রিসেট

৯ বছর পর যে অভিজ্ঞতা হলো মেসির

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার ম্যাচ মানেই গোটা ম্যাচ দাপিয়ে বেড়াবেন লিওনেল মেসি। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিশ্বকাপজয়ী অধিনায়ককে বদলি হিসেবে উঠিয়ে নেয়ার ঘটনা গত এক দশকে বিরল। ইকুয়েডরের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেই অভিজ্ঞতাই হলো আর্জেন্টাইন সুপারস্টারের। পুরো ম্যাচ শেষ না করেই উঠে যান মাঠ থেকে। 

ঘরের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে ৭৮তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। তার ১১ মিনিট পর আর্জেন্টিনা অধিনায়ককে উঠিয়ে নেন কোচ লিওনেল স্কালোনি। বদলি হিসেবে নামেন এজেকুয়েল পালাসিওস। আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, জাতীয় দলের হয়ে অফিসিয়াল ম্যাচে মেসিকে সবশেষ বদলি করা হয়েছিল ৯ বছর আগে। ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে। পোর্তো অ্যালেগ্রেতে নাইজেরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়া সে ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি। নির্ধারিত সময় শেষ হওয়ার ১৭ মিনিট আগে তাকে তুলে রিকার্দো আলভারেজকে মাঠে নামিয়েছিলেন কোচ আলেহান্দ্রো সাবেলা।

আর্জেন্টিনাকে জয় উপহার দেয়া মেসিকে তুলে নেয়ার কারণ কী? চোট নাকি অন্য কিছু? ম্যাচ শেষে মেসি জানালেন, তিনি ক্লান্ত। আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘খুব কঠিন একটি ম্যাচ ছিল, খুবই শারীরিকভাবে লড়তে হয়েছে। আমি কিছুটা ক্লান্ত ছিলাম। যে কারণে আমি উঠে যাই, তবে আমি ভালো আছি।’ গত জুলাইয়ে মেজর লীগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। নতুন দলের হয়ে টানা ১১টি ম্যাচ খেলেন আর্জেন্টাইন সুপারস্টার। ঠাসা সূচির কারণে ইন্টার মায়ামির একটি ম্যাচেও বদলি হয়েছিলেন মেসি।

মেসি বলেন, ‘আমরা জানি সামনে এগিয়ে যেতে হলে প্রতি ম্যাচেই শতভাগ উজাড় করে খেলতে হবে। এর আগে প্রীতি ম্যাচগুলোতেও আমরা তা দেখিয়েছি এবং আজও সেটাই করে বুঝিয়ে দেয়া হলো, এই দলটা যা কিছুই জিতুক না কেন কখনো আত্মতুষ্টিতে ভুগবে না। আমরা একটু ঢিলেমি করলেই বাকি আমাদের পেছনে ফেলে এগিয়ে যাবে।’