রিসেট

মিরাজ- বাজির ঘোড়ার বাজিমাত

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর (সোমবার), ২০২৩ Archive 2022Source: ইশতিয়াক পারভেজ

ওয়ানডেতে নিজের ৭৯তম ম্যাচ খেলতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু অন্যরকম এক চ্যালেঞ্জ নিয়ে। দেশসেরা ওপেনার তামিম ইকবালের ইনজুরি নেই এশিয়া কাপে। জ্বরের কারণে শেষ পর্যন্ত খেলতে পারছেন না আরেক ওপেনার লিটন কুমার দাস। তাদের বিকল্প যে দু’জন আছেন তানজিদ তামিম এই তরুণ অভিষেকেই আউট হয়েছে ০ তে। আরেক ওপেনার নাঈম শেখের ওপর আস্থা রাখাই কঠিন। এক কথায় নড়বড়ে ওপেনিং! শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হার এশিয়া কাপে টিকে থাকতে হলেই আফগানদের বিপক্ষে জিততে হবে। এমন ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের  মতো ওপেনিংয়ে নামলেন মিরাজ। আর করলেন বাজিমাত, আহত হয়ে আউট হওয়ার আগে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন। বাজির ঘোড়া হয়ে ওপেন করতে নেমে করলো বাজিমাত। শুরুতেই নাঈমের সঙ্গে ৬০ রানের জুটি। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে গড়ে তোলেন ১৯৪ রানের জুটি। যা দেশের ক্রিকেটে তৃতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড। ১১৯ বলে ১১২ রান করা মিরাজকে অবশ্য আফগানিস্তান আউট করতে পারেননি। আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। তারপর শান্তও নিজের ২৯তম ম্যাচে তুলে নেন দ্বিতীয় সেঞ্চুরি। তাদের দু’জনের জুটিতে ভর করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

 পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে ওয়ানডেতে নিজেদের দলীয় তৃতীয় সর্বোচ্চ ৩৩৪ রান তুলে নেয় ৫ উইকেট হারিয়ে।  গতকাল পাকিস্তানে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। এশিয়া কাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে দলকে। ক্যারিয়ারে দ্বিতীয়বার ওপেনিংয়ে চ্যালেঞ্জ নিয়ে নাঈম শেখের সঙ্গে ৬০ বলে ৬০ রানের জুটি গড়েন মিরাজ। কিন্তু দারুণ শুরুর পরও ৩২ বলে ২৮ রান করে ফেরেন নাঈম। হঠাৎ করেই তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে ফেরেন তাওহিদ হৃদয়। ৬৩ রানে দুই উইকেট পতনের পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে দলের হাল ধরেন মিরাজ। এই জুটিতেই জোড়া শুরুতে জোড়া ফিফটি হাঁকান তারা। এরপর মিরাজ ১১৫ বলে ৬টি চার আর ২টি ছক্কার সাহায্যে ক্রিকেট ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। এর আগে ২০২২ এ ভারতের বিপক্ষে ৮৩ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। ক্যারিয়ারে মিরাজ প্রথম ওপেন করার সুযোগ পেয়েছিলেন ২০১৮ সালে দুবাই এশিয়া কাপের ফাইনালে। লিটন দাসের সঙ্গে সেবার ১২০ রানের জুটিতে ভূমিকা রেখেছিলেন ৩২ রানের ইনিংস খেলে।

 তবে এবার আরেকটি এশিয়া কাপে এমন সুযোগ পেয়েছে অলরাউন্ডার হিসেবে নিজেকে এগিয়ে নিলেন আরো এক ধাপ।  মিরাজ উঠে যাওয়ার পর পরই সেঞ্চুরি পূরণ করেন শান্তও। ১০১ বলে ১০৪ রান করেছেন এই বাঁহাতি। তার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি এটি। তার দুর্দান্ত ইনিংসটি সমাপ্তি হয়েছে দুর্ভাগ্যজনক রানআউটে। রান নিতে গিয়ে মাঝপথে চলে গিয়েছিলেন শান্ত। ফেরার সুযোগ পাননি। পা পিছলে পড়ে যান মাঝ পিচে। ১০৫ বলে শান্তর ১০৪ রানের ইনিংসটি ছিল ৯ চার আর ২ ছক্কায় সাজানো। এ ছাড়া মুশফিকুর রহীম ১৫ বলে ২৫, সাকিব আল হাসান শেষদিকে নেমে ১৮ বলে অপরাজিত ৩২ আর শামীম পাটোয়ারী ৬ বলে ১১ রান করেন। ৫ উইকেট হারালে দলের স্কোর বোর্ডে জমা পড়ে ৩৩৪ রান। যা কিনা টাইগারদের দলীয় সংগ্রহের দিক থেকে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৯ রান ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে এ বছরই সিলেটের মাটিতে।