রিসেট

ড্র করেই শেষ ষোলোয় পিএসজি, জয়েও বিদায় এসি মিলানের

প্রকাশিত: ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোয় পৌঁছে বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের ৬ষ্ঠ ম্যাচ জিতে দ্বিতীয় ধাপে পৌঁছানোর সুযোগ ছিল ‘এফ’ গ্রুপের বাকি তিন দলের- প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), এসি মিলান এবং নিউক্যাসল ইউনাইটেডের। শেষ মুহূর্তের সমীকরণ মেলানোর পরীক্ষায় বুধবার সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে পিএসজি। আর নিউক্যাসলের মাঠ সেইন্ট জেমস পার্কে ২-১ গোলের জয় পায় এসি মিলান। জয় পেলেও লাভ হয়নি ইতালিয়ান সিরি আ’র দলটির, যেতে পারেনি দ্বিতীয় ধাপে। ড্র করেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে পিএসজি। আর গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় নিউক্যাসল।

৫ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আগেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের পাঁচ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ছিল ৭। আর এসি মিলান এবং নিউক্যাসলের ছিল সমান ৫ পয়েন্ট করে। অর্থাৎ, নিজেদের ষষ্ঠ ম্যাচে পিএসজি জয় পেলে বিনা হিসেবে বিদায় নিতো এসি মিলান ও নিউক্যাসল। তবে পিএসজি ড্র করায় সুযোগ ছিল দুই দলের। সেই সুযোগ কাজেও লাগিয়েছে এসি মিলান। তবে জয়ের ব্যবধানটা বড় না হওয়ায় কপাল পুড়েছে রোজেনেরিদের। ৬ ম্যাচ শেষে ২ জয় ও ২ ড্রয়ে ৮ পয়েন্ট পিএসজির। সমান পয়েন্ট এসি মিলানেরও। গোল পার্থক্যে এগিয়ে থাকা ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়ে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোয় পৌঁছায় পিএসজি। আর এসি মিলানের সুযোগ হয় ইউরোপা লীগে। ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব সিক্সটিনে পৌঁছায় ডর্টমুন্ড। আর ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় নিলো নিউক্যাসল।
সিগনাল ইদুনা পার্কে ম্যাচের ৫১তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ড। গোলটি করেন জার্মান উইঙ্গার কারিম আদেয়েমি। পাঁচ মিনিটের ব্যবধানে ফল নির্ধারণী গোলটি করেন পিএসজির ফরাসি মিডফিল্ডার ওয়ারেন এমেরি। 

২০২৩-২৪ চ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্বে ৪ জয়ের সঙ্গে ২টি ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড। হারেনি একটি ম্যাচও। জার্মান কোচ এডিন তারজিচের অধীনে চ্যাম্পিয়নস লীগে টানা ৭টি হোম ম্যাচ জিতলো ডর্টমুন্ড। একজন কোচের অধীনে ডর্টমুন্ডের পাওয়া এক টানা যৌথভাবে সর্বাধিক হোমম্যাচ জয়ের রেকর্ড এটি। ২০২০ সালে লুসিয়েন ফ্যাভ্রে এবং ২০১৩ সালে ইয়ুর্গেন ক্লপ একই কীর্তি গড়েছিলেন ডর্টমুন্ডের হয়ে। 

চ্যাম্পিয়নস লীগে টানা ১৬টি অ্যাওয়ে ম্যাচের কোনোটিতে ক্লিনশিট রাখতে পারেনি পিএসজি। ম্যাচগুলোতে মোট ২৮টি গোল হজম করেছে লা প্যারিসিয়ানরা। চ্যাম্পিয়নস লীগের ২০২৩-২৪ মৌসুমে খেলা দলগুলোর মধ্যে একটানা সর্বাধিক অ্যাওয়ে ম্যাচে গোল খাওয়ার রেকর্ড এটি।
এদিকে সেইন্ট জেমস পার্কে ম্যাচের ৩৩তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক নিউক্যাসল। গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোয়েলিংটন। ৫৯তম মিনিটে মার্কিন উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে সমতা টানে এসি মিলান। আর ৮৪তম মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার স্যামুয়েল চুকেইজের গোলে জয় নিশ্চিত করে রোজেনেরিরা।
এসি মিলানের কাছে হেরে লজ্জার রেকর্ড গড়ে নিউক্যাসল ইউনাইটেড। নিজেদের চ্যাম্পিয়নস লীগ ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ টেবিলের তলানিতে থেকে বিদায় নিলো প্রিমিয়ার লীগের দলটি।