রিসেট

হাথুরু-শ্রীরাম-সুজনের কাজটা কী!

প্রকাশিত: ১৫ অক্টোবর (রবিবার), ২০২৩ Archive 2022Source: ইশতিয়াক পারভেজ, পুনে (ভারত) থেকে

দলের সঙ্গে প্রধান কোচ হাথুরুসিংহে থাকবেন- এটাই স্বাভাবিক। শেষ মুহূর্তে যুক্ত হয়েছে ভারতীয় শ্রীধরন শ্রীরাম টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। আর খালেদ মাহমুদ সুজন আছেন দলের ডিরেক্টর হিসেবে। হ্যাঁ, এই পদবিগুলো সবারই জানা। কিন্তু তারা তিনজন মিলে কি কাজ করছেন দলের জন্য! ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। অন্যদিকে সুজন বলেছেন- তিনি এখন আর কোনো কিছুতে নিজের মতামত দেন না। কোচ আর অধিনায়কের ওপর ছেড়েছেন সব। অন্যদিকে ভারতের উইকেট নিয়ে ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করছেন শ্রীরাম- এমনটাই জানা গেছে। কিন্তু ফলাফল তিন ম্যাচে দুই হার এক জয়। ধর্মশালাতে ইংল্যান্ডের বিপক্ষে উইকেট বুঝতে না পারার খেসারত দিতে হয়েছে। যদিও তা স্বীকার করেন না দলের প্রতিনিধিরা। আবার চেন্নাইয়ের উইকেটে টসে হেরে ব্যাট করতে নামলেও ব্যাটসম্যানদের দেখে মনে হয়নি তাদের উইকেট নিয়ে তেমন কোনো ধারণা ছিল না। তিন ম্যাচে দলের ব্যাটিং অর্ডারেও দেখা গেছে আস্থিরতা। মেহেদী হাসান মিরাজ আসলে কোথায় খেলবেন তা নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। তাই প্রশ্ন উঠেছে দলের সঙ্গে থাকা এই তিন গুরুত্বপূর্ণ ব্যক্তির আসলে কাজটা কি!  এ নিয়ে জাতীয় দলের এক সাবেক অধিনায়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এইভাবে প্রতিনিয়ত ক্রিকেটারদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করলে তারা মানসিকভাবে অস্থির হয়ে যাবে। হাথুরু-শ্রীরাম ও সুজনের কাজটি কি দলকে পথ দেখানো না অস্থিরতা তৈরি- তা এখন বোঝা যাচ্ছে না।’ 

প্রধান কোচ হাথুরুসিংহে বিশ্বকাপে এসেও তার একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে জয়ী একাদশে আনেন পরিবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে আনা হয় শেখ মেহেদীকে। কিন্তু সবচেয়ে বড় কথা সেদিন ধর্মশালার উইকেট নিয়ে তাদের যে গবেষণা তা কোনো কাজেই আসেনি। ম্যাচের আগের দিন প্রধান কোচ হাথুরুর সঙ্গে পরামর্শ করে শ্রীরাম কয়েক দফায় উইকেট পরিদর্শন করলেও টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডকে। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে।  ওপেনার ডেভিড মালান ১৪০ রান করে আউট হন। একটা সময় মনে হচ্ছিল ইংলিশরা ৪শ’ রানের রেকর্ড গড়বেন। কিন্তু শেষ পর্যন্ত এক উইকেট হাতে রেখে তারা থামে ৩৬৪ রানে। জবাব দিতে নেমে চরম ব্যাটিং ব্যর্থতায় ১৩৭ রানের বড় ব্যবধানে হারে সাকিবরা। ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের তিন ম্যাচের স্কোর কার্ডের দিকে তাকালে পরিষ্কার বোঝা যাবে টিম ম্যানেজমেন্টের পরীক্ষা-নিরীক্ষার স্বেচ্ছাচারিতা। 

আফগানদের বিপক্ষে ৩ নম্বরে খেলে মিরাজ ফিফটি হাঁকান। ইংল্যান্ডের বিপক্ষে তাকে খেলানো হয় পাঁচে, আউট হন ৮ রান করে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নামে আবারো তিনে। সেখানে ৩০ রান করে আউট হন তিনি। বিশ্বকাপের আগে থেকে যে নাজমুল হোসেন শান্ত তিনে নেমে সফল, তাকে নিয়েও চলছে অস্থিরতা। আফগানদের বিপক্ষে তাকে পাঁচ নম্বরে নামানো হয়। সেখানে তিনি ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। ঠিক পরের ম্যাচেই তাকে খেলানো ফের তিনে, ফিরে যান ০ রানেই। এরপরের ম্যাচে তাকে নামানো হয় চারে। এদিনও ব্যর্থ হন ৭ রান করে। শুধু তাই নয়, মাহমুদউল্লাহ রিয়াদকে প্রথম ম্যাচ খেলানোর পরেরটাই বাদ দেয়া হয়। আবার তাকে ফেরানো হয় নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ নম্বরে নেমেও খেলেছেন ৪১ রানের অপরাজিত ইনিংস। মূলত: তার ব্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৫ রান স্কোর বোর্ডে তুলতে সক্ষম হয় দল। যদিও হারতে হয়েছে ৮ উইকেটে।  হাথুরু-শ্রীরাম ও সুজন এর মতো ক্রিকেট বোদ্ধাদের দলের সঙ্গে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খরচ হচ্ছে কোটি টাকা। কিন্তু এখন পর্যন্ত তাদের কাজের প্রভাব পড়তে দেখা যায়নি টিম বাংলাদেশে। বরঞ্চ একাদশে বার বার পরিবর্তন, ক্রিকেটারদের ব্যাটিং অর্ডার নিয়ে ছিনিমিনি খেলাই যেন তাদের পছন্দ। দলের কোনো ক্রিকেটারই জানেন না আসলে তাদের ব্যাটিং অর্ডার কি হবে। ব্যাট করতে নেমে তাদের সঠিক ভূমিকাটি কি! আর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও জানেন না হাথুরু-শ্রীরাম-সুজন দলের সঙ্গে থেকে কি করছেন!