রিসেট

গণতন্ত্রকামী মানুষের পিঠ দেয়ালে ঠেকাতে নেই: বার্মা অ্যাক্ট ও মিয়ানমার জান্তার পরাজয়

প্রকাশিত: ১৩ ডিসেম্বর (বুধবার), ২০২৩ Archive 2022Source: আবু রুশ্‌দ

কথায় বলে মগের মুল্লুক। মিয়ানমার যার নাম ছিল একসময় বার্মা সেখানেই মগদের বাস। সেই মুল্লুকটিও মগদের। আমরাও এখন মগের মুল্লুক কিনা তা নিয়ে গবেষণা করা যেতে পারে। সন্তানকে না পেয়ে বৃদ্ধা মা 'কে যখন পুলিশ ধরে নিয়ে যায়, রপ্তানি আয়ের ১২ বিলিয়ন ডলার ব্ল্যাক হোলে হারিয়ে যায় তখন মগের মুল্লুক হতে আর বাকি আছে কি? তবে বাকি যা আছে তা হলো বঙ্গোপসাগর এলাকা যখন পুড়ছে, তখন আমরা দিব্বি কন্ট্রোলড বা নিয়ন্ত্রিত নির্বাচনের পথে এগিয়ে চলেছি। চারপাশের আগুন হয়তো দেখছি না, নয়তো দেখেও চোখে ঠুলি পড়ে আছি নির্বিকার চিত্তে।

মিয়ানমার আজ ইতিহাসের এক নতুন বাঁকে। দীর্ঘ প্রায় ষাট বছর সামরিক বাহিনী ওই দেশটি শাসন করলেও সেদেশের সেনাবাহিনী আজ কর্পুরের মতো উড়ে যেতে বসেছে। সেনাবাহিনী হাওয়ায় মিলিয়ে যেতে পারে এই ধারণাটা বেশ অস্বাভাবিক। কিন্তু অসম্ভব কিছু নয়। মিয়ানমার সেনাবাহিনী হাওয়ায় উড়ে গিয়ে প্রমাণ করছে সেনাবাহিনী জীবিত নেই। সর্বশেষ যেসব খবর পাওয়া যাচ্ছে তাতে দেখা যায় সেদেশের প্রায় ৭০ ভাগ এলাকা গণতন্ত্রকামী যোদ্ধা ও বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীদের দখলে। সবচেয়ে বড় শহর রেঙ্গুন প্রায় দখলের পথে। এনইউজি বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সমর্থিত গেরিলা যোদ্ধারা তা ঘিরে রেখেছে। মিয়ানমার সেনাবাহিনী পড়েছে ১৯৭১ সালে ঢাকায় কোণঠাসা হওয়া পাক বাহিনীর অবস্থায়। বাংকার খনন করছে, বালির বস্তা দিয়ে মেশিনগান পিট বানাচ্ছে শেষ অবস্থান ধরে রাখার জন্য। বিদ্রোহীরা ইতোমধ্যেই রেঙ্গুন এলাকার ১৮টি পুলিশ ফাড়ি উড়িয়ে দিয়েছে। তাদের হাতে নিহত হয়েছে সামরিক জান্তার অন্যতম কুশীলব ২১তম মিলিটারি অপারেশন্স কমান্ডের প্রধান অং জউ লিন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, মিয়ানমার কয়েক টুকরা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পকেটগুলো থেকে মিয়ানমার সেনাবাহিনী দূর পাল্লার কামান দিয়ে যত্রতত্র বেসামরিক অবস্থানে গোলাবর্ষণ করছে তাদের অস্তিত্ব জানান দেয়ার জন্য। বাংলাদেশের সীমানার পাশে রাখাইন এলাকায় সাধারণ নাগরিকদের বাড়িঘর লক্ষ্য করে চলছে সেনাদের টার্গেট প্রাকটিস। তবে মিয়ানমার সেনাবাহিনীর কাছে খুব একটা গোলা বারুদ নেই। এমনকি হালকা অস্ত্র যেমন রাইফেল, রকেট লাঞ্চার, মর্টারের গোলা শেষের পথে। তাদের সেনাবাহিনীর প্রায় নব্বই ভাগ অস্ত্র চীনের তৈরি। গত ২০২১ সালে সেনা শাসন কায়েম হওয়ার পর থেকে চীন সর্বোত উপায়ে মিয়ানমারকে সহায়তা করলেও হঠাৎ করে প্রায় মাস দুয়েক হলো সকল প্রকার গোলা বারুদ, সমরাস্ত্র, খুচরা যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিয়েছে। এ জাতীয় সমরাস্ত্রের গোলা এখন কেবল দুই দেশে তৈরি হয়। চীন ও পাকিস্তানে। কেউ গোলা দিচ্ছে না। রাশিয়ার সরবরাহকৃত যেসব সরঞ্জাম ও যুদ্ধ বিমান রয়েছে সেগুলোর গোলা, মিসাইল বোমা সরবরাহও করতে পারছে না রাশিয়া। কারণ তাকে যুদ্ধ করতে হচ্ছে ইউক্রেনে। নিজের ভাণ্ডারে কমতি পড়ায় রাশিয়াকে বহু কিছুই নিতে হচ্ছে উত্তর কোরিয়া ও ইরান থেকে।

এদিকে গত দুই মাসে মিয়ানমার সেনাবাহিনীর প্রায় চল্লিশ হাজার সৈন্য আত্মসমর্পণ করেছে ও আরো প্রায় ত্রিশ হাজার পালিয়ে গেছে। বিভিন্ন সেনানিবাস ও রণাঙ্গন থেকে সামরিক পোশাক খুলে সাদা পোশাকে সৈনিক ও অফিসাররা পালিয়ে চলে গেছে বনে জঙ্গলে বা গ্রামে। ইরাকের দশ লাখ সেনাবাহিনীও এভাবে পোশাক ফেলে পালিয়ে গিয়েছিল। লিবিয়ার গাদ্দাফিকে রক্ষার শপথ নিয়েও সেদেশের সৈন্যরা হাওয়ায় মিশে গিয়েছিল। নিবর্তনবাদী সেনাবাহিনী হয়তো এভাবেই উবে যায়। রাষ্ট্র বিজ্ঞানে এনিয়ে গবেষণার একটা চমৎকার সুযোগ হয়তোবা এসব হাওয়ায় মিলিয়ে যাওয়া সেনাবাহিনী তৈরি করে দিচ্ছে। মিয়ানমার সেনাবাহিনীর পাশে এখন কেউ নেই। রাশিয়া নীতিগতভাবে থাকলেও তাদের সেই সামর্থ্য নেই পরিস্থিতি উল্টে দেয়ার। তবে ভারত এক্ষেত্রে বিস্ময়করভাবে মিয়ানমারের পালিয়ে যাওয়া বা পরাজিত সৈনিকদের আশ্রয় দিতে শুরু করেছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হওয়ার পরও কেন ভারত একটি সেনা শাসন পরিচালনাকারী জুলুমবাজ সেনাবাহিনীকে ওয়েলকাম করছে তা এই এলাকার কৌশলগত প্রতিযোগিতায় এক নতুন মেরুকরণের সৃষ্টি করতে পারে।

মিয়ানমার সেনাবাহিনী একটি দয়ামায়াহীন অর্থাৎ রুথ লেস সেনাবাহিনী। ক্যু করার পর এরা গণতন্ত্রকামী কর্মী সমর্থকদের অকল্পনীয় কঠোরতায় দমন করার চেষ্টা করেছে। রেঙ্গুনের সড়কে বেসামরিক প্রতিবাদকারীদের উপর চলন্ত সামরিক ট্রাক, এমনকি সাঁজোয়া যান চালিয়ে দিয়েছে। লাখ লাখ গণতন্ত্রকামী মানুষ বসতভিটা ছেড়ে জঙ্গলে চলে গেছে, নয়তো জেলে গেছে অসহনীয় বর্বরতার সাক্ষী হতে। অনেকেই চরম নির্যাতনে জেলে প্রাণ ত্যাগ করেছে। গোয়েন্দা সংস্থা যখন যাকে খুশি ধরে নিয়ে গেছে। গুম হয়েছে অগণিত বার্মিজ জনতা। কথা বলা, প্রতিবাদের সব পথই রুদ্ধ করা হয়েছে সকল শ্রেণির মানুষের। শুধু আরাম আয়েশে, মৌজ-ফুর্তিতে থেকেছে সরকারপন্থী গোষ্ঠি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নিপীড়িত মানুষগুলোই একসময় গহীন অরণ্যে জড়ো হতে শুরু করে। একজোট হয়ে গঠন করে এনইউজি জাতীয় ঐক্যের সরকার। বৃটেন, আমেরিকা ও ইউরোপের দেশে দেশে এরা গঠন করে স্বাধীন মিয়ানমার সরকার যেমনটি আমরা করেছিলাম মুক্তিযুদ্ধের সময়। গণতান্ত্রিক দেশগুলো সঙ্গতকারণেই এগিয়ে আসে এনইউজি'র সহায়তায়।

মিয়ানমারে আজ হুট করে কেন এতো বড় সেনাবাহিনী পরাজয় ও ধ্বংসের মুখে এই প্রশ্নটি করাই যায়। রাশিয়া, চীন ও ভারত তো এদের জন্য কম সামরিক সহায়তা প্রদান করেনি! কোভিডের মতো দুর্যোগকালেও রাশিয়া বিশালাকৃতির ইলিউশিন-৭৬ বিমান দিয়ে সমরাস্ত্র, সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে মিয়নমারে। সামরিক জান্তার প্রধান জেনারেল মিন অং হ্লা দুই বার রাশিয়া সফরে গিয়ে একনায়ক পুতিনের সাথে দেখা করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ছুটে এসেছেন রাজধানী ন পি দু'তে। ভারত তার নৌ বাহিনী থেকে ডি কমিশন্ড করে রাশিয়ার তৈরি একটি সাবমেরিন দিয়ে দিয়েছে মিয়ানমার নৌ বাহিনীকে। এস ইউ-৩০ এর মতো অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার প্লেন দিয়ে মিয়ানমার বিমান বাহিনীকে শক্তিশালী করেছে রাশিয়া।

তারপরও কেন এমন হলো? এর উত্তর হতে পারে বার্মা অ্যাক্ট। BURMA ACT-Burma Unified Through Rigorous Military Accountability Act। মার্কিন যুক্তরাষ্ট্র ২০২২ সালের ২১ ডিসেম্বর এই বিশেষ অ্যাক্টটি কার্যকর করে। প্রেসিডেন্ট বাইডেন এতে স্বাক্ষর করার পর এটা তাদের আইনে পরিণত হয়। এখানে দু'টি বিষয় লক্ষ্যণীয়। একটি হলো মিয়ানমারকে তার পূর্ব নাম বার্মা হিসাবে উল্লেখ করা। দ্বিতীয়টি হলো রিগোরাস মিলিটারি' এই দুটি শব্দ। সোজা কথায় কঠোর সামরিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বার্মাকে পুনরেকত্রিত করা। আগের বার্মার সীমানা বা অবয়বটি কি ছিল? এটা নাই বা বললাম। খোঁজ নিলে চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে। এদিকে এই বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে মার্কিন যে কোন বাহিনী ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জন্য আনএকাউন্টেড অর্থ বরাদ্দ করা হয়েছে। এই অ্যাক্টটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স একাউন্টিবিলিটি অ্যাক্টের অধীনে স্বাক্ষর করা হয়েছে। যতো ডলার লাগে লাগুক, যতো কিছু করতে হোক করা হবে এটাই হলো বার্মা অ্যাক্টের ভয়ংকর দিক। এই অ্যাক্টের মাধ্যমেই মার্কিনীরা মিয়নমারের গণতন্ত্রকামী জাতীয় ঐক্যের সরকারকে যাবতীয় সহায়তা প্রদান করেছে গত কয়েকটি মাস। অস্ত্রশস্ত্র, প্রশিক্ষণ সবই দিয়েছে। সাথে অবশ্যই আছে কূটনৈতিক বাতাবরণ। সরাসরি সৈন্য নামিয়ে যুদ্ধ করার চেয়ে প্রক্সি ওয়ারের মাধ্যমেই বাস্তবায়িত হতে যাচ্ছে বার্মা অ্যাক্ট।

এখন একদিকে এই বার্মা অ্যাক্টের প্রভাবে মিয়ানমারের সমুদ্র তট সংলগ্ন দক্ষিণাঞ্চল এনইউজি'র কব্জায় চলে আসছে। অন্যদিকে চীন সীমান্তের শান ও চিন প্রদেশ দুটিতে অন্যান্য বিদ্রোহী বাহিনী মিয়ানমার সেনাবাহিনীকে পর্যদস্তু করে ব্যাপক এলাকা দখল করে নিয়েছে। চীন কোনো সাড়া শব্দ করছে না। কেন? মিয়ানমারের দক্ষিণে চীন গভীর সমুদ্র বন্দর তৈরির উদ্যোগ নিয়েছিল একসময়। বেল্ট  অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতাধীন এই বন্দর হতে চীনের কুনমিং পর্যন্ত গ্যাস লাইন, সড়ক তৈরির কাজ শুরু হয়েছিল। লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ এসে ভিড়বে গভীর সমুদ্র বন্দরে। এরপর খুব সহজে বড় ট্যাংকারে করে জ্বালানি তেল নিয়ে যাওয়া হবে চীনে। এছাড়া ইউরোপ, আফ্রিকার সাথে আমদানি-রপ্তানির কাজও চলবে ওই বন্দর দিয়ে। বিআরআই প্রকল্পে আরো যুক্ত হবে বাংলাদেশ টেকনাফ হয়ে। চট্টগ্রাম-কক্সবাজার রেল সংযোগ সেই উদ্দেশ্যেই নির্মাণ করা হয়েছে। এখন মিয়ানমারের এই দক্ষিণাঞ্চল যদি এনইউজি 'র আওতাধীন থাকে তাহলে চীন কখনোই গভীর সমুদ্র বন্দরটিকে সচল করতে পারবে না। এটা চীনের জন্য লজিস্টিকস নাইটমেয়ার। তাই মার্কিনীরা বার্মা অ্যাক্ট বাস্তবায়নের মাধ্যমে যা করছে সেখানে চুপ থেকে যদি পরিবর্তিত পরিস্থিতির সুবিধা নেয়া যায় তো খারাপ কি? চীন সেটাই চাইছে ও পর্দার আড়ালে যোগাযোগ রাখছে আমেরিকা ও এনইউজি'র সাথে। এজন্য মিয়ানমার সেনাবাহিনীকে গোলা বারুদ দেয়া বন্ধ করে দিয়েছে চীন সরকার। কে থাকতে চায় পরাজিতের সাথে?

চীনের আরেকটি মাথাব্যথা হলো মিয়ানমারে রাশিয়া ও ভারতের অব্যাহত প্রভাব বৃদ্ধি। গত নভেম্বর ও ডিসেম্বরে রাশিয়া এবং ভারত মিয়ানমারের সাথে যৌথ সামরিক মহড়ার অয়োজন করে। অনেক আগে থেকেই রাশিয়ার গোপন উদ্দেশ্য বঙ্গোপসাগরে হাত দেয়ার। ১৯৭১ সালে বাংলাদেশ হওয়ার পর একারণেই রাশিয়ার সশস্ত্র বাহিনীর একটি দল চট্টগ্রামে অবস্থান নিয়েছিল। চীন পরিবর্তিত পরিস্থিতিতে আবারো ইতিহাসের চাকা পিছনে ঘোরাতে রাজি নয়। ভারতের উপস্থিতিও মিয়ানমার এলাকায় তার কৌশলগত স্বার্থের বাইরে। আবার বাংলাদেশের টেকনাফ এলাকায় লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর উপস্থিতিতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প বাস্তবায়নও সম্ভব নয় চীনের পক্ষে। যে পথ দিয়ে বাংলাদেশ-মিয়ানমার হয়ে চীনের সাথে সংযোগ সৃষ্টির কথা সেই পুরো পথটাই আজ অস্থিতিশীল, মিয়ানমার এলাকায় পুরোটাই বিদ্রোহীদের দখলে। তাই বিআরআই অদূর ভবিষ্যতে আলোর মুখ দেখবে না এটা হলফ করে বলা যায়। রাশিয়াকেও ছাড়তে হবে এই এলাকা। আর ভারতের ভূমিকা মার্কিনীদের সাথে তৈরি করবে যোজন যোজন দূরত্ব। এটা কৌশলগত যুদ্ধ। এতে হয় তুমি আমার সাথে, নয়তো তুমি আমার বিরুদ্ধে।

 বার্মা অ্যাক্টের প্রথম ধাপ বাস্তবায়িত হতে যাচ্ছে। বাকিটাও হবে। অর্থাৎ মিয়ানমার হয়ে বঙ্গোপসাগর এলাকায় সূচিত হচ্ছে মার্কিন কৌশলগত সুপ্রিমেসি। আইপিএস-ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজি বাস্তবায়নে এই এলাকা হয়ে মালাক্কা প্রণালী থাকবে মার্কিন প্রভাব বলয়ে। মিয়ানমারে আসবে গণতন্ত্র। প্রতিবেশী ভারত সেই গণতন্ত্রকে সমর্থন করবে কিনা তা এখনি হয়তো বলা যাবে না।

 আমাদের ঠিক সীমান্তের ওপারেই চলছে গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধ। দেশে দেশে স্বৈরাচারী শাসকদের মুরুব্বি রাশিয়া তাই একটু সরে এসে বাংলাদেশের উপর ভর করতে পারে। আবার বাংলাদেশেও চলছে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম। এখানেও বিরোধী মতের মানুষ গুম হয়। এদেশেও একইভাবে মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়। লাখ লাখ রাজনৈতিক কর্মী দিয়ে ঠাসা হয় জেল। সেখানে অজ্ঞাত কারণে মৃত্যুর কোলে অনেকে ঢলেও পড়ে। বাংলাদেশ বঙ্গোপসাগরের বাইরের কোনো এলাকা নয়। বার্মা অ্যাক্ট হলো অত্র এলাকার ভবিষ্যত। কৌশলগত যে প্রতিযোগিতা ও সমীকরণ মোকাবিলা করছে এই এলাকা তা আগামী শত বছরের পরিবর্তনকে স্বাগত জানাতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের কোনো খেয়াল নেই এদিকে। রাশিয়ার যুদ্ধ জাহাজ আসছে অকস্মাৎ, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে স্থানীয় রাষ্ট্রদূত চড়া সুরে জানান দিছে মার্কিন যে কোনো তৎপরতার বিরুদ্ধে। সেই তৎপরতাটা যদি গণতান্ত্রিক শাসনের জন্য হয় তবুও রাশিয়ার চাই ভিন্ন পরিস্থিতি। এতে বাংলাদেশ জ্বলে জ্বলুক, গণতন্ত্র ধ্বংস হয় হোক। তবে মিয়ানমার ও বার্মা অ্যাক্ট থেকে আমাদের যা শিক্ষণীয় হতে পারে- গণতন্ত্রকামী মানুষের পিঠ দেয়ালে ঠেকাতে নেই।

লেখক: সাবেক সেনা কর্মকর্তা, সাংবাদিক। বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক