রিসেট

সাকিবের অধিনায়কত্ব দুর্দান্ত লেগেছে

প্রকাশিত: ৯ অক্টোবর (সোমবার), ২০২৩ Archive 2022Source:

ম্যাচের আগে বলেছিলাম একাদশে হয়তো মাহমুদউল্লাহ রিয়াদের থাকার সুযোগ কম। তাকে একাদশে দেখে একটু অবাকই হয়েছি। আমরা অনেক ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিলাম। ৫টা বোলারের কেউ যদি চোট পেতো, তাহলে হয়তো আমাদের সমস্যা হতে পারতো। তবে দল আত্মবিশ্বাস নিয়ে যে ৫ বোলারকে খেলিয়েছে তারা প্রত্যেকে অসাধারণ খেলেছে। বিশেষ করে সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজের কথা বলতেই হয়। আমি আগে বলেছিলাম ধর্মশালার উইকেট পেস সহায়ক হবে। কিন্তু চিত্রটা অন্যরকম দেখলাম। উইকেটে টার্ন ও বাউন্স ছিল। তবে টার্নটা বেশি ছিল। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আরেকটা স্পিনার নিলে ভালো হতো।  সাকিবের অধিনায়কত্ব অসাধারণ ছিল। ফিল্ড প্লেসিং বলেন বা নিজেকে ব্যবহার করা। মিরাজ প্রথম ওভারে রান দেওয়ার পর ডেকে নিয়ে যে বার্তা দিলো খুবই অ্যাক্টিভ লেগেছে। একটু টেনশনে ছিল ম্যাচটি হেরে গেলে কী হবে, শারীরিক ভাষা থেকে শুরু করে যাবতীয় সব দিকে সাকিবের অধিনায়কত্ব দুর্দান্ত লেগেছে আমার কাছে। নিজে হয়তো ব্যাটিংয়ে রান করতে পারেননি তবে আরেকটু হয়তো ভালো হতো যদি আমরা ৮ বা ৯ উইকেটে জিততে পারতাম। তখন আত্মবিশ্বাস আরও বেড়ে যেতো। 

 তবে আমাদের দুই ওপেনার কিন্তু মেইন ম্যাচে রান করতে পারেনি। সমস্যা হচ্ছে আপনি যতই অনুশীলন ম্যাচে রান করেন কিন্তু যতক্ষণ মেইন ম্যাচে রান না করছেন সেটা কাজে লাগবে না। তানজিদ হাসান তামিমের ভাগ্য খারাপ, রানআউট হয়ে গেছে। আমার কাছে মনে হয় তামিম যদি ডাইভ মারতো ও হয়তো আশা করেনি সরাসরি থ্রো স্টাম্পে লাগবে। ওর কাছে সুযোগটা ছিল আর এগুলো কাজে লাগাতে হবে। ফিফটি-ফিফটি চান্স অন্যদের দেওয়া যাবে না। ডাইভ দিলে অনেক আগেই ভিতরে ঢুকে যেতে পারতো সে। আমার কাছে তাকে একটু লেজি লেগেছে। পরবর্তী সময়ে এরকম পরিস্থিতি আসলে আমি নিশ্চিত সে ডাইভ দিবে। দুইজন ওপেনার যদি কিছু রানও করতে পারে তাহলে মিরাজ যেভাবে খেলছে টিম ম্যানেজমেন্ট যদিও তাকে দারুণভাবে ব্যবহার করেছে। ৭-৮ নম্বরে নামার চেয়ে এখন ও জানে কিভাবে রান করতে হয়, সে কারণে ওয়ানডেতে সঠিক পজিশনেই খেলছে এখন। ওপেন বা তিন নম্বর যেখানেই খেলুক রান করবে বলে মনে হয় আমার।

  অনেকদিন ধরে রানে না থাকলে নিজের ভিতর অস্বস্তি চলে আসে, আত্মবিশ্বাসও নিচে নেমে যায়। তখন বড় মঞ্চে রান করলে আত্মবিশ্বাস ফিরে আসে। লিটন দাস আফগানিস্তানের বিপক্ষে রান পেলে আত্মবিশ্বাস ফিরে পেতো। যেহেতু পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে সেক্ষেত্রে গত ম্যাচে তার রান পাওয়াটা জরুরী ছিল। কারণ এখন লিটনের মধ্যে ভয় কাজ করবে যদি পরের ম্যাচে রান না করতে পারে তাহলে কী হবে! আমার কাছে মনে হয় একটি ম্যাচে রান করতে পারলেই চিত্র বদলে যাবে। লিটনের যে প্রতিভা, টেকনিক সবদিক দিয়েই তো সে সেরা কিন্তু এখন তার রান করা দরকার যেকোনো ভাবেই।  মিরাজকে যেখানেই দেওয়া হচ্ছে সেখানেই সে ফিট হয়ে যাচ্ছে। ব্যাটিং হোক বা বোলিংয়ে। সাকিবও কিন্তু ওই বয়সে এরকমই ছিল। কিন্তু সাকিব তো দীর্ঘ ১৭-১৮ বছর ধরে জাতীয় দলে খেলছে। সাকিবের বিকল্প চিন্তা করলে মিরাজ ডে বাই ডে সেদিকেই এগোচ্ছে। সাকিবকে হয়তো রিপ্লেস করতে পারবে কিন্তু সাকিব হতে পারবে কিনা সেটা সময়ই বলবে। 

তবে সুযোগ পেলে কাজে লাগাচ্ছে। নিজের জন্য করলেও সেটা দলের কাজেই লাগছে।  এই মাঠে ফিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, কারণ এখানে ইনজুরড হওয়ার সুযোগ অনেক বেশি। আমার কাছে এটিকে খুব বাজে মাঠ মনে হয়েছে। তবে আমরা যথেষ্ট ভালো ফিল্ডিং করেছি, ক্যাচগুলো দারুণ নিয়েছে ক্রিকেটাররা। একটা জাস্ট মিস ফিল্ডিং হয়েছে আর সেটা হতেই পারে। সবমিলিয়ে যে কটা দল খেলেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম সেরা ফিল্ডিং দল।  গত কয়েক সিরিজ ধরে পেসাররা এত ভালো বোলিং করেছে যে তাদের প্রতি প্রত্যাশাও এখন বেড়ে গেছে কয়েক গুণ। তবে একটা ম্যাচ এরকম হতেই পারে, যে শুরুতে কেউ ব্রেক থ্রু দিতে পারলো না। প্রত্যেকে কিন্তু ভালো জায়গায় বোলিং করেছে। 

আগেও বললাম পেসাররা না পারাতেই স্পিন নিয়ে এসেছে সাকিব। এই জায়গায় সঠিক সময়ে পরিবর্তনই বলে দেয় কতটা অসাধারণ অধিনায়কত্ব করেছে সাকিব। পেসাররা তো প্রতিদিন ভালো করবে না কিন্তু এদিন খুব খারাপও করেনি।  ভারতের বেশিরভাগ উইকেট স্পিনসহায়ক শুধু ধর্মশালা ছাড়া। তবে সেখানেও এদিন স্পিনারদের আধিপত্য দেখলাম। স্কোয়াডে যে ৪ জন স্পিনার আছে তাদের সময়মতো ব্যবধার করবে টিম ম্যানেজমেন্ট। পরের ম্যাচেই ৩ স্পিনার খেলবে বলে মনে হয় আমার। ৮ জন ব্যাটার নিয়ে খেললেও আমাদের কিন্তু এখন দুইজন অলরাউন্ডার আছে। স্পিনাররা ভালো করতে পারলে আমরা তো বিশ্বকাপে ৩টি করে ম্যাচ জিতেছি এবার ৪-৫ টা জিততে পারি।