগ করতে পারছিল না। এমন অবস্থায় দলে ফিরে এবং পারফর্ম করাটা সন্তোষজনক। তারা দুর্দান্ত খেলেছে আজ (গতকাল)।’

বোলারদের দায় দিলেন শান্ত
সৌম্য, মুশফিক, মিরাজ ছাড়া বাংলাদেশের ইনিংসে সুবিধা করতে পারেননি কেউ। ছয় ব্যাটার ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। রয়েছে ডাকও। তবে অধিনায়ক শান্তর ভাষ্য, সৌম্যর সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহই পায় বাংলাদেশ। বোলারদের দায় দিয়ে শান্ত বলেন, ‘উইকেট খুব ভালো ছিল। নতুন বলে বোলারদের জন্য তেমন সুইং ছিল না। আমরা শুরুতেই কয়েকটা উইকেট হারাই, এটা আমাদের ভুগিয়েছে।’ এরপর শান্ত বলেন, ‘আমার মনে হয়, আমরা বড় সংগ্রহই পেয়েছিলাম। তবে নতুন বলে বোলাররা ভালো করতে পারেনি। শুরুর দিকে দুই-তিনটা উইকেট নিতে পারলে ম্যাচটা ভিন্ন রকম হতো।’