রিসেট

বাছাই না খেলেও নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে মারউই-অ্যাকারম্যান

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বে চমক দেখায় নেদারল্যান্ডস ক্রিকেট দল। কোয়ালিফায়ারে রানার্সআপ হয় ডাচরা। জাতীয় দলের বৈশ্বিক আসরে জায়গা করে নেয়ার দুর্দান্ত অভিযানে ছিলেন না রোল্ফ ভ্যান ডার মারউই এবং কলিন অ্যাকারম্যান। বাছাই না খেললেও নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন দু’জন।

বিশ্বকাপ বাছাইয়ের সময়ই আয়োজিত হয় কাউন্টি ক্রিকেট। ইংলিশ ক্লাবগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় কোয়ালিফায়ার খেলতে পারেননি নেদারল্যান্ডসের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এর মধ্যে ছিলেন মারউই এবং অ্যাকারম্যানও। তবে তাদের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে পেছনে ফেলে বৈশ্বিক আসরের মূলে পর্বের টিকিট পায় ডাচরা। বাছাইয়ে না পেলেও এবার অভিজ্ঞ মারউই-অ্যাকারম্যানদের নিয়েই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন।  

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের দুর্দান্ত এক ক্যাচ নিয়েছিলেন ৩৮ বছর বয়সী বোলিং অলরাউন্ডার মারউই। ম্যাচটা জিতে প্রোটিয়াদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল ডাচরা। সেই আসরে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ৩২ বছর বয়সী ব্যাটার আকারম্যান। স্কট এডওয়ার্ডের নেতৃত্বাধীন নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে আছেন ওপেনার ম্যাক্স ও’দাউদ। এছাড়াও দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার বাস ডি লেইডা।

আগামী ৫ই অক্টোবর ভারতে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ডকাপ। বিশ্বকাপের দ্বিতীয় দিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে নেদারল্যান্ডস। বিশ্বকাপের আগে ৩০শে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ও ৩রা অক্টোবর ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে ওরেঞ্জিরা।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল 
স্কট এডওয়ার্ড (অধিনায়ক), ম্যাক্স ও’দাউদ, বাস ডি লেইডা, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিক্রিন, কলিন আকারম্যান, রোল্ফ ভ্যান ডার মারউই, লোগান ভ্যান ভিক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারারসি, সাকিব জুলফিকার, শাহরিজ আহমেদ এবং সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেট।