রিসেট

কোথাও নেই বাংলাদেশের পতাকা-জার্সি, দুই কিলোমিটার হেঁটে স্টেডিয়ামে প্রবেশ

প্রকাশিত: ১৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার, পুনে (ভারত) থেকে

বাংলাদেশ-ভারতের ম্যাচ হবে পুনের গুঞ্জাগাহ গ্রামে অবস্থিত মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। মুম্বাই-পুনে হাইওয়ে থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে এই স্টেডিয়াম। যেখানে নিরাপত্তার কারণে দুই কিলোমিটার আগেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে । তাই এতটা পথ হেঁটেই প্রবেশ করতে হচ্ছে মাঠে। বলার অপেক্ষা রাখেনা খেলা দেখতে কতটা কষ্ট সইতে হচ্ছে দর্শকদের। অন্যদিকে  মেঠোপথের দুই ধারে পতাকা আর জার্সি বিক্রির জন্য লাইন ধরে বসে আছে অসংখ্য মানুষ। তবে সেখানে কোথাও দেখা যায়নি বাংলাদেশের পতাকা ও জার্সি। 

ভারতে ওয়ানডে বিশ্বকাপে নানা জটিলতায় এবার বাংলাদেশের দর্শকরা খুব একটা আসতেই পারেনি। যারা এসেছেন তাদের ম্যাচ দেখতেও পোহাতে হচ্ছে নিদারুণ কষ্ট। আজ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। আসরে প্রথম ম্যাচে টাইগাররা জয় দিয়ে শুরু করলেও এরপর হেরেছে টানা দুই ম্যাচ। আজ ভারতের বিপক্ষে জয়  পেলে বিশ্বকাপের রেসে টিকে থাকার সম্ভাবনা বাড়বে বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে টাইগাররা গ্যালারিতে খুব একটা দর্শক সমর্থন পাবে না এমনটাই অনুমেয়। অন্যদিকে নিজেদের মাঠে ভারতের সমর্থকে ঠাসা থাকবে এই  স্টেডিয়াম। তবে বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা সবশেষ এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয়। তবে মাঠে নামার আগে অপেক্ষা করা হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানের জন্য। ইনজুরি আক্রান্ত টাইগার অধিনায়ক খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।