রিসেট

এবার শান্তদের সামনে নিউজিল্যান্ডের ‘হোম অ্যাডভান্টেজ’ চ্যালেঞ্জ

প্রকাশিত: ১১ ডিসেম্বর (সোমবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাফ জানিয়ে দিয়েছেন হোম অ্যাডভান্টেজ নিয়েই খেলতে হবে আন্তর্জাতিক ক্রিকেট। মিরপুর শেরেবাংলায় কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে উইকেট নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। নিজেদের পছন্দ মতো উইকেট তৈরি করে পরাজিত হয় বাংলাদেশ। এরপরও অধিনায়ক আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন তারা এমনটাই চান। অন্যদিকে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ হয়েছে শনিবার। সেদিন রাতেই ১৪ জনের একটি বহর নিউজিল্যান্ডে গেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে। গতকাল দেশ ছাড়ে আরেকটি গ্রুপ। তারা প্রথম বহরের সঙ্গে যোগ দিবে। সেখানে পা রেখে দুদিন অনুশীলন করবে সফরকারী বাংলাদেশ দল। এরপর সিরিজ শুরুর আগে ১৪ই ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। মাঠে মূল লড়াইয়ের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাবে মাত্র ৪ দিন। এরপর মুখোমুখি হতে হবে কিউইদের হোম অ্যাডভান্টেজের চ্যালেঞ্জ। পেস বান্ধব উইকেট, তার ওপর শীত ও তীব্রগতির বাতাস। সেই সঙ্গে নিউজিল্যান্ডের পেসাররা তৈরি থাকবে নিজেদের  কন্ডিশনে টাইগার ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে। 

প্রশ্ন হচ্ছে এমন প্রতিকূলতা পেরিয়ে পারবে তো বাংলাদেশ!  ইতিহাস বলে সীমিত ওভারের ক্রিকেটে এখনো কিউদের মাটিতে তাদের বিপক্ষে একটি জয়ও পায়নি টাইগাররা। ১৬ ওয়ানডে ম্যাচের বিপরীতে হেরেছে সবগুলো। ৯ টি-টোয়েন্টিরও সবগুলোতেই হার।  গেল বছর ইতিহাস বদলেছে শুধু টেস্টে। সেখানে প্রথমবারের মতো একটি টেস্ট ম্যাচে জয় তুলে নিয়েছিল টাইগাররা। এবার শান্তর দলের সামনে চ্যালেঞ্জ সীমিত ওভারেও নতুন ইতিহাস রচনার।  সবশেষ বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। সেখানে দাপটের সঙ্গে টাইগারদের হারিয়েছে। এবার নিজেদের মাটিতে সেই একই দাপট দেখাতে যে তারা প্রস্তুত তা আর বলার অপেক্ষা রাখে না। এখন পর্যন্ত সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে দেশ-বিদেশ মিলিয়ে ১০টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেখানে টাইগারদের সিরিজ জয়ের সংখ্যা দুটি, তাও নিজেদের মাটিতে। সবশেষ কিউইদের বিপক্ষে সিরিজ জয় আসে ২০১৩ তে। এরপর ১০ বছর কেটে গেছে। এর মধ্যে আর কোনও সিরিজেই জয় আসেনি। কিউদের মাটিতে ৫ ওয়ানডে সিরিজের সবগুলোতেই হেরেছে টাইগাররা। 

অন্যদিকে সবমিলিয়ে ৫ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। কিন্তু সেখানেও বাংলাদেশের জয়ের সংখ্যা একটি, সেটি নিজেদের মাঠে। বাকি তিনটিই নিউজিল্যান্ডে যার সবকটিতেই হার। পরিষ্কার পরিসংখ্যান বলছে তাদের বিপক্ষে জয় কঠিন। কিন্তু টেস্টে যেহেতু ইতিহাস বদলেছে সীমিত ওভারেও তা করা সম্ভব। কিন্তু বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ তাদের ব্যাটিং। এখন পর্যন্ত ব্যাটনম্যানরা ছন্দই খুঁজে পাচ্ছেন না। আর যারা রান করছেন তারাও ধারাবাহিক নয়! এর প্রমাণ নিজেদের মাটিতেই টেস্টে ও ওয়ানডে সিরিজে টাইগার ব্যাটারদের পারফরম্যান্স।  ঘরের মাঠে কিউইদের বিপক্ষে ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জয়ের হাতছানি থাকলেও, সমতা নিয়ে শেষ করতে হয়েছে নাজমুল হাসান শান্তর বাংলাদেশ দলকে। এবার রঙিন পোশাকের দুই ফরম্যাটের লড়াই। শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে তিনজন কোচিং স্টাফের সঙ্গে প্রথম বহরে নিউজিল্যান্ডে গেছেন ১১ ক্রিকেটার। টেস্ট সিরিজে না থাকা আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, তানজিম হাসান সাকিব, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনরা।

 আর আজ নিউজিল্যান্ডের বিমান ধরবেন মুশফিকুর রহীম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা।  ১৭ই ডিসেম্বর দু’দলের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২৩শে ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে এবং শেষ ম্যাচ হবে নেপিয়ারে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১শে ডিসেম্বর। টেস্ট সিরিজে ছিলেন না দলের সেরা ব্যাটসম্যানদের একজন লিটন দাস। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি সিরিজেই তাকে পাওয়া যাবে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকলেও কিউইদের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবার টেস্ট জিতে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত। সাকিব ছাড়াও নেই দলের আরেক সিনিয়র ক্রিকেটার সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম  সেরা ওপেনার তামিম ইকবাল। তাদের ছাড়াই এখন টাইগারদের সামনে লড়াই করার চ্যালেঞ্জ।