রিসেট

কেন প্রায় অর্ধেক 'মুন মিশন' ব্যর্থ হয়?

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর (সোমবার), ২০২৩ Archive 2022Source: মানবজমিন ডিজিটাল

২০১৯ সালে, ভারত চাঁদে একটি মহাকাশযান অবতরণ করার চেষ্টা করেছিল। কিন্তু তার অমসৃণ পৃষ্ঠে অবতরণের আগেই সেই মিশন ব্যর্থ হয়। দীর্ঘ চেষ্টার পর, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বিজয়ী হয়েছে, চন্দ্রযান-৩ ল্যান্ডার সফলভাবে পৃথিবীর পাথুরে প্রতিবেশীর দক্ষিণ মেরুতে পৌঁছে গেছে। কিন্তু একই সময়ে চাঁদের বুকে মুখ থুবড়ে পড়ে রাশিয়ার মহাকাশযান লুনা ২৫। চন্দ্র পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে বিপন্ন হয়ে যায় লুনা-২৫ এর অস্তিত্ব। এই ঘটনাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে, চাঁদে প্রথম সফল অবতরণের প্রায় ৬০ বছর পরেও মহাকাশ মিশন এখনও কঠিন এবং বিপজ্জনক। কেন এই মিশনগুলি ব্যর্থ হয়েছিল? মহাকাশ অভিযানে জয়লাভকারী দেশ ও সংস্থার সাফল্যের রহস্যই বা কি?

চাঁদের অবস্থান
চাঁদই একমাত্র এমন অবস্থানে রয়েছে যেখানে পৃথিবী থেকে যাওয়াটা তুলনামূলকভাবে সহজসাধ্য। এটি আমাদের নিকটতম গ্রহের উপগ্রহ, প্রায় ৪ লক্ষ কিলোমিটার দূরত্বে অবস্থিত। তবুও মাত্র চারটি দেশ সফলভাবে চাঁদের বুকে অবতরণ করতে সক্ষম হয়েছে। ইউএসএসআর প্রথম দেশ ছিলো। তাদের লুনা ৯ মিশনটি প্রায় ৬০ বছর আগে, ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে চন্দ্র অভিযান সম্পন্ন করেছিলো। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক মাস পরে, ১৯৬৬ সালের জুন মাসে, সার্ভেয়ার ১ মিশনের সাথে চাঁদে পৌঁছে যায়। ২০১৩ সালে Chang'e 3 মিশনের সাথে এই ক্লাবে যোগদানকারী পরবর্তী দেশ ছিল চীন এবং এখন ভারতও ঢুকে পড়েছে সেই তালিকায়। জাপান, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, রাশিয়া, ইউরোপীয় স্পেস এজেন্সি, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া এবং ইতালির মিশনগুলিও চাঁদ ছোয়ার কিছুটা স্বাদ পেয়েছে।

দুর্ঘটনা অস্বাভাবিক নয়
২০২৩ সালের ১৯ অগাস্ট  রাশিয়ান স্পেস এজেন্সি রোসকসমস ঘোষণা করেছিল যে চাঁদের চারপাশে তার কক্ষপথ কমানোর জন্য মহাকাশযানে একটি ইম্পলস কমান্ড পাঠানোর পরে লুনা ২৫ মহাকাশযানের সাথে যোগাযোগ বিঘ্নিত হয়েছিল। ২০ আগস্ট মহাকাশযানের সাথে যোগাযোগ করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, যার পরেই রোসকসমস জানায় লুনা ২৫ বিধ্বস্ত হয়েছে। সোভিয়েত রাশিয়া থেকে আধুনিক রাশিয়া পর্যন্ত বিস্তৃত ৬০ বছরেরও বেশি স্পেসফ্লাইটের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও, এই মিশনটি ব্যর্থ হয়েছে। অনেকেই বলছেন এর জন্য রাশিয়ার বর্তমান পরিস্থিতি দায়ী, যেখানে ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে সম্পদের ঘাটতি দেখা দিয়েছে এবং উত্তেজনা  বাড়ছে। লুনা ২৫ এর ব্যর্থতা ২০১৯ সালে দুটি হাই-প্রোফাইল চন্দ্র দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়।

সেই বছরের এপ্রিলে, ইসরায়েলি বেরেশিট ল্যান্ডারটি ব্রেকিং পদ্ধতির সময় তার জাইরোস্কোপ ব্যর্থ হওয়ার পরে ক্র্যাশ-ল্যান্ড করে এবং গ্রাউন্ড কন্ট্রোল ক্রু যোগাযোগের ক্ষতির কারণে সেটি পুনরায় সেট করতে পারেনি। পরে রিপোর্ট করা হয়েছিল যে টার্ডিগ্রেড নামক আণুবীক্ষণিক প্রাণী সম্বলিত একটি ক্যাপসুল, "ক্রিপ্টোবায়োটিক" অবস্থায়, দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারে।

সেই বছরেরই সেপ্টেম্বরে, ভারত চাঁদের পৃষ্ঠে তার নিজস্ব বিক্রম ল্যান্ডার পাঠিয়েছিল - কিন্তু এটি অবতরণ করতে পারেনি। নাসা পরে তার লুনার রিকনেসেন্স অরবিটার দ্বারা তোলা একটি চিত্র প্রকাশ করেছে যাতে বিক্রম ল্যান্ডারের বিধস্ত স্থান দেখানো হয়েছে। এর ধ্বংসাবশেষ চাঁদের বুকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলো।

মহাকাশ এখনও ঝুঁকিপূর্ণ
মহাকাশ অভিযান একটি ঝুঁকিপূর্ণ মিশন। চন্দ্র অভিযানের মাত্র ৫০ শতাংশেরও  কিছু বেশি সফল হয়েছে। এমনকি পৃথিবীর কক্ষপথে ছোট স্যাটেলাইট মিশনগুলির একটিরও নিখুঁত ট্র্যাক রেকর্ড নেই, সাফল্যের হার ৪০ শতাংশ থেকে ৭০ শতাংশের মধ্যে রয়েছে। ক্রুড মিশনের সাথে নন ক্রুড মিশনের তুলনা করা যেতে পারে: ক্রুড মিশনের প্রায় ৯৮ শতাংশ সফল হয় কারণ লোকেরা মানুষের অভিযানে বেশি বিনিয়োগ করে। একটি ক্রুড মিশনে গ্রাউন্ড স্টাফদের আরও দায়িত্বশীল হতে হয়। ক্রুদের নিরাপত্তা তাদের কাছে তখন অগ্রাধিকারের বিষয় হয়ে দাঁড়ায়। কেন এতগুলো আনক্রুড মিশন ব্যর্থ হয় তার কারণ সম্পর্কে বলতে গেলে প্রযুক্তিগত অসুবিধা, অভিজ্ঞতার অভাবসহ একাধিক কারণকে দায়ী করা হয়।

আসল চিত্র
রকেট উৎক্ষেপণ খুব সাধারণ বিষয় নয়। বিশ্বে প্রায় ১.৫বিলিয়ন গাড়ি এবং সম্ভবত ৪০,০০০ বিমান রয়েছে। বিপরীতে, পৃথিবীর  ইতিহাসে ২০,০০০ টিরও কম মহাকাশ উৎক্ষেপণ হয়েছে। এক শতাব্দীরও বেশি অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এখনো গাড়ির  যন্ত্রাংশে ত্রুটি দেখা যায়। এমনকি সমস্যা দেখা দেয় বিমানেও। তাই স্পেসফ্লাইটেরও সবসময় সফল অবতরণ সম্ভব নাও হতে পারে। আমরা এখনও মহাকাশ অনুসন্ধানের প্রাথমিক দিনগুলিতে রয়েছি।

অনেক বড় চ্যালেঞ্জ রয়ে গেছে
মানুষ যদি কখনও একটি পূর্ণাঙ্গ, মহাকাশ-সংলগ্ন সভ্যতা তৈরি করতে চায় তবে আমাদের অবশ্যই বিশাল চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে হবে। বিশাল দূরত্বের মহাকাশ ভ্রমণ সম্ভব করার জন্য, অনেক সমস্যার সমাধান করতে হবে। যেমন বিকিরণ থেকে রক্ষা, নিজস্ব  ইকোসিস্টেম, প্রাকৃতিক সম্পদ থেকে বায়ু, পানি থেকে  শূন্য-মাধ্যাকর্ষণ সবটাই মাথায় রাখতে হবে। তাই ছোট ছোট পা ফেলে এগিয়ে যেতে হবে। বিজ্ঞানীরা  এবং মহাকাশ উত্সাহীরা মহাকাশ মিশনে তাদের মস্তিষ্কের বুদ্ধি, সময় এবং শক্তি কাজে লাগাতে থাকবে। তারা ধীরে ধীরে আরও অভিজ্ঞতাসম্পন্ন হয়ে উঠবে। তাহলেই হয়তো একদিন, আমরা এমন একটি সময় দেখতে পাব যখন আপনার মহাকাশযানে যাত্রা করা আপনার গাড়িতে চড়ার মতোই নিরাপদ হয়ে উঠবে  ।

সূত্র : inverse.com