রিসেট

বিশ্রামে ‘ভারত সাগর’ পাড়ি দেয়ার চেষ্টা সাকিবদের

প্রকাশিত: ১৬ অক্টোবর (সোমবার), ২০২৩ Archive 2022Source: ইশতিয়াক পারভেজ, পুনে (ভারত) থেকে

বিশ্রাম! এই মন্ত্রেই ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। যে কারণে পুনেতে এসে তিন দিন কোনো অনুশীলন করবে না সাকিব আল হাসানরা। গতকাল দলের সদস্যরা বেশির ভাগ সময় কাটিয়েছেন পুনের কনরার্ড হোটেলে শুয়ে-বসে আর বাইরে ঘুরতে গিয়ে। দুপুরের দিকে দেখা যায় নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে খাওয়ার জন্য বাইরে যেতে। এই সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের ভারতীয় অ্যানালিস্ট শ্রীনিবাসন। আরও দুই দিন তারা এইভাবেই বিশ্রামে সময় কাটাবেন। ভারতের ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে যায় টাইগাররা। বলার অপেক্ষা রাখে না দুই হারে মানসিক ও শারীরিকভাবে বেশ বিপর্যস্ত দল। যে কারণে টিম ম্যানেজমেন্ট থেকে এমন অবকাশ যাপনের সিদ্ধান্ত। এক কথায় ভারত সাগর (ভারতের মতো শক্তিশালী দল) পাড়ি দিতে মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা হওয়ার চেষ্টা করছেন সাকিবরা। তবে প্রশ্ন উঠেছে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিশ্রাম কতোটা প্রয়োজন ছিল দলের জন্য! তা না করে মাঠে গিয়ে অন্তত উইকেটটাও দেখে নিতে পারতো দল!  অন্যদিকে গতকালই পুনেতে পা রেখেছে ভারত ক্রিকেট দল। সবশেষ তারা পাকিস্তানকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে এসেছে আহমেদাবাদ স্টেডিয়ামে। শুধু তাই নয় নিজেদের প্রথম দুই ম্যাচে হারিয়েছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়াকে। 

এক কথায় তিন জয়ে নিজেদের মাটিতে তারা শিরোপার রেসে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। এমন একটি দলের বিপক্ষে বাংলাদেশর সামনে অনুপ্রেরণা বলতে শুধু সবশেষ এশিয়া কাপে জয়!  ক্রিকেটে বাংলাদেশ-ভারত লড়াই মানেই এখন অন্যরকম উত্তেজনা। আর সেই লড়াইটা যদি হয় বিশ্বকাপের মতো ইভেন্টে, তবে তো কথাই নেই! গত তিন ওয়ানডে বিশ্বকাপে প্রতিবারই কোনো না কোনো ভাবে ভারতের সামনে পড়েছে বাংলাদেশ। ২০১৯ এরপর এবারো এর ব্যতিক্রম হচ্ছে না।  প্রথমবার বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয় ২০০৭-এ। প্রথম দেখাতেই শক্তিশালী ভারতকে হারিয়ে দেয় টাইগাররা। যে হারের কারণে ওই আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় হয়ে গিয়েছিল দুইবারের চ্যাম্পিয়নরা। এরপর ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপেও ভারতের সঙ্গে দেখা হয়েছে দুইবার। এরমধ্যে শেষ তিনবারই অবশ্য ভারত জিতেছে। তবে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে দুই দলের লড়াইয়ের বিতর্ক এখনো ঘুরে ফিরে আসে আলোচনায়।  সবমিলিয়ে এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে দুই দলের ৪০ বারের মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে ভারত। তাদের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের পক্ষে জয় এসেছে মাত্র ৭ বার। একটি ম্যাচ হয়েছে বাতিল। দুই দলের মুখোমুখি দ্বৈরথে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের দখলে। সর্বশেষ বাংলাদেশের মাটিতে ওয়ানডে দেখায় ইশান কিষানের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল টিম ইন্ডিয়া। 

আর বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩০৭। এক কথায় শক্তিমত্তায় ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে অনেক বেশি। এরপরও বড় আসরে দুই দলের মুখোমুখি লড়াই এখন দারুণ উত্তেজনার নাম। যা এখন ছাড়িয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনাকেও।  তবে এবারের বাংলাদেশ দল নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। বিশেষ করে দলের ব্যাটিং শক্তি এখন প্রশ্নের মুখে। হঠাৎ করে দেশের সেরা ওপেনার তামিম ইকবাল বিশ্বকাপ দল থেকে বাদ। তার বাদ পড়া নিয়ে চলছে এখনো কঠিন সমালোচনা। কারণ তার পরিবর্তে দলে সুযোগ পাওয়া তরুণ তানজিদ হাসান তামিম তিন ম্যাচেই ব্যর্থ। আরেক ওপেনার লিটন দাসও ধারাবাহিক নয়। তাই ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে দুর্বলতার প্রভাব ভীষণভাবে পড়বে বলেই মনে করেন ক্রিকেট বোদ্ধারা।  ভারতের ১০ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। যার মধ্যে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য মহারাষ্ট্রের এই স্টেডিয়ামটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই স্টেডিয়ামেই ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে খেলবে বাংলাদেশ।

 ২০১২তে উদ্বোধন হওয়া মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামটি সুব্রত রায় সাহারা স্টেডিয়াম নামেও পরিচিত। ২০১০ সালে এই স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার কথা ছিল, এমনকি ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপেও এই স্টেডিয়াম ভেন্যু হিসেবে ব্যবহার হওয়ার কথা ছিল। তবে ২০১২ সালের আগে স্টেডিয়ামে খেলা আয়োজন করার উপযোগী হয়নি। এর আগে পুনের নেহরু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজিত হতো। তবে মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশনের (এমসিএ) সঙ্গে পুনে মিউনিসিপাল করপোরেশনের টিকিট নিয়ে ঝামেলা হওয়ার পরে নতুন স্টেডিয়াম তৈরি করতে বাধ্য হয় এমসিএ। সুব্রত রায় সাহারা স্টেডিয়াম হিসেবে এই স্টেডিয়ামের নামকরণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সাহারা গ্রুপ নামকরণের স্বত্ব কিনে নেয়ার সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়। আর এ কারণেই শেষ পর্যন্ত এই স্টেডিয়ামের নামকরণ করা হয় মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম। ছোট বাউন্ডারির এই স্টেডিয়ামটি ব্যাটসম্যানদের জন্য স্বর্গ বলেই পরিচিত।