ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালকে ‘শামিফাইনাল’ বলছে ভারতীয় গণমাধ্যমগুলো। নৈপুণ্য ছড়ানো পারফরম্যান্সে পাদপ্রদীপের পুরো আলোটাই যে কেড়ে নিলেন মোহাম্মদ শামি। ৭ উইকেট নিয়ে একাই নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিলেন ভারতীয় পেসার। ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে শামি জানালেন, সেমিতে সুযোগের সদ্ব্যবহার করেছেন তিনি। ফাইনালেও সুযোগ কাজে লাগাতে চান শামি।
বিশ্বকাপের লীগ পর্বে ভারতের প্রথম ৪ ম্যাচে একাদশে সুযোগ হয়নি মোহাম্মদ শামির। ভারতের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হার্দিক পান্ডিয়া চোট পান। এতে কপাল খুলে যায় শামির। ভারতের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে সুযোগ হয় তার। ২০২৩ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই ফাইফার নেন শামি। এরপর ধারাবাহিক ছন্দ দেখাতে থাকেন তিনি। সবশেষ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেই নেন ৭টি উইকেট। ম্যাচ শেষে শামি বলেন, ‘সুযোগের অপেক্ষা করছিলাম। খুব বেশি সাদা বলের ক্রিকেট খেলার সুযোগ পাইনি। তবে সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করি। লীগ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষেই প্রথম সুযোগ পেয়েছিলাম।’
বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল শেষে সর্বোচ্চ ২৩ উইকেটের মালিক মোহাম্মদ শামি। নিজের সাফল্যের রহস্য জানিয়ে ভারতীয় পেসার বলেন, ‘অনেকে বোলিংয়ে বৈচিত্র্যের কথা বলেন। কিন্তু আমার লক্ষ্য থাকে শুধু সঠিক জায়গায় বল ফেলা। আমি বিশ্বাস করি ঠিক জায়গায় বল রাখতে পারলে নতুন বলে উইকেট আসবেই। ম্যাচের যে কোনো সময়ই উইকেট আসতে পারে।’
নিউজিল্যান্ডের ইনিংসে জাসপ্রীত বুমরাহর বলে ক্যাচ তুলেছিলেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। তবে সহজ ক্যাচ তালুবন্দি করতে পারেননি মোহাম্মদ শামি। পরে অবশ্য কেইনকে শামিই সাজঘরের পথ দেখান। শামি বলেন, ‘কেইন উইলিয়ামসনের ক্যাচটা আমার অবশ্যই ধরা উচিত ছিল। সহজ ক্যাচ ফেলা আমার উচিত হয়নি। ভীষণ খারাপ লাগছিল। এরপর আমার লক্ষ্য ছিল, কম গতিতে বল করা। কারণ ওদের মেরে খেলতেই হতো। তাই জানতাম সুযোগ আসবেই। সেটাই চেষ্টা করেছি।’
শামি বলেন, ‘উইকেট বেশ ভালো ছিল। দুপুরে ব্যাটাররা প্রচুর রান পেয়েছে। উইকেটে কোনো ঘাস রাখা হয়নি। শিশির পড়তে পারে, এমন একটা আশঙ্কা ছিল। তেমন হলে উইকেটে বল পিছলে ব্যাটারের কাছে যেতো। তাতে রান তোলা আরো কিছুটা সহজ হতো। খুব বেশি শিশির না পড়ায় সুবিধা হয়েছে। তবে সেমিফাইনালে এমন পারফরম্যান্স করতে পেরে সত্যিই দারুণ লাগছে।’
ফাইনালে নিজের পরিকল্পনার কথা জানিয়ে শামি বলেন, ‘গত দুটি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারিনি আমরা। সেমিফাইনালে হারতে হয়েছে। তাই আমরা এবার সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর ছিলাম। দলের কেউ চাইনি এবারের সুযোগ নষ্ট করতে। যা যা সুযোগ আসবে, সব কাজে লাগাতে চাই আমরা।’
