জ্বর থেকে সেরে উঠায় লিটন দাসকে পাকিস্তান পাঠাচ্ছেন নির্বাচকরা। আজ রাতেই দোহা হয়ে পাকিস্তান যাবেন ডানহাতি ওপেনার। কিন্তু লিটন পাকিস্তান যাচ্ছেন শুনে অবাক হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজুমল হাসান পাপন। উল্টো তিনি সংবাদমাধ্যমের কাছে জানতে চাইলেন, কিভাবে পাকিস্তান যাচ্ছে লিটন? এসিসি’র অনুমোদন পেল কিভাবে?’
বিসিবি সভাপতির ব্যক্তিগত অফিস ধানমন্ডিতে আজ হাজির হয়েছিলেন দেশে থাকা দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। বিশ্বকাপের দল নিয়ে আজ বৈঠক করেছেন তারা। সেই বৈঠকেও লিটনকে নিয়ে কোনো কথা হয়নি বলে দাবি করে পাপন বলেন, ‘আমার সঙ্গে আজ অধিনায়ক, কোচ ওখানে রাজ্জাক আছে, জালাল ভাই আছে; ওদের সঙ্গে কথা হয়েছে। কেউ আমাকে বলেনি। এটা সামথিং নিউ।’ এর আগে জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারেননি লিটন। এরপর দিন দুয়েক তার জন্য অপেক্ষা করে বিসিবি। কিন্তু তারপরও লিটনের আশানুরূপ উন্নতি না হওয়ায় তার বদলি হিসেবে বিজয়কে উড়িয়ে নিয়ে যাওয়া হয় লঙ্কাতে। এখন দল পাকিস্তান অবস্থান করায় সেখানেই আছেন দলের সঙ্গে যোগ দেবেন লিটন।
