গতকাল ৫০ শতাংশ ইনটেনসিটিতে রানিং করেছেন নাজমুল হোসেন শান্ত। তার এই রানিংয়ের পর বেশ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। আশা করা হচ্ছে জাতীয় দলের বর্তমানে সেরা ব্যাটসম্যান বিশ্বকাপ দলে ফিরবেন ফিট হয়েই। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেন শান্ত।
সেই ম্যাচে দারুণ জয় তুলে সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ। কিন্তু এরপরই আসে দুঃসংবাদ, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েন দুই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করা এই টপঅর্ডার ব্যাটসম্যান। শঙ্কা তৈরি হয় দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে পাওয়া যাবে না তাকে। এমনকি বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা নিয়ে জাগে শঙ্কা। যদিও শান্তকে নিয়ে আশার আলোই দেখালেন বিসিবি’র প্রধান চিকিৎসক। গতকাল দৈনিক মানবজমিনকে দেবাশিষ চৌধুরী বলেন, ‘শান্ত বেশ উন্নতি করছে। আজ (গতকাল) সে ৫০ শতাংশ ইনটেনসিটিতে রানিং করেছে। এমন ভাবে উন্নতি করতে থাকলে আমরা মনে করি দ্রুতই তিনি ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পারবেন। ৭ দিনের মতো হলো তার ইনজুরি, সেই তুলনায় ইমপ্রুভমেন্ট ভালো।’
ইনজুরির পরপরই বলা হচ্ছিল দ্রুত ফিট হলে নিউজিল্যান্ড সিরিজেই তাকে মাঠে দেখা যাবে। তবে যতটা জানা গেছে বিশ্বকাপে শান্তকে পুরোপুরি ফিট পাওয়ার আশায় তাকে নিয়ে কোনও ঝুঁকি নেয়া হবে না। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা আসলে কোনও ক্রিকেটারকে নিয়ে দিনের হিসেব করি না। কবে ফিরবে বা কোন সিরিজে ফিরবে সেটি আসলে হিসেবে করে চিকিৎসা হয় না। আমাদের কাজ তার হ্যামস্ট্রিং ইনজুরিটাকে ম্যানেজ করে মাঠে ফিরতে সাহায্য করা। তবে এটা বলতে পারি ও (শান্ত) ভালো আছে। যেহেতু দৌড়াতে পারছে সেটিকে আমরা পজেটিভ হিসেবে দেখছি।
এখন ট্রেনার ও ফিজিও শান্তকে নিয়ে কাজ করছে। এই ধরনের ইনজুরিতে রিহ্যাব প্রক্রিয়ায় যা যা করার সেগুলোই করা হচ্ছে। তাকে আমরা কিছু নিদের্শনা দিয়েছি সেগুলো সে মেনে চলছে। আমাদের অবশ্য একটা লক্ষ্য আছে ওকে বিশ্বকাপের জন্য তৈরি করার। তবে সেটি নিয়ে জোর দিয়েই কিছু করতে হবে এমন নয়।’ অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মেহেদী হাসার মিরাজও। সেই ম্যাচে তিনি আঘাত পেয়ে রিটায়ার্ডহার্ট হয়ে সাজঘরে ফিরে যান। তবে পরের দুটি ম্যাচে মিরাজ খেলেছেন। এই অলাউন্ডারের কোনও ইনজুরি আছে কিনা তা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘মিরাজকে নিয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। যদি এমন কিছু হতো আমাদের জানানো হতো।’
