রিসেট

সম্পর্কে ফাটল, মেসির কারণেই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান কোচ স্কালোনি!

প্রকাশিত: ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

‘বিশ্বকাপের ট্রফি হাতে বিমান থেকে নামেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের কাঁধে তখন কোচ লিওনেল স্কালোনির হাত।’- ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দেশে ফেরার দৃশ্য এটি। শুধু বুয়েন্স আয়ার্স বিমানবন্দর নয়, গোটা বিশ্বকাপেই দেখা গিয়েছে সতীর্থ মেসির সঙ্গে গুরু স্কালোনির গলায় গলায় ভাব। তবে সুসম্পর্ক নাকি আর টিকে নেই। মার্কিন গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের খবর, মেসির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চাইছেন স্কালোনি। 

কোপা আমেরিকা জয় দিয়ে শুরু। এরপর ফিনালিসিমা জয়। সবশেষ বহুল আকাক্সিক্ষত ফিফা ওয়ার্ল্ডকাপ। আর্জেন্টিনাকে তিন শিরোপা জেতানো লিওনেল স্কালোনি নিঃসন্দেহে দেশটির সফলতম ফুটবল কোচ। বিশ্ব জয়ের পরও ছন্দে আছে স্কালোনির আর্জেন্টিনা। ভরা সাফল্য পেলেও লিওনেল মেসিদের দায়িত্ব ছাড়তে চাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। ঠিকানা পরিবর্তনের ইচ্ছার পেছনের কারণ অবশ্য জানাননি স্কালোনি। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই মেসি-স্কালোনির মন কষাকষি চলছে। যা চূড়ান্ত রূপ নিয়েছে ব্রাজিল ম্যাচকে কেন্দ্র করে।

গত ২২শে নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচের শুরুতে ব্রাজিল-আর্জেন্টিনার দর্শকদের মধ্যে ঝগড়া শুরু হলে আর্জেন্টাইন ভক্তদের লাঠিপেটা করে ব্রাজিলিয়ান পুলিশ। যার প্রতিবাদে ম্যাচ শুরু না করে মাঠ থেকে দল নিয়ে ড্রেসিংরুমে চলে যান মেসি। অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়, এই সময় একক সিদ্ধান্তেই দল নিয়ে ড্রেসিংরুমে ফেরত গিয়েছিলেন মেসি। বিষয়টিকে ভালোভাবে নেননি কোচ স্কালোনি। আবার সেই ম্যাচের পর স্কালোনি যখন নিজের (দায়িত্ব ছাড়ার) সিদ্ধান্তের কথা ড্রেসিংরুমে জানিয়েছেন, তখন বিষয়টি ভালো লাগেনি মেসির। বুয়েন্স আয়ার্সভিত্তিক গণমাধ্যম ‘রেডিও ১০’ জানায়, দলের সঙ্গে আলোচনা না করে ভবিষ্যত নিয়ে গণমাধ্যমে স্কালোনির কথা বলা পছন্দ করেননি মেসি।

মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিওনেল স্কালোনি বলেছিলেন, ‘আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং তিনি... আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। কারণ এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে।’ 

স্কালোনি বলেন, ‘এখন আমি কী করব, সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। তবে আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশ্যার মাত্রাটা অনেক উঁচুতে। আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ।’ আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সেই ম্যাচের পর স্কালোনি নাকি সব কোচিং স্টাফদের সঙ্গে শেষবারের মতো একসঙ্গে ছবিও তুলে নেন।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল স্কালোনির অধীনে গত ৫ বছরে ৬৬ ম্যাচ খেলে ৪৮টিই জেতে লিওনেল মেসিরা। ১২ ম্যাচ ড্র হয়, বাকি ৬টি হার।