সামরিক অভ্যুত্থানের পর সৃষ্ট জটিলতার পর এবার নাইজার থেকে রাষ্ট্রদূত এবং সেনাদের প্রত্যাহার করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সামরিক জান্তাকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোর পর তারা ফ্রান্সকে তাদের রাষ্ট্রদূত ও সেনাদের প্রত্যাহার করতে চাপ দেয়। এরপর রোববার এক টিভি সাক্ষাৎকারে ইমানুয়েল ম্যাক্রন বলেন, রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে আমাদের রাষ্ট্রদূত এবং বেশ কিছু কূটনীতিক ফ্রান্সে ফিরে আসবেন। তিনি আরও বলেন, সামরিক সহযোগিতার সময় শেষ হয়ে গেছে। ফলে আগামী কয়েক সপ্তাহ ও মাসে ১৫০০ ফরাসি সেনাকে প্রত্যাহার করা হবে। বছর শেষ হওয়ার আগে তা সম্পন্ন হবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটলেও সেনা শাসকদের পক্ষে সেখানকার জনগণ। ফরাসি সেনাদের ঘাঁটির বাইরে এবং রাজধানী নিয়ামে কয়েক সপ্তাহ ধরে প্রতিবাদ বিক্ষোভ করছে জনতা। তারা ফরাসি সেনাদের ফিরে যাওয়ার দাবি জানাতে থাকে। ফলে সামরিক শাসকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্রান্স বা অন্য কোনো দেশ তেমন কিছু করতে পারছে না। উল্টো সামরিক জান্তা এবং জনগণের চাপের মুখে নিজেদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নাইজারের সামরিক জান্তা। তারা সরকারি টেলিভিশনে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, নাইজারের সার্বভৌমত্বের দিকে নতুন আরও একটি পদক্ষেপকে আমরা উদযাপন করছি রোববার। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।
এর আগে ফ্রান্সের সাবেক ঔপনিবেশ মালি এবং বুরকিনা ফাঁসো থেকে সেনাদের প্রত্যাহার করে ফ্রান্স। এ বিষয়ে সেনেগালের রাজধানী ডাকার থেকে আল জাজিরার সাংবাদিক নিকোলাস হক বলছেন, সামরিক সরকারের জন্য অবশ্যই এটা একটা ছোটখাট বিজয়। মালি, বুরকিনা ফাঁসোর পর এবার তৃতীয় দেশ থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্স। এটা ফরাসি সরকারের জন্য সম্ভবত বিব্রতকর অবস্থা। দেশটিতে ফরাসি রাষ্ট্রদূত অবরুদ্ধ অবস্থায় ছিলেন। নাইজারের নিরাপত্তা রক্ষাকারীরা এর ভিতরে কাউকে প্রবেশ করতে দেয়নি। বের হতেও দেয়নি। এর ভিতরে যে খাবার দেয়া হতো তিনি তাই খেয়েই জীবন ধারণ করছিলেন।
উল্লেখ্য, গত ১৬ই জুলাই দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আঞ্চলিক জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোয়াস)। তারা আরও সতর্ক করেছে, যদি বেসামরিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বাজোমকে ক্ষমতা ফিরিয়ে দেয়া না হয়, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে তারা সামরিক হস্তক্ষেপ করবে। কিন্তু আঞ্চলিক এই জোটের কিছু সদস্য নাইজারের নতুন সামরিক জান্তার প্রতি সমর্থন প্রকাশ করার ফলে তাদের উদ্যোগ দৃশ্যত ব্যর্থ হয়েছে।
