রিসেট

প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি

প্রকাশিত: ১১ ডিসেম্বর (সোমবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র ফিরিয়ে দেওয়া হয়। শুনানির সময় মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার ও আইনজীবী। যদিও আপিল তথ্যে তার নাম উল্লেখ করা হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া। এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহি। এ জন্য মনোনয়ন ফরম তুলে ছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড তাকে বিবেচনায় নেয়নি। দল মনোনয়ন না দেওয়ায় রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন মাহি। কিন্তু এক শতাংশ ভোটার জালিয়াতির (ভুয়া স্বাক্ষর) অভিযোগে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা। তারপর আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন এ নায়িকা। উল্লেখ্য, এর আগেই আওয়ামী লীগ থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচনের নির্বাচন করতে চেয়েছিলেন। তখনও দলীয় মনোনয়ন দেওয়া হয়নি তাকে। ঠিক তখন থেকে নির্বাচনের মাঠে সক্রিয় আছেন এ ঢালিউড নায়িকা।