রিসেট

ভারতীয়দের চুপ করাতে ষাটের দশকের যে গান শুনেছিলেন কামিন্সরা

প্রকাশিত: ২২ নভেম্বর (বুধবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, স্বাগতিক দর্শকে ঠাসা স্টেডিয়াম চুপ করিয়ে দিতে পারার চেয়ে ভালো কিছু হতে পারে না। আর বিশ্বকাপের ফাইনালে সেই কাজটিই করতে পেরেছিল অজিরা। অস্ট্রেলিয়ান দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডকে প্যাট কামিন্স বলেছেন, বিশ্বকাপ জিততে তাদের অনুপ্রেরণা জুগিয়েছে মার্কিন ফোক-রক ব্যান্ড ‘সাইমন অ্যান্ড গ্যারফাঙ্কেল’ এর ষাটের দশকের একটি গান। ফাইনালে ভারতকে মোকাবিলার আগে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের শুনতে দেয়া হয় সাইমন অ্যান্ড গ্যারফাঙ্কেল ব্যান্ডের ‘দ্য সাউন্ড অব সাইলেন্স’ গানটি। পরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লাখ ৩০ হাজার দর্শককে নীরব করে দিয়ে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া।  ফাইনালে বিরাট কোহলিকে বোল্ড করে দেয়ার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে অস্বাভাবিক পিনপতন নীরবতা নেমে এসেছিল, সেটাই প্যাট কামিন্সের ক্যারিয়ারে সবচেয়ে সেরা মুহূর্ত। ২০১১ সালে অভিষেক হওয়ার পর তার অনেক ভালো ভালো স্মৃতি জমা হয়েছে। তবে নীল জনসমূদ্রকে চুপ করে দেয়াটাই সেরা। ফাইনালে প্যাট কামিন্সের ব্যাক অফ দ্য লেংথের একটি বল কভারের দিকে খেলতে গিয়ে ব্যাটে লেগে বিরাট কোহলির উইকেট ভাঙে। তিনি তখন ব্যাট করছিলেন ৫৪ রানে। 

কোহলি আউট হতেই মনে হয়েছিল এক লাখ ৩০ হাজার দর্শকের চিৎকার এক মুহূর্তে যেন স্কচ টেপ দিয়ে মুখ চেপে দিলো। গতকাল কামিন্স বলেন, ‘টস করতে মাঠে ঢুতে চারদিকে দেখলাম নীল সমুদ্র। ভারতের নীল জার্সি পরা ১ লাখ ৩০ হাজার দর্শক। এই স্মৃতি কখনোই ভুলবো না আমি। আমাদেরও সেই গ্যালারির নীরবতা অনুভব করতে কয়েক সেকেন্ড সময় লেগেছিল। মনে হয়েছিল ফাইনালের মঞ্চ বিরাটের জন্য প্রস্তুত রয়েছে, অন্যদিনের মতো ও রোববারেও শতরান করবে; কিন্তু ও ব্যর্থ হওয়ায় আমরা খুশি হয়েছিলাম।’ গতকাল সিডনি মর্নিং হেরাল্ডকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এক মুখপাত্র জানান, ফাইনালের আগে টিম মিটিংয়ে খেলোয়াড়দের দ্য সাউন্ড অব সাইলেন্স গানটি শুনতে দেয়া হয়েছি। ওই গানের একটি প্যারা বারবার শুনেছিলেন কামিন্সরা-  ‘এবং নগ্ন আলোতে আমি দশ হাজার লোককে দেখেছি, সম্ভবত আরও বেশি, লোকেরা কথা না বলে কথা বলছে (পিপল টকিং উইদাউট স্পিকিং), লোকেরা না শুনে শ্রবণ করছে (পিপল হিয়ারিং উইদাউদ লিসনিং), লোকেরা এমন গান লিখছে যা কণ্ঠে ওঠে না, কেউ সাহস করে না, নীরবতার আওয়াজকে বিরক্ত করতে।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে চলতি বছরের বিশ্বকাপ- বিরাট কোহলি, রোহিত শর্মাদের কাছে মাথাব্যাথার অপর নাম ২৯ বছরের অজি ব্যাটার ট্রাভিস হেড। অধিনায়কের মুখ থেকে শোনা গেছে তার সতীর্থের প্রশংসাও। কামিন্স বলেন, ‘হেড অতুলনীয়। 

ওকে বিশ্বকাপের দলে রাখা হলেও প্রথম একাদশে চোটের কারণে ছিল না। আমাদের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং প্রধান নির্বাচক জর্জ বেইলির অনেকাংশে ভূমিকা রয়েছে তাকে দলে রাখার পেছনে।’ কিন্তু এই সিদ্ধান্ত বুমোরাংও হতে পারতো। কামিন্স বলেন, ‘প্রতিযোগিতার অর্ধেকটা সময় ওর হাত এবং আঙুল ভাঙা ছিল। তাই ওকে দলে রাখাটা ঝুঁকিপূর্ণ ছিল। বিশেষ ধন্যবাদ মেডিক্যাল টিমকেও, ওকে পারফর্ম করার মঞ্চটা তৈরি করে দেওয়ার জন্য। আর বিশ্বকাপের মতো প্রতিযোগিতা জিততে হলে ঝুঁকি নিতেই হতো।’ ভারতে দুর্দান্ত একটি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পরও এই ফরম্যাট ঘিরে আলোচনা চলছে, একে ধরে রাখা হবে নাকি বাদ দেয়া হবে। অর্থাৎ ওয়ানডে ক্রিকেট বিলুপ্ত হওয়ার পথেই। প্যাট কামিন্স বিশ্বকাপ নিয়ে আশাবাদী হলেও দ্বিপাক্ষিক সিরিজে মেঘ দেখছেন। কামিন্সের কথায়, ‘বিশ্বকাপ জয়ের ফলে আমি আবার নতুন করে ৫০ ওভারের ক্রিকেটের প্রেমে পড়ে গেছি। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় প্রত্যেক ম্যাচে নতুন গল্প লেখা হয়। জোর দিয়ে বলতে পারি, ৫০ ওভারের বিশ্বকাপ আরও অনেক দিন থাকবে। এই প্রতিযোগিতা প্রত্যেকের হৃদয়েই আলাদা একটা জায়গা করে নিয়েছে। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নিয়ে আমি অতটা আশাবাদী নই।’