রিসেট

ল্যাবে কম্পিউটার নেই একটিও, কাগজে কলমে আছে ১০টি

প্রকাশিত: ১১ নভেম্বর (শনিবার), ২০২৩ Archive 2022Source: প্রতীক ওমর, বগুড়া থেকে

নেট এবং টেলিফোন বিল ভাউচারে দেখান ৪ লাখ টাকা। কম্পিউটার ল্যাবে হিসাবের খাতায় ১০টি কম্পিউটারও রয়েছে। বাস্তবে কম্পিউটার  আছে কিনা সেটা দেখার বা জানার অধিকার নেই গণমাধ্যমকর্মীদের। সোজা কথা বলে দিয়েছেন সদ্য ওএসডি প্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি বগুড়া সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসায়। 

বিস্তারিত জানতে কয়েক সপ্তাহব্যাপী অনুসন্ধান চালায় মানবজমিন। মাদ্রাসাটিতে বিজ্ঞানের ল্যাবগুলোর জন্য প্রতি বছর সরকারি বরাদ্দ আসে। কিন্তু সেই বরাদ্দগুলো ল্যাবের কাজেই ব্যবহৃত হয় না। এমনকি কোনো দিন ক্লাসও হয় না ল্যাবগুলোতে। একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা বলেন, আমরা ল্যাবের বিষয়ে কিছুই জানি না। কাগজে-কলমে কম্পিউটার ল্যাবে ১০টি কম্পিউটার দেখানো আছে। বাস্তবে ওই ল্যাবে একটি কম্পিউটারও নেই বলে সূত্র নিশ্চিত করেছে। প্রায় ১৫ জন শিক্ষার্থীকে কম্পিউটার ল্যাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা কোনো দিন কম্পিউটার ক্লাস করেনি বলে পরিষ্কার জানান। দুই/একদিন কম্পিউটার ক্লাস হলেও তাদের শুধু বই পড়ানো হয়েছে। তারা কখনো মাদ্রাসার কম্পিউটার চোখেও দেখেনি। 

প্রথমে মাদ্রাসার সাবেক ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জি এম শামছুল আলম অধ্যক্ষ মোখলেছুর রহমানের দুর্নীতির বিষয়ে অভিযোগ তোলেন। তিনি লিখিতভাবে সরকারি বিভিন্ন দপ্তরে বিষয়গুলো পরিষ্কার করে জানিয়েছিলেন। তার অভিযোগগুলোর মধ্যে রয়েছে- মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমন ভুয়া বিল ভাউচার দেখিয়ে টাকা আত্মসাৎ করার পাশাপাশি মাদ্রাসার নামে একটি বাড়ি এবং দোকান ভাড়া নিজের পকেটস্থ করে আসছেন। কম্পিউটার ল্যাব, বিজ্ঞান গবেষণাগারগুলোর জন্য বরাদ্দ আসলেও এগুলো শ্মশান হয়ে পড়ে আছে। এ ছাড়াও ওই শিক্ষক বলেন, ২০২০ সাল থেকে সরকারি বরাদ্দের পুরো টাকাই কোনো কাজ না করে আত্মসাৎ করেছেন মোখলেছুর। এসব দুর্নীতি নিয়ে কথা বলায় শামছুল আলমের বিরুদ্ধে নানা অপপ্রচার চালায় অধ্যক্ষ। এমনকি তাকে মাদ্রাসা থেকেও বদলি করেছেন। তিনি এখন শেরপুর জেলার শ্রীবরদী সরকারি কলেজে যোগ দিয়েছেন। 
অভিযোগগুলোর ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমানের কাছে মাদ্রাসার সম্পদ, সরকারি বরাদ্দ এবং ল্যাবগুলোর তথ্য জানতে চাইলে প্রথমে তিনি তথ্য দিতে অস্বীকৃতি জানান। পরে তথ্য অধিকার আইনে আবেদন করলে গোঁজামিলের একটি রিপোর্ট মানবজমিনের কাছে উপস্থাপন করেন। সেখানে তিনি উল্লেখ করেছেন ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে মাদ্রাসায় মোট ৮ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার টাকা সরকারি বরাদ্দ এসেছে। ওই টাকা ব্যয়ের খাতগুলো উল্লেখ করেলেও কীভাবে ব্যয় করেছেন তার বিস্তারিত জানাননি। তবে তিনি তার হিসাবে উল্লেখ করেছেন মাদ্রাসায় বছরে ইন্টারনেট এবং টেলিফোন বিল দিতে হয় গড়ে ৪ লাখ টাকা। আরও উল্লেখ করেছেন, করোনাকালীন মাদ্রাসার বিজ্ঞানের ল্যাবগুলো বন্ধ ছিল এখন চালু রয়েছে। অথচ সরজিমন কক্ষগুলো অচল অবস্থায় দেখা গেছে। শিক্ষার্থীরাও বলছেন, তারা কোনো দিন বিজ্ঞানের ল্যাবগুলোতে ক্লাস করেননি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানিয়েছেন কম্পিউটার ল্যাবে ১০টি কম্পিউটার আছে। সেগুলো দেখাতে চাইলে তিনি আপত্তি তোলেন। বলেন, সাংবাদিকদের এগুলো দেখানো নিষেধ আছে। তবে শিক্ষার্থীরা বলেন, আমরা তো কোনো দিন চোখে দেখলাম না সেই কম্পিউটার? ক্লাস করাতো দূরের কথা। 

এদিকে মাদ্রাসার নামে একটি বাড়ি রয়েছে শহরের মূল পয়েন্ট রিয়াজ কাজী লেন, সূত্রাপুরে। সেই বাড়ি থেকে প্রতি মাসে ৫০০০ টাকা ভাড়া আদায় করে নিজের পকেটে রাখেন মোখলেছুর রহমান। বাড়ি ভাড়ার বিষয়ে তিনি বলেন, বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য কয়েকজন কাজের বুয়াকে থাকতে দেয়া হয়েছে। তারা সামান্য ভাড়া দেয়, যা দিয়ে বাড়ির মেরামত করা হয়। তার বক্তব্য যাচাই করতে মাদ্রাসার ওই বাড়িতে গিয়ে বাড়াটিয়া সাথী আক্তারের সঙ্গে কথা হয়। তিনি বলেন, অধ্যক্ষ আমাদের কাজের বুয়া বলেছে! আমরা কি কাজের বুয়া? আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে। অধ্যক্ষ নিজে এসে প্রতি মাসে ভাড়ার টাকা নিয়ে যায়। রশিদ চাইলে তিনি কোনো দিন আমাদের রশিদ দেননি। বাড়ির টুকিটাকি মেরামত আমাদের পকেটের টাকায় করেছি। অধ্যক্ষ কোনো দিন এই বাড়ি সংস্কারের জন্য একটি টাকাও দেননি। সব টাকা তিনি নিজেই তুলে নেন। 

আনোয়ার হোসেন নামের একজন নৈশপ্রহরী মানবজমিনকে বলেন, মাদ্রাসার সরকারি সম্পদ অধ্যক্ষের কাছের লোকদের দ্বারা প্রতিনিয়তই বের করে নিয়ে যান। বিশেষ করে ছুটি শেষে একজন পিয়ন সরকারি বই বস্তায় ভরে সাইকেলযোগে নিয়ে যায়। এমন দৃশ্য একটি সিসি টিভি ফুটেজেও দেখা গেছে। তিনি আরও বলেন, অধ্যক্ষ সরকারি বরাদ্দের টাকা দিয়ে কোনো কাজ করেন না। কম্পিউটার ল্যাবে একটিও ভালো কম্পিউটার নেই। ল্যাবগুলোর বেহাল দশা। তার এসব দুর্নীতি নিয়ে প্রতিবাদ করায় জিএম শামছুল আলম নামের এক শিক্ষককে নানাভাবে হয়রানি করা হয়েছে এবং তাকে বদলি করা হয়েছে। আমি নিজেও মিডিয়াতে এসব বিষয় নিয়ে কথা বলায় আমাকে বান্দরবান বদলি করার হুমকি দিয়েছে। 

এসব অভিযোগ ছাড়াও অধ্যক্ষ, মাদ্রাসা থেকে একটি ঐতিহ্যবাহী লোহার সিন্দুক গোপনে বিক্রি করেছেন। অবৈধ পন্থায় গাছ বিক্রি করেছেন। গাছের ডাল বিক্রি করেছেন। হোস্টেলের বড় বড় হাঁড়ি ভেঙে বিক্রি করা হয়েছে। ১২টি সিসি ক্যামেরা গায়েব করেছেন। ১টি কম্পিউটার ল্যাবের সব কম্পিউটার গায়েব। লিজ ছাড়াই পুকুর চাষ ও মাছ বিক্রি করেছে তিনি। অতিরিক্ত সেশন ফি আদায়সহ নানা দুর্নীতির করছেন বলেও তার বিরুদ্ধে জোরালো অভিযোগ উঠেছে। এসব দুর্নীতি অস্বীকার করে অধ্যক্ষ লিখিতভাবে হিসাব উপস্থাপন করেছেন। তাকে কি কারণে ওএসডি করা হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান। তাকে সচিবালয়ে সংযুক্ত করা হয়েছে বলে তিনি জানান।