পর পর সেরা করদাতা নির্বাচিত হয়েছেন মো. ইউনুস আলী। ১৯৯২ সালে জাপান থেকে প্রথমে চারটি রিকন্ডিশন গাড়ি এনে ব্যবসা শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে ব্যবসার প্রসার বাড়তে থাকে। একসময় নিজেকে তৈরি করেন সফল ব্যবসায়ী হিসেবে। ঢাকায় তার জন্ম। বিজয়নগরে ব্যবসা শুরু করেন। চার-পাঁচ বছর পর বাংলামোটরে মরিয়ম কারস লিমিটেড নামে একটি শো-রুম খোলেন। করোনার আগে বছরে ১০০০ থেকে ১২০০ গাড়ি বিক্রি করেছেন তিনি। বর্তমান সময়ে ডলারের দাম বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতাসহ দেশে নানাবিধ সমস্যায় বিক্রি কমেছে। বর্তমানে মাসে বিক্রি হচ্ছে ২৫-৩০টি গাড়ি। তবে তিনি হাল ছাড়ছেন না। ইউনুস আলী তার এই প্রতিষ্ঠানটির হালচাল ও নানাবিধ বিষয় নিয়ে মানবজমিনের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক ছোটবেলা থেকে ব্যবসা শুরু করি। পরিবারের সবাই ব্যবসার সঙ্গে মোটামুটি সংযুক্ত। ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত এই পেশায় সংযুক্ত রয়েছি। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সেরা করদাতা নির্বাচিত হয়েছি। প্রথমে অফিস ছিল বিজয়নগরে সেখান থেকেই আমার এই ব্যবসাটা শুরু হয়। অন্য ব্যবসা থেকে আমার কাছে মনে হয় এই ব্যবসাটা একটু ঝুঁকি মুক্ত। গাড়িটা আমি নিয়ে আসছি আর বিক্রি করছি। অন্যান্য ব্যবসা আমি ইনপুট করেছি সেটি মার্কেট থেকে পয়সা তোলা খুবই কষ্টকর। এই জন্য আমার এই ব্যবসাটা পছন্দ। তবে একটা ঝুঁকি থেকে যায় যখন বাজেটে শুল্ক বাড়ানো বা কমানো হয়। তখন একটু আমাদের হিমশিম খেতে হয়। মো. ইউনুস আলী বলেন, রিকন্ডিশন গাড়ির ব্যবসাটি নিয়ে বর্তমানে আমরা তিন দিকের চাপে আছি।
প্রথমত; রাজনৈতিক সহিংসতা চলছে। এরমধ্যে দোকান খুলতে পারছি না। ব্যবসা-বাণিজ্য টোটালি বন্ধ। ২৮ তারিখের পর থেকে আমরা শুধু লসের খাত দেখছি কোনো ব্যবসা নেই। দ্বিতীয়ত; এখন ডলারের যে অবস্থা, আমরা ব্যাংক থেকে ১১৫ টাকা, ১১৮ টাকা, ১২২ টাকা আবার কোনো ব্যাংক থেকে ১২৬ টাকায় ডলার কিনতে হচ্ছে। এই অরাজকতায় আমার মনে হয় না কোনো ইমপোর্টার ভালো আছে। সব ইমপোর্টার বর্তমানে ক্ষতিগ্রস্ত। এখন এলসি করলাম ১১২ টাকায় পেমেন্ট ছাড়লাম ১২২ টাকা। ব্যাংকে কোনো নিয়ন্ত্রণ নেই। তৃতীয়ত; পোর্টের একটা চাপ আছে। যেমন গত মাস থেকে তারা চালু করেছে এক মাসের অধিক গাড়ি যদি পোর্টে থাকে সেক্ষেত্রে অটোমেটিক্যালি বেল্টটা লক হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আমার গাড়িটি ছুটাতে পারবো না। এর আগে এটি ছিল না। এসব মিলিয়ে আমরা আমদানিকারকরা এই তিন ধরনের চাপে আছি।
তিনি বলেন, বহির্বিশ্বে ডলার খুব একটা উঠানামা করে না। কিন্তু আমাদের দেশে ৫-৭ টাকা ডিফারেন্স হয়ে যায়। ডলারের দাম স্থিতিশীল থাকলে বাজারও স্থিতিশীল থাকে। আমদানিকারকদেরও অস্থিরতা বাড়ে। মার্কেটে অরাজকতা সৃষ্টি হয়। গাড়ি কোনো বিলাসী পণ্য নয়, এটি এখন একটি জরুরি পণ্য। একটি ব্যক্তিগত গাড়ি দিয়ে নিজের নিরাপত্তা, সন্তানদের স্কুলে পাঠানো, নিজের অফিসে স্বাচ্ছন্দ্যে যাওয়া যায়। বাংলাদেশে যত মাইক্রোবাস আছে ৯০ শতাংশ জাপানিজ রিকন্ডিশন। এক্সি করলা গাড়ি মধ্যবিত্তরা বেশি ব্যবহার করে। এই গাড়ির বর্তমান ট্যাক্স ১২ লাখ টাকা। একটি হায়েস গাড়ির ট্যাক্স ১২ লাখ টাকা। আমার মনে হয় এই ট্যাক্সের পরিমাণটা কমলে সাধারণ মানুষের উপকার হতো। ২০ লাখ টাকার নিচে কোনো গাড়িই নেই। অনেক বেকার এই গাড়ি কিনে সে স্বাবলম্বী হতে পারে। সরকার যদি আমদানিকৃত গাড়ির উপরে ট্যাক্স একটু কমিয়ে দেয় সেক্ষেত্রে সবার জন্য সুবিধা হবে। ডলারের দাম কমলে সাধারণ মানুষ স্বস্তি পাবে। বর্তমানে ৮০ শতাংশ ব্যক্তিগতভাবে গাড়ি ব্যবহার হয়, বাকি ২০ শতাংশ বাণিজ্যিক। মাসে আমার কোম্পানি থেকে ২৫-৩০টি গাড়ি বিক্রি করতে পারি। আমার এখানে টয়েটো ব্র্যান্ড ৯৮ শতাংশ এবং বাকি অন্যান্য। জাপানিরা তাদের কমিটমেন্ট ঠিক রাখে। এর চেয়ে ভালো ব্যবসা বাংলাদেশে আছে বলে আর মনে হয় না। এটি ঝুঁকি ছাড়া ব্যবসা। এই সেক্টরে নতুন প্রজন্মের ব্যবসায়ী দেখতে চাই। আমার এই প্রতিষ্ঠানে ৪৫ জন কর্মচারী ছিল। করোনার পর থেকে কমতে কমতে বর্তমানে ২৫-৩০ জন কর্মরত রয়েছে।
