যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিশেষ জুতা পরে পার্থ টেস্ট খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার উসমান খাজা। তবে এতে বাধ সাধে আইসিসি। নিয়ম ভঙ্গ হওয়ার অজুহাতে খাজাকে কড়া হুঁশিয়ারি দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে পাল্টা জবাব দেয় খাজাও। ভিডিও বার্তা দিয়ে জানান, নিয়ম না ভেঙ্গেই আইসিসির বিরুদ্ধে অবস্থান নেবেন তিনি, সমর্থন জানাবেন ফিলিস্তিনবাসীদের। পরিকল্পনা বাস্তবায়নও করলেন অজি ওপেনার। ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে করলেন ‘নীরব’ প্রতিবাদ।
‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ স্লোগান সম্বলিত বিশেষ জুতা পরে পার্থে খেলতে চেয়েছিলেন উসমান খাজা। অনুশীলনেও ফিলিস্তিনিদের সমর্থন জানানোর বিশেষ উপায়টি চর্চা করেন তিনি। তবে আইসিসির বাধায় ম্যাচ ডে’তে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি অজি ওপেনার। সংবাদ সংস্থা এএফপির প্রকাশিত খাজার ওয়ার্ম-আপের একটি ছবিতে দেখা যায়, বাঁ পায়ের যে জুতায় ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে বার্তা লিখেছিলেন খাজা, তাতে সাদা স্কচট্যাপ মারা। এরপর ম্যাচে নামার সময় দেখা যায়, খাজা নিজের বাম হাতে কালো রঙয়ের একটি আর্মব্যান্ড বেঁধেছেন। বোঝাই যাচ্ছে, আইসিসির বাধা-নিষেধ থাকায় ফিলিস্তিনিদের সমর্থন জানাতে ভিন্ন কায়দা বেছে নিয়েছেন।
পার্থ টেস্টে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৪১ রানে আউট হন উসমান খাজা। ৯৮ বলে ৬ বাউন্ডারিতে ৪১ রান করেন এই বাঁহাতি ওপেনার।
