২০২০ সালে পরলোকগমন করেন আর্জেন্টাইন গ্রেট দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর পর কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং সবশেষ বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। বেঁচে থাকলে হয়তো মাঠে থেকেই লিওনেল মেসিদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেন তিনি। সোমবার রাতে অষ্টম ব্যালন ডি’অর জয়ের পরও মেসির কণ্ঠে স্পষ্ট ছিল ম্যারাডোনার শূন্যতা। একইদিনে জন্মবার্ষিকী ছিল ফুটবলের বরপুত্রের। বর্ষসেরার খেতাব হাতে নিয়ে ম্যারাডোনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মেসি বললেন, ‘এটা তোমার জন্যও দিয়েগো।’
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশের নাম দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি মেসিদের কোচও ছিলেন। সোমবার ব্যালন ডি’অরের মঞ্চে পুরস্কার হাতে গুরুকে স্মরণ করে মেসি বলেন, ‘দিয়েগোর নামটা বলতে চাই। এখানে যারা আছেন, সবাই ফুটবলকে ভালোবাসেন, দিয়েগোর মতো। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এর চেয়ে ভালো জায়গা নেই। যেখানেই থাকুন না কেন, শুভ জন্মদিন। এটা আপনার জন্যও। আমি এই পুরস্কার আপনি ও সব আর্জেন্টাইনদের সঙ্গে ভাগাভাগি করতে চাই।’
এরপর মেসি বললেন, আর্জেন্টিনার মতো ইতিহাসসেরা দলের হয়ে না খেললে এমন অবিশ্বাস্য অর্জন হতো না তার। মেসি বলেন, ‘আমার এমন ক্যারিয়ার আমি স্বপ্নেও ভাবিনি। আমি যা অর্জন করেছি তা করার জন্য আমার ভাগ্য সহায় ছিল। আমি বিশ্বের সেরা দলে খেলেছি, ইতিহাসের সেরা দলে খেলেছি। এটা আমার জন্য ট্রফি জেতা এবং ব্যক্তিগত পুরস্কার জেতার কাজটাকে সহজ করেছে।’
