ভারতের বিপক্ষে হার দিয়ে এবারের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তবে ফাইনাল প্রতিশোধ নিতে চায় লাল-সবুজের দল। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারতের শিরোপার লড়াই আজ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনাল খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশ দল ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও এই দলের কোচ সাইফুর রহমান মনি। ফাইনাল সামনে রেখে তিনি বলেন ‘আমরা ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরুর পর সবার মধ্যেই একটা তাড়না ছিল ফাইনাল খেলবে। তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে ট্রফি দেশে নিয়ে ফেরা।’ গ্রুপপর্বের ম্যাচে ভারত ১-০ গোলে বাংলাদেশকে হারিয়েছিল। ফাইনালে ভুলের পুনরাবৃত্তি না করার আশাবাদ বাংলাদেশ কোচের। মনি বলেন ‘আমরা ওই ম্যাচে কিছু ভুল করেছিলাম।
সে ভুলগুলো না করার চেষ্টা করবো।’ বাংলাদেশ দলের অধিনায়ক মোর্শেদ আশাবাদী। ফাইনালের আগে মোর্শেদ বলেন ‘আমরা ভারতের বিপক্ষে হেরেছিলাম। এবার ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে চাই। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’ সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে একদিন পরপর ম্যাচ। এই প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘এক দিন পরপর ম্যাচ খেলা কঠিন। রিকভারির সুযোগ কম থাকে। সৌভাগ্যবশত আমাদের ইনজুরির সমস্যা নেই বললেই চলে। জ্বরের জন্য সহ-অধিনায়ক আশিক খেলতে পারেনি গত ম্যাচ। আজ (গতকাল) অনুশীলনের পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ ২০১৫ সালে সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু হয়। বাংলাদেশ শুরুর আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল। সিলেটে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টটি অবশ্য ছিল অনূর্ধ্ব-১৫ বয়সীদের। ২০১৮ সালেও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তবে সর্বশেষ আসরে শিরোপার স্বাদ নেয় ভারত।
