রিসেট

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৬ জন

প্রকাশিত: ১১ ডিসেম্বর (সোমবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনে বাছাইয়ে বাদ পড়া ৫৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে গতকাল নির্বাচন কমিশনের অডিটরিয়ামে সকাল  ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই শুনানি চলে। প্রথম দিনে ৯৪ জনের আপিল আবেদনের শুনানি হয়েছে বলে জানান ইসি’র যুগ্ম সচিব মাহবুবার রহমান। এসব আবেদনের মধ্যে ৫৬ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। এ ছাড়া ৩২ জনের প্রার্থিতা নামঞ্জুর হয়েছে এবং ৬টির আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০শে নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়েছে নির্বাচন কমিশনে। 

গতকাল শুরু হওয়া এই আপিল পর্যায়ক্রমে ৬ দিন চলবে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন। শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৩৫ জন স্বতন্ত্র প্রার্থী। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে একজন। জাতীয় পার্টি থেকে ৫ জন। এ ছাড়া তৃণমূল বিএনপি’র ৩ প্রার্থীর প্রার্থিতাও ফিরে এসেছে আপিলে। বাংলাদেশ সুপ্রিম পার্টির দুই প্রার্থীর পক্ষে রায় এসেছে ইসি’র এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের দুইজন, জাকের পার্টির একজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন ইসি’র এই শুনানিতে। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট থেকে দু’জন, বিকল্প ধারা (বিডিবি) থেকে একজন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে একজন ও বাংলাদেশ কংগ্রেস থেকে চারজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।  

প্রার্থিতা ফিরে পেয়ে অধ্যাপক আনোয়ার বললেন ভোটাররা ভোট দিতে পারবেন কিনা এটাই বড় চ্যালেঞ্জ: নির্বাচন কমিশনে আপিলে জিতে নেত্রকোনা-৫ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। প্রার্থিতা ফিরে পাওয়ার পর রোববার তিনি বলেছেন, প্রার্থিতা যখন বাতিল হলো, তখন শোকের ছায়া ছিল। আজ প্রার্থিতা ফিরে পাওয়ায় সবাই আনন্দিত। নির্বাচন হয়তো অংশগ্রহণমূলক হবে, কিন্তু ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারবে কিনা, গোপনীয়তায় তাদের ভোটটা দিতে পারবে কিনা, এটা হলো চ্যালেঞ্জ। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে গেলে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারদের সমর্থনমূলক স্বাক্ষর তালিকা জমা দিতে হয়। সেই তালিকায় গরমিলের অভিযোগে অধ্যাপক আনোয়ারের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন।

প্রার্থিতা ফিরে পেয়ে নাসিরুল বললেন চুন্নুর জামানত বাজেয়াপ্ত হবে: প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নু। প্রার্থিতা ফিরে পেয়েই চুন্নুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নাসিরুল বলেছেন, চুন্নুর সঙ্গে মাঠে খেলা হবে। চুন্নুর জামানত বাজেয়াপ্ত হবে। এই আসনে জাতীয় পার্টির কোনো খবর নেই। ১৯৭০ সাল থেকেই কিশোরগঞ্জ-৩ আওয়ামী লীগের আসন। পুরো আসনে জাতীয় পার্টির ভোট ১০টিও নেই।

হিরো আলম মাঠে থাকলে প্রমাণ হয় নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা: প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম বলেন, শেষ পর্যন্ত মাঠে থাকবো। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হবো আশা করি। এর আগে বগুড়া-৪ আসনে সুষ্ঠু ভোট হয়েছিল। মানুষ ভোট দিতে এসেছিল। আমাকে ভোটও দিয়েছিল। ভোটে তারা আমাকে হারাতে পারেনি, ফলাফলে তারা আমাকে হারিয়ে দিয়েছিল। সুষ্ঠু ভোট হলে আমি ওখান থেকে বিজয়ী হবো। আওয়ামী লীগের অধীনে আর কোনো ভোটে যাবে না বলে ঘোষণা দিলেও এবার ভোটে আসার কারণও জানান হিরো আলম। তিনি বলেন, নির্বাচনে হিরো আলম মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠু হয়, নাকি হয় না তা প্রমাণ করে দিতে পারি।