আমার মনে হয় বাংলাদেশ দল ম্যাচ শুরুর আগে লটারি করে। যে আজ তুমি এত নম্বরে ব্যাট করবে। (হা হা হা) সাকিব এত অভিজ্ঞ ক্রিকেটার সে কেন নামবে ছয়ে!- ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী বিশ্বকাপে টাইগারদের এমন পিংপং বল মার্কা ব্যাটিং অর্ডার নিয়ে ধারাভাষ্যে এভাবেই টিপ্পনি কাটেন। কেন কাটবেন না, ভারতে ওয়ানডে বিশ্বকাপে দলের টানা ৬ পরাজয়ের নেপথ্যে এটা ওপেন সিক্রেট কারণ। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসানের এমন গোয়ার্তুমিতে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি এখন আর গোপন কিছু নয়। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে বিস্মিত ভারতের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক আনন্দবাজার পত্রিকার সাবেক ক্রীড়া সম্পাদক ও ক্রিকেট বিশ্লেষক গৌতম ভট্টাচার্য। দৈনিক মানবজমিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন টাইগারদের ভুল এবং তা শুধরে সামনে এগিয়ে যাওয়ার কৌশলও। তার কথোপকথনের মূল অংশ তুলে ধরা হলো-
প্রশ্ন: এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ দলের যে পারফরম্যান্স কিভাবে মূল্যায়ন করবেন?
গৌতম: তেল নেই, নুন নেই এ অবস্থায় কড়াইতে ধুম করে চাপিয়ে দিলে যেমন রান্না হবে অনেকটা তেমনই। যদিও বাংলাদেশ রান্নার জন্য প্রসিদ্ধ।
প্রশ্ন: বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে ঘনঘন পরিবর্তনকে কিভাবে দেখেন?
গৌতম: আমাদের উপমহাদেশে একটি প্রথা হয়ে গেছে সেরা ক্রিকেটারকে অধিনায়ক বানানো।যেমনটা ভারত বানিয়েছিল শচীন টেন্ডুলকারকে। আবার একটু এখান থেকে বাইরে তাকালে দেখবেন ইংল্যান্ড দল ইয়ান বোথামকে অধিনায়ক করেছিল। এসব সিদ্ধান্তের পরিণতি শেষ পর্যন্ত কী হয়েছে তা আমরা জানি। আসলে অধিনায়ক আর ভালো ক্রিকেটার এক নয়। সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। কিন্তু আমার কখনো সাকিবকে সেরা অধিনায়ক মনে হয়নি। দুর্ধর্ষ ক্রিকেটার হলেও অধিনায়ক সেই মাপের নয়। সে অনেকটাই আত্মকেন্দ্রিক মানুষ। দলের ক্রিকেটারদের মধ্য থেকে সেরাটা বের করা আনা আমার মনে হয় না সাকিবের পক্ষে সম্ভব! আমার মনে হচ্ছে বাংলাদেশ ইচ্ছে করলে মাশরাফি বিন মুর্তজাকে মেন্টর করতে পারতো। যেমনটা ভারত করেছিল এমএস ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। ফল আসেনি কিন্তু এমন উল্টা-পাল্টা সিদ্ধান্ত কিন্তু হয়নি।
প্রশ্ন: বিশ্বকাপের ৬ মাস আগে কোচ হাথুরুসিংহেকে ফিরিয়ে আনাটা কতটা সঠিক সিদ্ধান্ত ছিল বাংলাদেশ দলের জন্য?
গৌতম: হাথুরুসিংহের মতো কোচ দিয়ে হবে না। বাংলাদেশ দলের জন্য চাই বড় নাম। হাথুরুসিংহে তার কৌশলটা সঠিকভাবে প্রয়োগই করতে পারে না। সে হচ্ছে ধরো ভারতের বিক্রম রাঠোরের মানের, সে কখনো রাহুল দ্রাবিড় বা রবি শাস্ত্রী হতে পারবে না। আমার প্রশ্ন, কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলী বাংলাদেশে গেছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ কি তার কাছে জানতে চেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য কী প্রয়োজন? তাকে বলতে পারতেন যে আপনি তো বাংলাদেশের একজন ওয়েলউইশার আপনি কিছু পরামর্শ দেন। বাংলাদেশের জন্য এমন একজন কোচ যে কিনা উন্নতিতে অবদান রাখতে পারবে তার ক্রিকেটীয় চিন্তাশক্তি দিয়ে। এখন অনীল কুম্বলে খালি বসে আছে। তাকে কোচ না হোক পরামর্শক হিসেবে তো প্রস্তাব দিতে পারে! বিসিবি’র কেউ কি তাকে কোনও দিন এমন প্রস্তাব দিয়েছেন? শুধু ভারত কেন, পাকিস্তানের মিসবাহ উল হক কিংবা ইউনুস খানকে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের জন্য কোচের চেয়ে এমন একজন ক্রিকেট চিন্তক প্রয়োজন। হতে পারে মহেন্দ্র সিং ধোনিও।
প্রশ্ন: সাকিব আল হাসানের জন্য এখন কোন পথ বেছে নেয়া উচিত?
গৌতম: সাকিবকে বুঝিয়ে দেয়া উচিত যে দেশের হয়ে খেলাটা গর্বের বিষয়। তুমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলো বলে সুপারস্টার হওনি। তুমি কোটিপতি বলে সাকিব আল হাসান হওনি। এমনতো অনেক আছে বাংলাদেশে। তোমাকে মানুষ চিনে দেশের হয়ে কী করেছো তার জন্য। এটা সাকিকে বুঝিয়ে দিতে হবে। প্রয়োজনে দুটি ম্যাচে তাকে বসিয়ে দেয়া যেন তিনি বোঝেন তার আসলে মর্মটা কী আর জাতীয় দলের হয়ে খেলা কাকে বলে।
প্রশ্ন: বিসিবি’র করণীয় কী হতে পারে?
গৌতম: আমার মনে হয় না এই বোর্ডের কর্তাদের দিয়ে এখন ভালো কিছু হবে। একটা সময় সাবের হোসেন চৌধুরী, আশরাফুল হকরা যেভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়েছে সেখানে তাদের ক্রিকেট চিন্তার গভীরতা ছিল। হ্যাঁ, নাজমুল হাসান পাপন হয়তো দায়িত্বে এসে বড় বড় কিছু সমস্যার সমাধান করেছেন, ডামাডোল মিটিয়েছেন। কিন্তু ক্রিকেট নিয়ে যে উন্নতির চিন্তা তা তাদের দিয়ে হয়নি। হবে কিনা সন্দেহ আছে!
