রিসেট

সিইসির ধারণাপত্রের সঙ্গে একমত ইসি আহসান হাবিব

প্রকাশিত: ২৪ অক্টোবর (মঙ্গলবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

গণমাধ্যমের সম্পাদকদের কাছে সম্প্রতি পাঠানো আমন্ত্রণপত্রের সঙ্গে দেয়া ধারণাপত্রে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল সেটি এখনো হয়ে ওঠেনি। 

চলতি মাসের ১৯ তারিখে পাঠানো সিইসি কাজী হাবিবুল আউয়ালের ধারণাপত্রের বিরুদ্ধে মতামত জানিয়েছেন ইসির একাধিক কমিশনার। ফলে বিষয়টি নিয়ে ইসিতে দেখা দিয়েছে মতানৈক্য। অন্য কমিশনাররা বলছেন, সিইসির ধারণাপত্রের ওই মূল্যায়ন একান্তই ব্যক্তিগত। এর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। অন্য নির্বাচন কমিশনাররা এ বিষয়ে কিছুই জানেন না এবং তারা সিইসির মূল্যায়নের সঙ্গে একমতও নন। তারা মনে করেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে।

এদিকে সিইসির পাঠানো ধারণাপত্রের সঙ্গে একমত পোষণ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান। তিনি বলেছেন, প্রত্যাশিত অনুকূল পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই। এটা কিন্তু প্রত্যেকটা ইলেকশনেই হয়ে থাকে। আপনারা সম্পূর্ণ ধারণাপত্রটি পড়েন। এরপর আপনি চিন্তা করেন ওখানে কোনো অসত্য কথা লেখা আছে কিনা। 

তিনি বলেন, ধারণাপত্রে বলা হয়েছে যে ধরনের অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল সেই ধরনের পরিবেশ এখনো হয়ে ওঠেনি। সব সময় কি একই ধরনের পরিবেশ থাকে? অতীতের যে ভোটগুলো হয়েছে। আপনি দেখেছেন ১০০% অনুকূলে ছিল?

নিজেদের মধ্যে সমন্বয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই সমন্বয় আছে। একই সময় ভোটের পরিবেশ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভোটের পরিবেশ আছে, থাকবে না কেন। অবশ্যই আছে। ভোটের পরিবেশ থাকবে না কেন আমি বুঝতে পারছি না।