উয়েফা চ্যাম্পিয়নস লীগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই দেখা হয় বার্সেলোনা ও রয়্যাল অ্যান্টওয়ার্প এফসির। ঘরের মাঠে সেই ম্যাচটিতে বেলজিক ক্লাবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্লাউগ্রানারা। এবার কাতালানদের নিজেদের আঙ্গিনায় পেয়ে প্রতিশোধ নিলো অ্যান্টওয়ার্প। বুধবার রাতে বেলজিয়ামের বুসাও স্টেডিয়ামে ইউসিএলের ‘এইচ’ গ্রুপের ম্যাচে বার্সেলোনাকে ৩-২ গোলে হারায় স্বাগতিক অ্যান্টওয়ার্প। এতে রেকর্ড গড়ে ক্লাবটি।
বার্সেলোনার বিপক্ষে পাওয়া জয়টি ইউরোপিয়ান প্রতিযোগিতায় রয়্যাল অ্যান্টওয়ার্প এফসির ইতিহাসে প্রথম জয়। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগে সুযোগ পাওয়া দলটি গ্রুপ পর্বে নিজেদের প্রথম পাঁচটি ম্যাচই হেরেছে। দলের সাফল্যের সঙ্গে ‘প্রথম’ জয়ের স্বাদ পেয়েছেন অ্যান্টওয়ার্প কোচ মার্ক ভ্যান বোমেলও। কোচ হিসেবে চ্যাম্পিয়নস লীগে প্রথম জয় পাওয়া এই ডাচ্ ম্যানেজার আগের ১৪ ম্যাচের ১০টিই হেরেছেন। ৪টি ড্র।
ঘরের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় অ্যান্টওয়ার্প। গোলটি করেন বেলজিক মিডফিল্ডার আর্থার ভেরমেরেন। এতে চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে বেলজিয়ামের সর্বকনিষ্ঠ গোলদাতা বনে গেলেন তিনি। মাত্র ১৮ বছর ৩০৯ দিনে এই কীর্তি গড়লেন ভেরমেরেন।
৩৫তম মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার ফেরান তরেসের গোলে সমতা টানে বার্সেলোনা। বিরতির পর ৫৬তম মিনিটে অ্যান্টওয়ার্পকে দ্বিতীয় লিড এনে দেন ডাচ্ ফরোয়ার্ড ভিনসেন্ট জ্যানসেন। রোমাঞ্চকর ম্যাচের ৯০+১ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার মার্ক গুইয়ের গোলে সমতা টানে বার্সেলোনা। এক মিনিট পরই নাইজেরিয়ান ফরোয়ার্ড জর্জ আইলেনিখেনার গোলে জয় ছিনিয়ে নেয় অ্যান্টওয়ার্প। ৯২তম মিনিটে পাওয়া গোলটিতে চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে গ্রুপপর্বে পাওয়া ‘লেটেস্ট উইনিং’ গোলের রেকর্ড গড়ে অ্যান্টওয়ার্প।
এই হারে অবশ্য কোনো ক্ষতি হয়নি বার্সেলোনার। ১ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর টিকিট পাওয়া দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে। ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট ব্লাউগ্রানাদের। চ্যাম্পিয়নস লীগ যাত্রায় ব্যাঘাত না ঘটলেও দলের পারফরম্যান্সে ভীত বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা (পরাজয়) স্বাভাবিক বিষয়। তবে আমি এই ফলে ভীত।’
জাভি বলেন, ‘ছেলেরা অস্বস্তিতে আছে। বাজে একটা ফল হলো। আমাদের আরো সক্রিয় হতে হবে। প্রতিপক্ষ অনেক সুযোগ পেয়েছে, যা আমাদের ভুগিয়েছে। ইতিবাচক বিষয় হলো, আমরা শেষ ষোলোতে পৌঁছে গেছি।’
‘এইচ’ গ্রুপে রাতের অন্য ম্যাচে শাখতার দোনেৎস্ককে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে এফসি পোর্তো। ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ পর্তুগিজ ক্লাবটি। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে বার্সেলোনা। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তিনে থাকা শাখতার পেলো ইউরোপা লীগে সুযোগ। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা অ্যান্টওয়ার্পের প্রাপ্তি একটি জয়।
