আবারো মোরসালিন ঝলক। এবার মোরসালিন ঝলক দেখালেন লেবাননের বিপক্ষে। তার গোলেই কাল বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে এক পয়েন্ট নিয়ে ফিরেছে বাংলাদেশ। ম্যাচের ৬৮ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে গোলহজম করে স্বাগতিকরা। পাঁচ মিনিটের মধ্যে দারুণ এক গোলে বাংলাদেশকে ম্যাচে ফেরান মোরসালিন। জাতীয় দলে নবম ম্যাচে মোরসালিনের এটি চতুর্থ গোল। তার এই গোলে বিশ্বকাপ বাছাই পর্বে ‘আই’ গ্রুপে দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। আগামী বছর ২১শে মার্চ এই কিংস অ্যারেনায় প্যালেস্টাইনের সঙ্গে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সাসপেনশনের কারণে কাল দলে ছিলেন না রাকিব হোসেন ও সাদউদ্দিন। রাকিবের জায়গায় একাদশে সুযোগ মেলে মদকাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠা শেখ মোরসালিনের। ডিফেন্ডার সাদ উদ্দিনের জায়গায় খেলেন ইসা ফয়সাল। লেবানন ম্যাচে একাদশে আরো দুটি পরিবর্তন কওে একাদশ সাজান হাভিয়ের কারবেরা।
হাসান মুরাদের জায়গায় শাকিল আহমেদ ও মজিবুর রহমান জনির বদলে সোহেল রানাকে মাঠে নামান এই স্প্যানিশ কোচ। তবে আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধস্ত হওয়া জামাল-সোহেলরা শুরুতে নিজেদের খেলা খেলতে পারছিলেন না। সুযোগটা কাজে লাগিয়ে কিংস অ্যারেনায় স্বাগতিকদের চাপ ফেলার চেষ্টা করে লেবানন। ম্যাচের প্রথম ১০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে লেবানিজদের দূরপাল্লার কয়েক শট বাংলাদেশের রক্ষণ কাঁপায়। পাল্টা জবাব আসে স্বাগতিকদের কাছ থেকেও। বল নিজেদের পায়ে রেখে জামালদের লেবাননকে চাপে রাখার চেষ্টা করেন মোরসালিন ফাহিমরা। বাংলাদেশ গোলমুখে প্রথম আক্রমণ ২৪ মিনিটে। অধিনায়ক জামালের কর্নার থেকে বিশ্বনাথ ঘোষের হেড গ্লাভসে নেন গোলরক্ষক মোস্তফা মাতার। পরের মিনিটে আরেকটি গোছানো আক্রমণ স্বাগতিকদের। এবার বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন মোরসালিন, শট নেওয়ার সুযোগ না পেয়ে সোহেল রানার (জুনিয়র) উদ্দেশে বল বাড়ালেও লেবাননের ডিফেন্ডার মোহাম্মদ এল হায়েক এসে ক্লিয়ার করে দেন। ৩৩ মিনিটে আবারও বাংলাদেশের আক্রমণ।
এবার ডান প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের নিচু ক্রস, গোল মুখে দাঁড়িয়ে মোরসালিন। ফাহিমের শট তার পায়ে যাওয়ার আগেই সেই শট ফেরান কাসেম আল জেইন। প্রথমার্ধের শেষ আরেকটি গোছাল আক্রমণে যায় বাংলাদেশ। ডান দিক থেকে ফয়সাল আহমেদে ক্রস জটলার মধ্য থেকে গোমুখে শট নিয়েছিলেন মোরসালিন কিন্তু তা চলে যায় ক্রসবারের উপর দিয়ে। দ্বিতীয়ার্ধে মদকান্ডে জিকুর জায়গায় থিতু হওয়া গোলরক্ষক মিতুল মারমা চোটে পরলে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় মেহেদি হাসান শ্রাবনের। শুরুথেকেই পোস্টের নিচে নার্ভাস দেখাগেছে শ্রাবন। তার ভুলেই ম্যাচের ৬৮ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। তবে এই গোলের বোঝা বেশিক্ষণ বয়ে বেড়াতে দেননি মোরসালিন।
গোল হজমের ৫ মিনিট পরই (৭২ মিনিটে) লেবাননের বক্সের সামনে একটু ফাঁকায় বল পেয়ে যান মোরসালিন। একটু মুভ করে চারপাশটা দেখে সামনে ডিফেন্ডার থাকা স্বত্বেও লেবাননের জাল তাক করে শট নেন নেন। বেশ জোরাল গতিতে বলটা লেবানন গোলকিপারকে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় জালে। শেষ পর্যন্ত মোরসালিনের গোলেই ড্র করে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১ পয়েন্ট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। ম্যাচে তিন পয়েন্ট নেয়ারও সুযোগ ছিলো বাংলাদেশের। সুযোগটি এনে দিয়েছেলেন তরুন এই ফরোয়ার্ডই। ম্যাচের ৮৯ মিনিটে সোহেল রানার ক্যাটব্যাকে ছোট বক্সের ঠিক বাইরে বল পেয়েছিলেন তিনি, শটও নিয়েছিলেন। কিন্তু সেটি পোস্টে থাকেনি। তারপরেও ফিফা র্যাঙ্কিং ৭৯ ধাপ এগিয়ে থাকা দলটিকে রুখে দিয়েছে বাংলাদেশ, সেটিই বা কমকিসে। বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে হারলেও প্যালেস্টাইনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল লেবানন।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক) (মেহেদি হাসান শ্রাবণ), তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, শাকিল হোসেন, সোহেল রানা, জামাল ভূঁইয়া (রবিউল হাসান), মো. হৃদয়, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিন ও ইসা ফয়সাল।
