সাইলেন্ট কিলার- বিশেষণটি মাহমুদউল্লাহ রিয়াদের। দলের দুঃসময়ে ত্রাতা হয়ে নীরবে প্রতিপক্ষের সর্বনাশ করার অভ্যাসের কারণে টাইগার ব্যাটারের এমন নাম। ‘কথা কম, কাজ বেশি’ মন্ত্রে বিশ্বাসী রিয়াদ ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপেও নিজের অস্তিত্বের জানান দিয়েছেন। টালমাটাল বাংলাদেশের একমাত্র নিয়মিত পারফরমার ছিলেন তিনি। বৈশ্বিক মঞ্চে রিয়াদের এমন নান্দনিক ব্যাটিং আর দেখা যাবে না। এটাই যে তার শেষ বিশ্বকাপ। সম্প্রতি আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মাহমুদউল্লাহ রিয়াদ জানান, অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই বিশ্বকাপ অধ্যায়ের ইতি টানতে চলেছেন তিনি। ৩৭ বছর বয়সী এই ব্যাটার দিয়েছেন অবসরের ইঙ্গিতও। অর্থাৎ, আজ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেই শেষ হবে মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ অধ্যায়। চলুন দেখে নেয়া যাক, কেমন ছিল তার বিশ্বকাপ যাত্রা।
২০১১ বিশ্বকাপ: যৌথভাবে ২০১১ বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। সেই আসরে বিশ্বকাপ অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। সেবার গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া বাংলাদেশের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়া টাইগাররা গ্রুপপর্বের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও ভরাডুবির সম্মুখীন হয়েছিল। ইংলিশদের দেয়া ২২৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৬৯ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। সেদিন বড় হারের শঙ্কায় থাকা টাইগারদের রক্ষা করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দশে নামা শফিউল ইসলামের সঙ্গে ৫৮ রানের অবিচ্ছেদ্য জুটিতে বাংলাদেশকে ২ উইকেটের জয় উপহার দিয়েছিলেন সাইলেন্ট কিলার। ম্যাচটিতে করা রিয়াদের ২১* রানের অপরাজিত ইনিংসটিই ছিল সেই বিশ্বকাপের সেরা পারফরম্যান্স। ৩ ইনিংস ব্যাট করে মোটে ৩২ রান করেছিলেন তিনি।
২০১৫ বিশ্বকাপ: মাহমুদউল্লাহ রিয়াদের সবচেয়ে ভালো সময় কাটে ২০১৫ বিশ্বকাপে। গ্রুপপর্বে নিজেদের ৪র্থ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় নেমে তামিম ইকবালের সঙ্গে ১৩৯ রানের জুটি বেঁধে দুর্দান্ত ছন্দ দেখান মাহমুদউল্লাহ। সেই ম্যাচে ৯৫ রান করেছিলেন তামিম। রিয়াদ করেন ৬২ রান। দুই তারকার যুগপৎ পারফরম্যান্সে স্কটিশদের দেয়া ৩১৯ রানের টার্গেটে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির দেখা পান মাহমুদউল্লাহ। রিয়াদের ১০৩ রানের ইনিংসে ভর করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে বাংলাদেশ। শেষ আটের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও শতক হাঁকান রিয়াদ, খেলেন ১২৮* রানের অপরাজিত ইনিংস। তবে সেই ম্যাচে ৩ উইকেটে হেরে যায় টাইগাররা।
২০১৫ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় নবম হন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ ম্যাচে ৭৩.০০ গড় এবং ৮১.৮৩ স্ট্রাইক রেটে ৩৬৫ রান করেন তিনি। বাংলাদেশি হিসেবে ২০১৫ আসরে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাকিব আল হাসান। তবে ১৯৬ রান করা সাকিব সব মিলিয়ে ৪৪তম ছিলেন।
২০১৯ বিশ্বকাপ: ২০১৯ বিশ্বকাপে সুবিধা করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ৭ ম্যাচে ৬ ইনিংস ব্যাট করে ৪৩.৮০ গড় ও ৮৯.৭৫ স্ট্রাইক রেটে ২১৯ রান করেন। সর্বোচ্চ ৬৯। বাংলাদেশিদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মাহমুদউল্লাহ। সবমিলিয়ে ৩৮। তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান করেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬৭ রান করেন মুশফিকুর রহীম এবং ২৩৫ রান করেন তিনে থাকা তামিম ইকবাল।
২০২৩ বিশ্বকাপ: ভারত বিশ্বকাপে ৮ ম্যাচ শেষে টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান মাহমুদউল্লাহ রিয়াদের। ৬ ইনিংস ব্যাট করে ২৯৬ রান সংগ্রহ করেছেন তিনি। সেঞ্চুরি ও ফিফটি রয়েছে একটি করে। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি রিয়াদ। ইংল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ এই ক্রিকেটারের সুযোগ হয়নি একাদশে। বাংলাদেশের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পান রিয়াদ। ২০২৩ আসরে নিজের প্রথম ম্যাচেই ৪১* রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ভারতের বিপক্ষে করেন ৪৬ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রান করেন তিনি, ওয়ানডে বিশ্বকাপে মাহমুদউল্লাহর তৃতীয় সেঞ্চুরি সেটি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ২০ রান করা রিয়াদ পাকিস্তানের বিপক্ষে হাঁকান ফিফটি (৫৬)। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ২২ রান করেন মাহমুদউল্লাহ।
