যে দলটিকে খানিকটা দুধভাত বলে কলকাতার ক্রিকেট ফ্যানরা একটু অবজ্ঞা করেছিল, এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ৬ রানে জয়ের পর সেই বাংলাদেশ দল সম্পর্কে কলকাতার আগ্রহ বেড়েছে। শনিবার সন্ধ্যায় ইডেন উদ্যানে গিয়ে এই বিষয়টি মালুম হল। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু হওয়ার ২৮ মিনিটের মধ্যে শেষ হয়ে গেলেও অফলাইন যে কটি টিকিট ছিল তাও বিক্রি হয়ে গেছে। সি এ বির সভাপতি, সৌরভ গঙ্গোপাধ্যায় এর দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় জানালেন শনিবার সকাল থেকেই এই ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিটের অনুরোধ তিনি পেতে আরম্ভ করেছেন।
৩১ অক্টোবর মঙ্গলবারের আগে বাংলাদেশের আর একটি ম্যাচ আছে ইডেনে ২৮ অক্টোবর শনিবার নেদারল্যান্ডস এর বিরুদ্ধে। অনলাইনে যে কটি ম্যাচের টিকিট হাউসফুল হয়নি তার মধ্যে এই ম্যাচটি উল্লেখযোগ্য ছিল। কিন্তু শনিবার সকাল থেকেই এই ম্যাচেরও অনলাইন টিকিট ভালোই বিক্রি হচ্ছে বলে এক সি এ বি কর্তা জানালেন। অনলাইনে বাংলাদেশ- নেদারল্যান্ডস এর টিকিট এখনও মিলছে। কদিন বাদে আর মিলবে কিনা হলফ করে বলতে পারছেন না সি এ বি কর্তা। এমনিতেই সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাসরা কলকাতায় জনপ্রিয়। সেই তালিকায় শুক্রবার শ্রীলংকায় ভারতকে হারানোর পর নাম উঠেছে তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদি হাসান এর। কলকাতা যে প্রতিবেশী রাষ্ট্রর জন্যে দুটি ম্যাচেই গলা ফাটাবে তাতে নিশ্চিত স্নেহাশীষ। ভারতকে এশিয়া কাপে বাংলাদেশ হারানোর পরও।
