বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচেতলায় ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায়’ এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই লড়াই জোরদার করতে হবে। বিজয়ী হতে হবে এবং বেগম জিয়াকে মুক্তি করে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
সরকারের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, শুধু মানবিক কারণে নয়, আপনাদের নিজেদের অস্তিত্বের কারণে বেগম জিয়াকে সুচিকিংসার ব্যবস্থা করে দিন। তা না হলে আপনাদের ক্ষতি হবে।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া সরকারের প্রতিহিংসার শিকার হয়ে অন্যায়ভাবে গৃহবন্দি অবস্থায় কারাগারে অবরুদ্ধ আছেন। যখন তিনি টেলিভিশনে দেখেন কিংবা পত্রিকায় পড়েন বিএনপি নেতাকর্মীদের গুম করা হচ্ছে, খুন হচ্ছে এবং অত্যাচার ও নির্যাতন করা হচ্ছে- তখন তার কষ্ট হয়। তার অসুস্থতা বেড়ে যায়। কারণ তিনি এদেশের জনগণের নেত্রী। আর তাকে ইচ্ছা করে, ষড়যন্ত্রমূলকভাবে এবং চক্রান্ত করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বেগম জিয়া কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। ডাক্তাররা বলছেন, তার যে অবস্থা- এই অবস্থায় আরো যদি অবনতি হয় তাহলে তার চিকিৎসার করার ক্ষমতা এদেশের কোথাও নাই। কোন সুযোগ নাই। তারপরও বেগম জিয়ার সুচিকিৎসার কোন ব্যবস্থা করা হয় না। বাইরে চিকিৎসার জন্য যেতে দেয়া হয় না।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
